Home আঞ্চলিক রূপসাঘাট পারাপারের নিয়ম-নীতির কোন বালাই নেই, ঝুঁকিতে যাত্রীরা

রূপসাঘাট পারাপারের নিয়ম-নীতির কোন বালাই নেই, ঝুঁকিতে যাত্রীরা

67

রূপসা প্রতিনিধি
রূপসা ঘাটে কিছুতেই থামানো যাচ্ছে না মাঝিদের দৌরাত্ম। সরকারের পর সরকার পরিবর্তন হলেও জুলুমের পরিবর্তন হয়না। মাঝিরা সেই সরকারি দলের সাথে আঁতাত করে যুগের পর যুগ ধরে এই ঘাটে রাজত্ব কায়েম করে আসছেন। পূর্ব রূপসার ঘাট এলাকার কিশোর গ্যাং এর নেতৃত্ব দিচ্ছে এই ঘাট মাঝিরা। ঘাট পারাপারে এরা নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে তারা অতিরিক্ত হারে পারানি আদায় ও অতিরিক্ত যাত্রী বহন করছে। এর কারণে এখানে অহরহ দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ গত পরশু রাতে নদীতে পড়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম আবু রায়হান (৬) তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লকপুর গ্রামের।
ভুক্তভোগীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রূপসা ঘাট এলাকায় একের পর এক নৌকা থেকে মানুষ নদীতে পড়ে মৃত্যু হলেও এ ব্যাপারে ঘাট মাঝিদের কোন মাথা ব্যাথা নেই। তারা সরকারি নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে তারা যাত্রী প্রতি ৪ টাকা হারে পারানি আদায় করছেন। যার কোন সঠিক কাগজপত্র তাদের নেই। আর এভাবেই প্রতিদিন হাজার হাজার যাত্রী রূপসা নদী পারাপারে বিড়ম্বনার শিকার হচ্ছেন। মাঝে হয়রানি, মারধর ও দুর্ব্যবহারের শিকার হন।
ঘাট মাঝিদের তৈরি আইন অনুযায়ী, তারা ছোট ট্রলারে ২৫ জন, বড় ট্রলারে ৩৫ জন যাত্রী নেওয়ার কথা রয়েছে। তবে তারা সেই নিয়ম নিজেরই তোয়াক্কা না করে ছোট ট্রলারে ৪০ জন ও বড় ট্রলারে ৫০- ৬০ জন লোক নিয়ে প্রতিদিন পারাপার করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরা চার থেকে পাঁচ টাকা করে পারানি আদায় করে। সন্ধ্যার নামার সাথে সাথে তারা হয়ে ওঠেন আরো বেপরোয়া। সন্ধ্যার পরে রাত দশটা পর্যন্ত জনপ্রতি ১০টাকা করে পারানি আদায় করা হয়। রাত দশটার পর এই ট্রলারের মালিকানা চলে যায় স্থানীয় ভবোঘুরে টোকাইদের হাতে। রাত দশটার পর তারা ইচ্ছামাফিক লোক ও টাকা নিয়ে ঘাটের এপার ওপার চলাচল করে। যার একটি অংশ যায় ট্রলার মালিকদের কাছে আর একটি অংশ ভাগ করে নেয় এই টোকাইরা।
অভিযোগ রয়েছে ,এইসব টোকাই গ্রুপ বিভিন্ন নেশায় আক্রান্ত হয়ে ট্রলার চালানোর কারণে তারা চোখে ‘শস্যের ফুল দেখে’; কার সঙ্গে কি ধরণের ব্যবহার করতে হবে তারা সেটা ভুলে যান। এই ঘাট মাঝিরা ইতিপূর্বে আওয়ামী লীগ এর সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমানে তারা যোগ দিয়েছেন বিএনপিতে। তাই তারা কোন কিছুর তোয়াক্কাই করছে না। অথচ প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে এই ঘাটের মৃত্যুর মিছিল।
অপরদিকে ঘাট ইজারাদারা পূর্ব পশ্চিম পাড়ের ঘাটের নিয়ন্ত্রণ না করায় তারা আরো বেশি বেপরোয়া। রাতে কোন ট্রলারে বাতির কোন ব্যবস্থা নেই। এখানেও চলাচলরত যাত্রীরা চরম ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে এ বিষয়টি জেলা প্রশাসক ও ইউএনও মহোদয়ের আশু হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।