Home খেলাধুলা সিনারের প্রথম না আলকারাজের হ্যাটট্রিক

সিনারের প্রথম না আলকারাজের হ্যাটট্রিক

11


স্পোর্টস ডেস্ক

সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ডটি এককভাবে নিজের করে নিতে অপেক্ষা বাড়লো নোভাক জকোভিচের। শুক্রবার শীর্ষ বাছাই ইয়ানিক সিনারের বিপক্ষে উইম্বলডনের সেমিফাইনালে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন এই সার্বিয়ান তারকা। একই দিনে টেলর ফ্রিটজকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে পৌঁছেছেন কার্লোস আলকারাজ। সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের দুই ফাইনালিস্ট সিনার ও আলকারাজ আজ লড়বেন উইম্বলডন ফাইনালেও। জকোভিচ ছিটকে যাওয়ায় টেনিসের আরেক কিংবদন্তির উইম্বলডনের রেকর্ডটি অক্ষুন্নই থাকল। সুইস তারকা রজার ফেদেরার এখানে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন রেকর্ড ৮টি, দুইয়ে থাকা জকোভিচ জিতেছেন ৭বার। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ডে যৌথভাবে কিংবদন্তি মার্গারেট কোর্টের সঙ্গেই আছেন ৩৮ বছর বয়সী জকোভিচ। সেন্ট্রাল কোর্টে দ্বিতীয় সেমিফাইনালে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে হেরে একপ্রকার অসহায় আত্মসমপর্ন করেন এই সার্বিয়ান তারকা। স্রেফ ১ ঘন্টা ৫৫ মিনিটের লড়াইয়ে সরাসরি সেটে জয় তুলে নেন সিনার। ম্যাচের পর জকোভিচ বলেছেন, এখনই হাল ছাড়ছেন না তিনি, ভাবছেন না অবসরের কথাও। কথাগুলো বলতে গিয়ে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি জকোভিচ। চোখ মুছতে মুছতে তিনি বলেন, ‘অবশ্যই কষ্ট হচ্ছে। তবে আশা করি সেন্টার কোর্টে এটিই আমার শেষ ম্যাচ নয়। আজই উইম্বলডন ক্যারিয়ার শেষ করারও কোনো পরিকল্পনা আমার নেই। অন্তত আরও একবার এখানে ফিরে আসতে চাই।’ দুবার অস্ট্রেলিয়ান ওপেন ও একবার ইউএস ওপেনজয়ী ২৩ বছর বয়সী সিনার এবারই প্রথমবার টিকিট পেয়েছেন উম্বলডন ফাইনালের। প্রথমবার এই শিরোপা উঁচিয়ে ধরতে তার পার করতে হবে আলকারাজ বাঁধা। দিনের আগের সেমিফাইনালে এক সেট খুইয়েও পরে ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে জয় তুলে নেন স্পেনের এই দ্বিতীয় বাছাই। এদিনের জয়ে ক্যারিয়ারসেরা ২৪ ম্যাচে টানা জয় তুলে নিয়েছেন আলকারাজ, যা টেনিসের ইতিহাসে টানা জয়ের হিসেবে দশম। ২০১০ থেকে ২০১১তে টানা ৪৩ ম্যাচ জিতে এই তালিকার সবার উপরে জকোভিচ। ম্যাচের পর এই অনন্য রেকর্ড সম্পর্কে ২২ বছর বয়সী তারকা বলেন, ‘আমি টানা জয়ের ব্যাপারে অথবা (ম্যাচের) ফলের ব্যাপারে একদমই ভাবছি না। এই সুন্দর কোর্টে নেমে বিশ্বের সবচেয়ে সেরা প্রতিযোগিতায় ভাল খেলাই আমার স্বপ্ন। সব প্রতিযোগিতায় আমি এটিই করি।’
২০২১ থেকে ২০২৫-এর মধ্যে মোট ১২বার মুখোমুখি হয়েছেন আলকারাজ ও সিনার। এর মধ্যে প্রথম টানা পাঁচসহ মোট আট ম্যাচে জয় তুলে নেন স্প্যানিশ তারকা। ইতালিয়ান তারকা সিনার জিতেছেন চার ম্যাচে। শেষবারের দেখাতেও জিতেছেন আলকারাজই।