Home Lead যুবদল নেতা মাহাবুব হত্যা: ১৪ দিনেও অধরা মুল হত্যাকারী ও পরিকল্পনাকারীরা

যুবদল নেতা মাহাবুব হত্যা: ১৪ দিনেও অধরা মুল হত্যাকারী ও পরিকল্পনাকারীরা

27

স্টাফ রিপোর্টার
নগরীর যুবদল নেতা মো: মাহবুবুর রহমান মোল্লা হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার তিনজনকে রিমাণ্ডে এনে স্বীকারোক্তি আদায়ে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে। গ্রেপ্তারকৃতদের স্বজনরা সাংবাদিক সম্মেলন করায় পুলিশ ক্ষিপ্ত হয়ে ভৎসনা করেছেন স্বজনদের। মামলাটি ভিন্নখাতে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ নিহতের পরিবার ও স্থানীয়দের।
তারা বলেছেন, গত ১৪ দিনেও মুল হত্যাকারী ও পরিকল্পনাকারীরা কেউ গ্রেপ্তার হয়নি। এ জন্য তারা এখন আতংকে দিন কাটাচ্ছেন।
খোঁজ নিয়ে জানাগেছে, ১১ জুলাই হত্যাকাণ্ডের ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, এদের মধ্যে দুজন তথ্যদাতা ও অপর দু’জন হত্যাকাণ্ডে সম্পৃক্ত। তবে পরিবার বলছে, মাহাবুবের প্রকৃত হত্যাকারী ও মুল পরিকল্পনাকারীকে এখনো চিহ্নিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর কোন সংস্থা।
মাহাবুবের পিতা আব্দুল করিম মোল্লা বলেন, তার সন্তান নানা রকম ষড়যন্ত্রের শিকার ছিল। তাকে মাদককাণ্ডে হত্যা করা হয়নি। রাজনৈতিক কারণে মাহবুবের সঙ্গে বেশ কয়কজনের সাথে বিভিন্ন সময় ঝগড়া বিবাদসহ মারামারি ঘটে। ওইসব ঘটনায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে ও প্রতিপক্ষরা তার বিরুদ্ধে প্রায় ৫/৭ টি মামলা করেছিল, যা আদালতে বিচারাধীন ছিল। কিন্তু এখনও প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয়নি।
মাহবুব মোল্লা হত্যায় কাজী রায়হান, আসিফ মোল্লা, মো: সজল ও আলাউদ্দিন নামে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের মধ্যে প্রথম দুজন হত্যাকাণ্ডে ও অপর দুজন তথ্যদাতা বলে পুলিশ জানিয়েছে।
তবে মাহবুব হত্যায় গ্রেপ্তার কাজী রায়হানের স্ত্রী কামরুন নাহার কেয়া, আসিফ মোল্লার স্ত্রী সাদিয়া আফরিন, আসামী ইমন হাওলাদারের মা মনিরা খাতুন খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মাহবুবুর হত্যায় তাদের স্বজনরা জড়িত নয় বলে দাবি করেন। তারা বলেন, সিসিটিভির ফুটেজের সঙ্গে রায়হান ও আসিফের চেহারার মিল নেই। তাদের হয়রানি করা হচ্ছে।
গ্রেপ্তার হওয়ার ব্যক্তিদের স্বজনরা পুলিশের বিরুদ্ধে আসামীদের কাছ থেকে অসত্য স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছে।
কেএমপির ডেপুটি কমিশনার তাজুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আতাহার আলী প্রথমে সিসি ফুটেজের মোটরসাইকেল আরোহী তিনজনের দুইজনকে আটক করা হয়েছে বলে দাবি করলেও মঙ্গলবার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো আতাহার আলী বলেন, সিসি ফুটেজের তিন মোটরসাইকেল আরোহীকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। তাদের আটক করা গেলে যুবদল নেতা মাহাবুবের হত্যার সকল রহস্য উদঘাটন করা যাবে। এ ছাড়া এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। মাহাবুবের হত্যাকারীদের আটকের জন্য স্থানীয়দের কাছে সহযোগিতা কামনা করা হয়েছে।
ওসি জানান, স্বীকারোক্তি আদায়ে কারো প্রতি চাপ দেওয়া হচ্ছে না। তবে পুলিশ তথ্য আদায়ের চেষ্টা করছে। তদন্তের স্বার্থে যা প্রকাশ করা যাচ্ছে না।
সোমবার রায়হানের দুই দিনের রিমাণ্ড শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।