Home খেলাধুলা আগামী তিন আসরের ফাইনালও ইংল্যান্ডেই

আগামী তিন আসরের ফাইনালও ইংল্যান্ডেই

9


স্পোর্টস ডেস্ক

এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে। ২০২৫-২৭ চক্রের ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজনের আগ্রহ প্রকাশ করে ভারত। তাদের হতাশ করে আগামী তিন আসরের ফাইনালের আয়োজক স্বত্ব ইংল্যান্ডকেই দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। রোববার একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালে গত মাসে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। মূলত টেস্ট ক্রিকেটকে প্রতিদ্বন্দ্বিতামূলক করে তোলার লক্ষ্যে ২০১৯ থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করে আইসিসি। ২০২১-এর প্রথম চক্রের ফাইনাল অনুষ্ঠিত হয় সাউদাম্পটনের রোজ বোলে। সেখানে ভারতকে হারিয়ে শিরোপা জেতে নিউজিল্যান্ড। ২০২৩-এ দ্বিতীয় আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ফের শিরোপা খোয়ায় ভারত। সেবার ম্যাচটি গড়ায় লন্ডনের ওভালে।

শেষ চক্রের ফাইনাল অনুষ্ঠিত হয় লন্ডনের ঐতিহাসিক মাঠ লর্ডসে। আইসিসি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৭, ২০২৯ ও ২০৩১ চক্রের ফাইনালও আয়োজন করবে ইংল্যান্ডই। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, ‘সাম্প্রতিক ফাইনাল আয়োজনের সফলতা’ দেখেই এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। মূলত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইংল্যান্ডে আয়োজনের ক্ষেত্রে আবহাওয়া অনুকূলে থাকে। তাই সেখানেই আয়োজনের ব্যাপারে আইসিসি বেশ আগ্রহী। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) আসর শেষ হবার পরপর জুনে খুব কম দলেরই আন্তর্জাতিক সূচি থাকে। আর সবচেয়ে বড় বিষয়, নিরপেক্ষ দর্শকের প্রচুর উপস্থিতি, যা লক্ষ্য করা যায় গত জুন মাসের ফাইনালেও।

শেষ তিন ফাইনালের কোনোটিতেই স্বাগতিক ইংল্যান্ড না থাকলেও অংশগ্রহণকারী দেশগুলোর সমর্থক ও ইংল্যান্ডের টেস্ট দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লাল বলের ক্রিকেটে এমনটা খুব কম দেশেই দেখা যায়। আরও তিন আসরের ফাইনাল নিজেদের দেশে হবার প্রসঙ্গে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ‘পরবর্তী তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক স্বত্ব পাওয়ায় আমরা অনেক আনন্দিত। এখানে টেস্ট ক্রিকেটের প্রতি ভক্তদের আবেগ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসার বিষয়টি আইসিসির এই সিদ্ধান্তে স্বীকৃতি পেয়েছে। ফাইনাল আয়োজনের দায়িত্ব পাওয়া বড় প্রাপ্তি এবং পরবর্তী আসরগুলোর মতোই আইসিসির সঙ্গে আমরা সফলভাবে ফাইনাল উপহার দিতে চাই।’
ইতিমধ্যে ২০২৫-২৭ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেছে। গত জুনে শ্রীলঙ্কার গলে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। লর্ডসের সবশেষ আসরের ফাইনালে গ্যালারিতে দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতিতে মুগ্ধ হন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। তবে পরবর্তী আসরগুলো ইংল্যান্ডের কোন কোন মাঠে হবে তা এখনও চূড়ান্ত হয়নি।