স্টাফ রিপোর্টার।।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধিন বয়রা পূজাখোলা এলাকায় অতিরিক্ত মদ্যপানে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৯ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে এস এম আফরোজ বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), খালিশপুর এলাকার বাসিন্দা আজিবর (৫৯) ও বরিশালের তোতা (৬০)।
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, শনিবার দুপুরে তোতা মিয়ার দোকানে বসে ছয়জন একসঙ্গে মদপান করেন। অতিরিক্ত মদপানে সবাই অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পাঁচজনকে মৃত. ঘোষণা করেন। সনু নামের একজনকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, যে পাঁচজন মারা গেছেন, তারা হাতে বানানো মদ খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হাতে বানানো মদে উপাদান হিসেবে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ‘এলকোলি’ নামে একটি মেডিসিন থাকে। এর সঙ্গে যুক্ত করা হয় চুনের পানি ও ঘুমের ট্যাবলেট। অতিরিক্ত খাওয়ার কারণে সহ্য করতে না পেরে তাদের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ওই পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের অবস্থার অবনতি হওয়ায় মেডিসিন ওয়ার্ডে নেয়ার আগেই তারা একে একে মারা যান। মৃত্যুর পর স্বজনরা মরদেহ হাসপাতালে রেখে ময়নাতদন্ত ছাড়াই দ্রুত বাড়ি নিয়ে যান। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক নিশ্চিত করে বলেন, ‘মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের বিষয়টি পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।’











































