Home খেলাধুলা লোনে বার্সায় পা রাখলেন রাশফোর্ড, হতে পারেন স্থায়ী খেলোয়াড়ও

লোনে বার্সায় পা রাখলেন রাশফোর্ড, হতে পারেন স্থায়ী খেলোয়াড়ও

13


স্পোর্টস ডেস্ক


শৈশবের আঙিনা ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাবার গুঞ্জন আরও আগে থেকেই ছিল। এর মধ্যে ছয় মাস ধারে অ্যাস্টন ভিলায় কাটিয়েছেন মার্কাস রাশফোর্ড। রেড ডেভিলদের ডেরায় ফিরে রুবেন আমোরিমের অধীনে খেলার তেমন সুযোগ পাননি। এবার এক বছরের জন্য এই ইংলিশ তারকা ধারেই নাম লিখিয়েছেন বার্সেলোনায়। তবে স্প্যানিশ জায়ান্টরা চাইলে আগামী মৌসুমে রাশফোর্ডকে পাকাপাকিভাবে নিজেদের করে নিতে পারবে।
মার্কিন সংবাদমাধ্যম ইএসপিএনের তথ্যমতে, ইতিমধ্যে বার্সেলোনায় পৌঁছে গেছেন রাশফোর্ড। রোববার কাতালান ক্লাবটির সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করেছেন এই ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। এরপরই তাকে এশিয়া সফরের জন্য ছাড়পত্র দেয়া হয়েছে। জানা গেছে, চলতি সপ্তাহেই মেডিকেল টেস্ট সম্পন্নের পর বার্সার পক্ষে হতে অভ্যর্থনা দেয়া হবে তাকে। আগামী বৃহস্পতিবার হান্সি ফ্লিকের অধীনে এশিয়া সফরে জাপান ও দক্ষিণ কোরিয়া যাবে বার্সেলোনা। প্রাক-মৌসুম প্রস্তুতিতেই স্প্যানিশ চ্যাম্পিয়নদের দলে অভিষেক হতে পারে রাশফোর্ডের। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, উভয়পক্ষের চুক্তিতে পরবর্তী মৌসুমে রাশফোর্ডকে চাইলে ধরে রাখতে পারবে বার্সেলোনা। সেক্ষেত্রে কাতালানদের গুনতে হবে ৩৪.৯ মিলিয়ন ডলার। সূত্রটি আরও জানিয়েছে, রাশফোর্ড নিজেই বার্সায় যাবার আগ্রহ প্রকাশ করেন। সেক্ষেত্রে নিজের আর্থিক চাহিদাও কমিয়েছেন রাশফোর্ড। তবে ক্লাব কতৃপক্ষ এ বিষয়ে কিছু বলেনি। অবশ্য শুরুতে স্প্যানিশ জায়ান্টরা লিভারপুল উইঙ্গার লুইস দিয়াজকে চাইছিল। তবে ট্রান্সফার ফিতে উচ্চ অঙ্ক দাবি করায় বিকল্প খুঁজে নিল বার্সেলোনা। এর আগে বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো রাশফোর্ড আর দিয়াজকে ছাড়াও নিকো উইলিয়ামসের জন্য মাঠে নামার কথা জানান। তবে শেষমেশ অ্যাটলেটিকো বিলবাওয়ের সঙ্গে ১০ বছরের জন্য নতুন চুক্তি করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
২০১৪তে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যোগ দেয়া রাশফোর্ড দু’বছরের মধ্যে জায়গা করে নেন ইংলিশ জায়ান্টদের মূল দলে। এর আগে খেলেন অনূর্ধ্ব-১৮ দলেও। মূল দলে সবমিলিয়ে ৪২৬ ম্যাচে ১৩৮ গোলের পাশাপাশি ৭৭ অ্যাসিস্টও করেন রাশফোর্ড। মাঝে অ্যাস্টন ভিলার হয়ে ১৭ ম্যাচে করেন ৪ গোল আর ৬ অ্যাসিস্ট। ১৯৮৬তে গ্যারি লিনেকারের পর বার্সেলোনার জার্সিতে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে খেলতে যাচ্ছেন রাশফোর্ড।