Home খেলাধুলা ‘ভয়ঙ্কর সুন্দর’ রাঙ্গিরির ক্যানভাসে ক্রিকেট

‘ভয়ঙ্কর সুন্দর’ রাঙ্গিরির ক্যানভাসে ক্রিকেট

11

খুলনাঞ্চল ডেস্ক।।
ডাম্বুলার রাঙ্গিরি স্টেডিয়ামে আপনি এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে পারেন। এখানে একই সঙ্গে উপভোগ করা যায় ক্রিকেটের জমজমাট লড়াই আর প্রকৃতির অপরূপ খেলা। মাঠের খেলা যদি আপনার মন না টানে, তবে একপাশে পাহাড়ের নিবিড় সৌন্দর্যে নিজেকে হারিয়ে দিতে পারবেন। তাতেও যদি মন না ভরে, চলে যেতে পারেন বিশাল জলরাশির হ্রদের ধারে, যাকে স্থানীয় অধিবাসীরা আদর করে ডাকে ইবানকাটুয়া বা ডাম্বুলা ট্যাঙ্ক নামে। আর যদি এসবেও আপনার মন ভরা না হয়, তবে স্টেডিয়ামের চারপাশে ছড়িয়ে থাকা গভীর বন-জঙ্গল তো আছেই! তবে সাবধান! প্রকৃতির এই রঙিন দুনিয়াতে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব প্রাণীও। এর মধ্যে বিষধর সাপ যেকোনো মুহূর্তে সামনে চলে আসতে পারে। এমনকি স্টেডিয়ামে বসেও আপনাকে সাপের আতঙ্ক তাড়া করতে পারে। হ্যাঁ, রাঙ্গিরি’র এই ভয়ঙ্কর সুন্দরেই প্রথমবারের মতো চার-ছয়ের লড়াইয়ে নামছে বাংলাদেশ দল। এর আগে টাইগাররা কখনো এই মাঠে ২০ ওভারের ক্রিকেট খেলেনি। ডাম্বুলার রাঙ্গিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মূলত আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ আয়োজনের জন্য পরিচিত এবং বিখ্যাত। এখানে প্রকৃতির রংকে যেন আরও বর্ণিল করে তোলে রাঙ্গিরির রঙিন আবেশ। ২০০১ সালে এই মাঠের যাত্রা ওয়ানডে ম্যাচ দিয়েই শুরু হয়েছিল। টাইগারদের ৫০ ওভারের ক্রিকেটে এখানে তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, তার মধ্যে একটিতে আছে জয়ের সুখস্মৃতিও।

এখানে দিবারাত্রির ম্যাচ মানেই এক ভিন্ন দুনিয়া। সূর্যাস্তের সময় ইবানকাটুয়া লেকের পানিতে ধীরে ধীরে ডোবে সূর্য, আর আকাশে ছড়িয়ে পড়ে এক অন্যরকম আলো। ‘রাঙ্গিরি’ শব্দের অর্থ হলো ‘জ্যোতির্ময়’। লেকের বিপরীত দিকে অবস্থিত রাঙ্গিরি মন্দির, যার জায়গা নিয়েই এই স্টেডিয়ামটি গড়ে উঠেছে। ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আরও একটি কারণে বেশ সুপরিচিত- মাত্র ১৬৭ দিনে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল! ২০০১ সালের মার্চ মাসে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে ওয়ানডে ম্যাচ আয়োজনের জন্যই এই দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। ২০০০ সালের সেপ্টেম্বরে কাজ শুরু হয়ে, ২০০১ সালের মার্চেই এই রাঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়াম প্রস্তুত হয়ে যায় এবং সেই মাসেই এর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। অবশ্য, এর কিছুদিন পরেই আইনি জটিলতায় আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০০৩ সালে আবারো ক্রিকেটকে এই মাঠে ফিরিয়ে আনা হয়। ২০২৪ সালে এখানে উদ্বোধন করা হয়েছে ‘সেন্টার অফ এক্সিলেন্স’। যেখানে রয়েছে ইনডোর অনুশীলন সুবিধা এবং উন্নত মেডিক্যাল ফ্যাসিলিটিজ।

এই স্টেডিয়ামের ইতিহাস ঘাঁটলে আপনি বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকেও খুঁজে পাবেন। এখানেই ২০১৭ সালে তিনি হ্যাটট্রিক করেছিলেন। এই মাঠ পেসারদের জন্য বরাবরই এক স্বর্গভূমি। শুধু তাই নয়, বাংলাদেশি তারকা তামিম ইকবালও এই মাঠে তার সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ডাম্বুলায় একই সফরে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তামিম, উপহার দিয়েছিলেন ১২৭ রানের এক অসাধারণ ইনিংস। আছে বাংলাদেশের একটি দারুণ জয়ও। পেসারদের পাশাপাশি স্পিনাররাও এখানে সুবিধা তুলে নেন। খেলার শেষের দিকে উইকেট ভাঙতে থাকায় স্পিনাররাও দারুণ কার্যকর হন। স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন এই মাঠে সর্বাধিক ৪২ উইকেট শিকার করেছেন, আর আরেক লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে করেছেন সবচেয়ে বেশি রান। এই মাঠেই ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী তার ১০ হাজারতম ওয়ানডে রান করেছিলেন।

এই স্টেডিয়ামটি বোলারদের স্বর্গরাজ্য হিসেবেই পরিচিত। সকালে এটি সিমারদের জন্য অনুকূল থাকে এবং বিকালে স্পিনারদের জন্য সহায়ক হয় যখন পিচ ফেটে যায়। তবে ওয়ানডের জন্য বিখ্যাত এই মাঠে টি-টোয়েন্টি ম্যাচের ইতিহাস খুব একটা ভালো নয়। ২০১৪ সালে এখানে ৮টি টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়। এরপর প্রায় ১০ বছর এখানে আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ হয়নি। তবে গত বছর থেকে এখানে টানা ৮টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হয়েছে, যার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ৫টিতে। বলার অপেক্ষা রাখে না, এই সিরিজে জয়ের ধারায় ফেরার লড়াইয়ে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এক কঠিন চ্যালেঞ্জ।