Home জাতীয় ‘বাংলাদেশ নিজ স্বার্থে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দিয়েছে’

‘বাংলাদেশ নিজ স্বার্থে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দিয়েছে’

24


খুলনাঞ্চল রিপোর্ট
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কান্ট্রি অফিস বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, পক্ষেই থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিজ স্বার্থে এ কার্যালয় খুলতে দিয়েছে। বিষয়টি এমন নয়, তাদের প্রস্তাবের পর চুক্তি সই করে দিয়েছি। বাংলাদেশ দীর্ঘ সময় নিয়েছে। বাংলাদেশের স্বার্থ যাতে ক্ষুণ্ন না হয়, তা দেখেই অনুমতি দেওয়া হয়েছে।
চীনের নদীতে বাঁধ নির্মাণ নিয়ে প্রশ্ন করলে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে বয়ে চলা নদীগুলোর উৎস দেশের ভেতর নেই। এসব নদীর ওপরের অঞ্চলে অবকাঠামো নির্মাণ হয়েছে, হতে থাকবে, তা আমরা ঠেকাতে পারব না। আমাদের লক্ষ্য রাখতে হবে, এসব অবকাঠামোর ফলে যাতে আমাদের ক্ষতি না হয়। আর যদি হয়, সেটিও যাতে খুব সীমিত থাকে।
তিনি বলেন, চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন- ব্রহ্মপুত্র নদের ওপর একটি বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করছে না। একটি নতুন পদ্ধতি তারা বের করেছে। কয়েক ধাপে পানির প্রবাহকে ব্যবহার করবে চীন। নিশ্চয়তা দিয়েছেন, পানি প্রত্যাহারের কোনো প্রকল্প এর মধ্যে নেই। ফলে আমাদের বিচলিত হওয়ার কারণ নেই। বাংলাদেশ জানিয়েছে, বিশেষজ্ঞদের মধ্যে পানি প্রবাহের তথ্য আদান-প্রদান হোক, সেটি বিচার-বিবেচনা করা হবে। তার মানে এই না যে এ বাঁধ তারা নির্মাণ করবে না। বাংলাদেশের ক্ষতি যাতে না হয়, আমরা সে চেষ্টা করবো। এখানে ভারতেরও স্বার্থ রয়েছে, তারাও বিষয়টি দেখছে।