স্পোর্টস ডেস্ক।।
ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় আজ সকালের ম্যাচে স্যবাইয়ানা পার্কে ৩ উইকেটে জয়ের এক পর্যায়ে বিপদে পড়ে যায় সফরকারীরা। তবে ক্যামেরন গ্রিন আর অভিষিক্ত মাইকেল ওয়েনের ৪০ বলে ৮০ রানের জুটিতে জয়ের প্রান্তে পৌঁছে যায় অজিরা। পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় ৭ বল হাতে রেখেই জয় তুল নেয় সফরকারী দল। আগে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানে ফেরেন ওপেনার ব্র্যান্ডন কিং (১৮)। পরের উইকেটে রোস্টন চেইসকে নিয়ে ৫৫ বলে ৯১ রানের জুটি গড়েন অধিনায়ক শাই হোপ। ৩২ বলে ব্যক্তিগত ৬০ রানের ইনিংসে চেইস ফিরলে ভাঙে সে জুটি। দলীয় ১৫৯ রানে ক্যারিইবিয়ান অধিনায়ক আউট হন ৩৯ বলে ৫৫ রানের ইনিংস খেলে। এরপর হঠাৎ ধসে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। এক উইকেট আগলে রেখে ব্যাট করে যান শিমরন হেটমায়ার। অপর উইকেটে আসা যাওয়ার মাঝে আর কোনো ব্যাটার ছুঁতে পারেনি দুই অঙ্কের রান। অষ্টম উইকেট হিসেবে শেষ ওভারে ১৯ বলে ৩৮ রানের ব্যক্তিগত ইনিংস খেলে আউট হন হেটমায়ার। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বেন ডরউইশ। রান তাড়ায় শুরুটা তেমন ভালো ছিল না অজিদের। দ্বিতীয় ওভারের শেষ বলে ফিরে যান জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রাক (২)। দলীয় ৪৬ রানে ব্যক্তিগত ২৪ রানের অবদানে সাজঘরে ফেরেন অধিনায়ক মিচেল মার্শও। নবম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলেও (১০) যখন আউট হলেন, তখন দলের খাতায় রান ৪ উইকেটে ৭৮। এরপরই ওয়েন ক্রিজে আসতেই পাল্টাতে থাকে ম্যাচের চিত্র। স্বভাবত টপ অর্ডার ব্যাটার হলেও অভিষেকে তার জায়গা হয় ছয়ে। পরপর দুই বলে আন্দ্রে রাসেলকে ছক্কা হাঁকান এই অভিষিক্ত ব্যাটার, পরে আকিল হোসেনের ওভারে মারেন আরও তিনটি। অপর উইকেটে দারুণভাবে সঙ্গ দেন গ্রিন। ২৫ বলে ফিফটি করেন এই ডানহাতি ব্যাটার। গুডাকেশ মোটির টানা দুই বলে দুই ছক্কার পরের বলেও একই চেষ্টা করতে গেলে জেসন হোল্ডারের হাতে ধরা পড়েন তিনি, ফেরেন ২৬ বলে ৫১ রানের ব্যক্তিগত ইনিংসে। ২৬ বলে পঞ্চাশ করেন ওয়েনও। তিনিও পরের বলে আউট হয়ে যান আরেকটি ছক্কার চেষ্টায়। অস্ট্রেলিয়ার হয়ে এতদিন সীমিত ওভারের সংস্করণে ফিফটি ছিল কেবল রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের। আর অভিষেকে সর্বোচ্চ ছক্কার (৬) রেকর্ডে ডেভিড ওয়ার্নারকে ছুঁয়েছেন এই ২৩ বছর বয়সী ব্যাটার। গ্যালারি থেকে তাকে উৎসাহ দিয়ে গেছেন বাবা-মা ও বান্ধবী। এরপর কুপার কনোলিও ব্যক্তিগত ১৩ রানে ফিরলে বাকি কাজটা করে ফেলেন ডরউইশ ও শন অ্যাবট।
সিরিজের দ্বিতীয় ম্যাচও একই মাঠে গড়াবে বাংলাদেশ সময় আগামী ২৩শে জুলাই সকাল ৬টায়। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন আন্দ্রে রাসেল।











































