স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তানের সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে গতকাল ৭ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সফরকারীদের দেয়া ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় টাইগাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে কথা বলেছেন পাকিস্তান কোচ মাইক হেসন। এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একই প্রসঙ্গে বলেছেন গ্রিন ক্যাপদের অধিনায়ক সালমান আলী আঘা।
টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের ৩ বল বাকি থাকতেই গুটিয়ে যায় সফরকারী দল। সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন ওপেনার ফখর জামান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। ৪ ওভারে স্রেফ ৬ রান দিয়ে ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। রান তাড়ায় তৃতীয় ওভারের মধ্যে ২ উইকেট পড়লেও পারভেজ হোসেন ইমনের ব্যাটে চড়ে জয়ের প্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। এ টাইগার ওপেনার অপরাজিত থাকেন ৩৯ বলে ৫৬ রানের ইনিংস খেলে। ৩৭ বলে ৩৬ রানের অবদান রেখে ফেরেন তাওহীদ হৃদয়। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, আমরা পর্যাপ্ত রান তুলতে পারিনি। একের পর এক উইকেট হারিয়েই গেছি। এ ব্যাপারে আমরা বসে কথা বলব এবং পরের ম্যাচে ফিরে আসার চেষ্টা করব। বাংলাদেশে খুব একটা ভালো উইকেট পাওয়া যায় না। আমরা চেষ্টা করেছি, তবে হয়নি। এসব ব্যাপারে আমরা অবশ্যই বসে কথা বলব।’
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ আগামীকাল ও ২৪শে জুলাই।











































