Home খেলাধুলা ইতালিতে ক্রিকেট যেন ‘ফিনিক্স পাখি’

ইতালিতে ক্রিকেট যেন ‘ফিনিক্স পাখি’

13


স্পোর্টস ডেস্ক।।
বুধবার রাতেই খবরটা চাউর হয়। স্কটল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার দোরগড়ায় ইতালি। পরের ম্যাচে কম ব্যবধানে হারলেই হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে সেই সমীকরণ মিলিয়েই ইতিহাস গড়লো তারা। টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপ খেলবে আজ্জুরিরা। অথচ ফুটবলে ৪ বারের চ্যাম্পিয়নদের দেশে এক সময় ক্রিকেট নিষিদ্ধ করা হয়েছিল। সেখান থেকে এখন ক্রিকেট বিশ্বকাপে উড়বে ইতালির পতাকা। অথচ ফুটবলের অন্যতম সেরা দেশ হয়েও শেষ দুই আসরে বিশ্বকাপ খেলতে পারেনি তারা। এবার ক্রিকেট বিশ্বকাপেই খেলবে পাওলো মালদিনি-বুফনের দেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে হারে ইতালি। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান তোলে আজ্জুরিরা। রান তাড়ায় ২০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডাচরা। এই অঞ্চলের শীর্ষ বাছাই হিসেবে বিশ্বকাপে জায়গা করেছে নেদারল্যান্ডস। হেরেও রান রেটের কারণে তালিকার দুইয়ে থেকে মূল পর্ব নিশ্চিত করেছে ইতালিয়ানরা। লীগ পদ্ধতির এই বাছাইপর্বে ইতালি ও জার্সি দু’দলেরই পয়েন্ট সমান ৫। তবে রান রেটে ইতালি (+০.৬১২) এগিয়ে থাকায় সুযোগ পেয়েছে বিশ্বকাপে।

ইতালির বিশ্বকাপ খেলাটা জীবন্ত এক ইতিহাস। দেশটির উত্তরদিকে সমুদ্রঘেষা মনফ্যালকন শহর মূলত জাহাজ নির্মাণ ও ভাঙা শিল্পের উপর নির্ভরশীল। ২০২৩ সালে শহরের তখনকার ডানপন্থী মেয়র আন্না মারিয়া সিসিন্ত ‘ক্রিকেটের’ ওপর নিষেধাজ্ঞা দেন। কারণ হিসেবে উল্লেখ করেন, ‘ক্রিকেট ইতালিয়ানদের জন্য নয়’। শহরটির ৩০ হাজার জনসংখ্যার এক তৃতীয়াংশই ছিলেন অভিবাসী আর তারা বেশিরভাগই ছিলেন দক্ষিণ এশিয়ার। অভিবাসীদের বিনোদনের মাধ্যম ছিল এই ক্রিকেট। অভিবাসীদের হেনস্তা করতে ক্রিকেটই নিষিদ্ধ করে দেন আন্না। নিয়ম ভাঙলে জরিমানা ১০০ ইউরো বা ৮৪ পাউন্ড।

তবে এতে ইতালিতে ক্রিকেট অগ্রযাত্রা বন্ধ করা যায়নি। বরং, দেশের বাইরে থাকা বংশোদ্ভুত ক্রিকেটারদের নিয়েই ক্রিকেট চলছে। সেই টানে অস্ট্রেলিয়ার জার্সিতে ৩০টি টেস্ট খেলা জো বার্নস ফেরেন ইতালিতে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে ওয়েন ম্যাডসেন, অস্ট্রেলিয়া থেকে বেন মেনেত্তিরা ফিরেছেন ইতালিতে। মূলত ফুটবলের দেশ হলেও ইতালিতে ক্রিকেটের শেকড় আছে। সর্বকালের সেরা ক্রিকেটার জন ডন ব্র্যাডমান ছিলেন ইতালিয়ান বংশোদ্ভূত, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিও । ফুটবলের এই দেশে নিয়মিত ঘরোয়া লীগ খেলছে ১০০’র বেশি ক্লাব।

এসি মিলান-ইন্টার মিলানেও ছিল ক্রিকেট
১৮’শ শতকের শেষদিকে ইতালিতে ক্রিকেটের প্রচলন শুরু হয়। দেশটিতে ইংল্যান্ডের নাগরিকদের হাতে টেক্সটাইল মিল ব্যবসার সম্প্রসারণ হয়। জেনোয়াতে সমুদ্র বন্দর তৈরিতেও যুক্ত ছিলেন তারা। একই সময়ে সুয়েজ ক্যানেল উদ্বোধনের পর ইতালিতে বৃটিশদের আনাগোনা আরও বেড়ে যায়। ১৮৯৯ সালে তাদের হাতেই মিলানে প্রতিষ্ঠিত হয় ‘মিলান ফুটবল ও ক্রিকেট ক্লাব’। পরে যার নাম দেওয়া হয় এসি মিলান। বিদেশি খেলোয়াড় ক্লাবে খেলানো নিয়ে দ্বন্দ্বের কারণে সেটা ভেঙে ১৯০৮ সালে ইন্টার মিলান নামে নতুন ক্লাবের জন্ম হয়। দুই ক্লাবেই ফুটবল ও ক্রিকেটের প্রচলন ছিল। ১৯২৭ সালে আরেক ইতালিয়ান ক্লাব এএস রোমার জন্ম হয় রোম শহরে। শহরের তিন ক্লাব একসঙ্গে হয়ে জন্ম এএস রোমার। সেখানে ছিল ‘রোমান’ নামে একটি ক্লাব। যাদের উপস্থিতি ছিল শুধুমাত্র ক্রিকেটে। এছাড়া ১৮৮৭ সালে টেক্সটাইম কোম্পানি থমাস ও অ্যাডামসের কর্মীরা প্রতিষ্ঠা করেন তোরিনো ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব। নানা কারণে পরবর্তীতে ক্লাবটি বিলুপ্ত হয়। জেনোয়াতে থাকা ইংলিশ জনগণের জন্য বৃটিশ সাম্রাজ্যের প্রধান রাণী ভিক্টোরিয়ার নির্দেশে ১৮৯৩ সালে জেনোয়া ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব শুরু করা হয়। প্রথমে ক্লাবটিতে ইতালিয়ানরা খেলতে পারতেন না। পরে বৃটিশরা ইতালি ছাড়লে স্থানীয়দেরদের জন্য উন্মুক্ত হয় ক্লাবটি। কিন্তু বাকিদের মতো জেনোয়াও ক্রিকেট ছেড়ে ফুটবলে মনোযোগ দেয়। যদিও ২০০০ সাল পর্যন্ত সেখানে ক্রিকেট কোনোরকমে টিকে ছিল। এরপর সেটি বিলুপ্ত হয়ে যায়।