Home খেলাধুলা জোটার ২০ নম্বর জার্সি ‘চিরস্থায়ী’ করে রাখলো লিভারপুল

জোটার ২০ নম্বর জার্সি ‘চিরস্থায়ী’ করে রাখলো লিভারপুল

19


স্পোর্টস ডেস্ক

মর্মান্তিক সড়ক দুর্ঘাটনায় প্রাণ হারানো দিয়েগো জোটার ২০ নম্বর জার্সি আজীবনের জন্য তুলে রাখার ঘোষণা দিয়েছে লিভারপুল। জোটা ও তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যুর পর অলরেড সমর্থকেরা জোর দাবি জানায় জার্সিটি তুলে রাখার। আগের বিবৃতিতে সে ব্যাপারে ইঙ্গিত দিলেও এবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি।

নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে শুক্রবার লিভারপুল বলে, ‘দিয়োগোর সম্মানে ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নম্বরটি সব পর্যায়ে অবসর দেয়া হবে।’ অর্থাৎ শুধু পুরুষ দলের জন্যই নয়, এটি কার্যকর হবে নারী দল ও পুরো একাডেমির জন্যই। বিবৃতিটিতে আরও বলা হয়, ‘এই সিদ্ধান্ত শুধু দলের সাফল্যে আমাদের পর্তুগিজ তারকার গত পাঁচ বছরের অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতেই নয়, বরং সতীর্থ, সহকর্মী ও সমর্থকদের ওপর যে গভীর ব্যক্তিগত প্রভাব তিনি ফেলেছিলেন, সে জন্যও। (এ সিদ্ধান্ত নেয়া হয়েছে) তাদের সঙ্গে গড়ে তোলা চিরস্থায়ী বন্ধনকে সম্মান জানাতেও।’ জোটার স্ত্রী রুতে কারদাসো ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কতৃপক্ষ। এই পর্তুগিজ তারকার আকস্মিক মৃত্যুর পর লিভারপুল একটি বিবৃতিতে জানায়, জোটার ২০ নাম্বার জার্সিটি ‘অমর’ হয়ে থাকবে। তবে তা তুলে রাখার বিষয়ে তখন কিছু স্পষ্ট করা হয়নি। এরপর ক্লাবের সমর্থকদের থেকে দাবি ওঠে এটি আজীবনের জন্য তুলে রাখার। সমর্থকদের আবেগের বিষয়টি বিবেচনায় রেখেই সিদ্ধান্তটি নেয়া হয়েছে জানিয়ে লিভারপুলের মালিকপক্ষ ফেনওয়ে স্পোর্টস গ্রুপের ফুটবলবিষয়ক প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস বলেন, ‘ক্লাব হিসেবে আমরা আমাদের সমর্থকদের অনুভূতির প্রতি সম্পূর্ণভাবে সচেতন ছিলাম ও ঠিক একইভাবে আমরাও এটি অনুভব করছি। এ সিদ্ধান্তে দিয়োগোর স্ত্রী রুতে ও তার পরিবারকে যুক্ত করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমাদের এ সিদ্ধান্তের কথা তারা সবার আগে জানেন, এটি নিশ্চিত করা জরুরি ছিল।’ বিবৃতিতে তিনি আরও বলেন, ‘লিভারপুলের ইতিহাসে এই প্রথম কোনো ব্যক্তিতে এমন সম্মাননা দেয়া হলো বলে আমার বিশ্বাস। সুতরাং, বলা যায় একজন অনন্য ও অসাধারণ মানুষের প্রতি এটি বিশেষ সম্মাননা। এই স্কোয়াড নাম্বারটি অবসরে দিয়ে আমরা একে চিরস্থায়ী করেছি। আমরা এটি কখনওই ভুলব না।’ আগামী রোববার চ্যাম্পিয়নশিপের দল প্রেস্টন নর্থ এন্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে লিভারপুল। জোটার মৃত্যুর পর সেটিই হবে ক্লাবটির প্রথম ম্যাচ।