স্পোর্টস রিপোর্টার।।
মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে মিশন শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। শুরুর ম্যাচে ব্যবধান ৯-১ হলেও তৃপ্ত ছিলেন না আফঈদাদের কোচ পিটার বাটলার। গোলমুখে শিষ্যদের এলোমেলো ফুটবল তাকে হতাশ করেছে। তার দাবি সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বড় হতো। চার দলের টুর্নামেন্টে লীগ পদ্ধতির খেলায় দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী নেপাল। যারা প্রথম দিনে ৬-১ গোলে হারিয়েছে ভুটানকে। সন্ধ্যা ৭টায় কিংস অ্যারেনায় শুরু হবে ম্যাচটি। এর আগে বিকাল ৩টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভুটান। এই ম্যাচেও নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে চায় বাংলাদেশের মেয়েরা। আগের দিন ভারী মাঠে খেলার কারণে মাঠের অনুশীলনে বিরতি টানেন বাটলার। গতকাল হোটেলে জিম আর সুইমিং সেশনের মধ্য দিয়ে মেয়েদের রিকোভারি করিয়েছেন এই বৃটিশ কোচ। সন্ধ্যায় ছিল ভিডিও সেশন। এ নিয়েই আজ নেপালের মুখোমুখি হবে আফঈদা-স্বপ্নারা। এক সময় নেপালের কাছে হার দেখতো লাল সবুজের মেয়েদের। সে সব এখন অতীত। বরং এখন বলে কয়েই নেপালকে হারায় বাংলাদেশ। ২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফের দুই ফাইনালেই স্বাগতিক মেয়েদের হারিয়ে টানা দু’বার শিরোপা জিতেছেন সাবিনা খাতুনরা। শুধু তাই নয়, দুই বছর আগে এই টুর্নামেন্টের ফাইনালে এই নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বয়সভিত্তিক মেয়েরা। চলমান টুর্নামেন্টেও নিজেদের শক্তিমত্তার জানান ইতোমধ্যে দিয়েছেন আফঈদারা। ভারত না থাকায় কাগজ-কলমে শিরোপার লড়াইটা মূলত বাংলাদেশ ও নেপালের মধ্যেই হবে। তবে ম্যাচ বাই ম্যাচ জিতে শিরোপার পথে এগিয়ে যেতে চান আফঈদারা। গতকাল মাঠের অনুশীলন না থাকায় রিকভারি সেশন এবং হোটেলে সময় কাটিয়েছেন ফুটবলাররা। হোটেল থেকে এক ভিডিও বার্তায় অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘আজ (গতকাল) আমাদের রিকভারি সেশন ছিল। সন্ধ্যায় আমরা কোচের সঙ্গে বসবো। দলের সবাই সুস্থ আছে।’ নেপালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে লক্ষ্য কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের জয় ছাড়া কোনো বিকল্প নেই। আমরা শিরোপা নিজেদের কাছে রাখতে চাই।’ দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলও জয়ের আশাই জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচের মতো নেপালের বিপক্ষেও আমরা জয় নিয়ে মাঠ ছাড়বো।’ কোনো দলকে ছোট করে না দেখলেও নেপাল যে বাংলাদেশের শক্ত এবং প্রধান প্রতিপক্ষ এ টুর্নামেন্টে, সেটিও বলেন উজ্জ্বল।











































