Home বিনোদন চার বছর পর ইমরানের গানে পায়েল

চার বছর পর ইমরানের গানে পায়েল

18


স্টাফ রিপোর্টার

চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকভাবে অডিও এবং সিনেমায় শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি। অন্যদিকে, হাল সময়ের টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল। গেল ঈদেও বেশ কিছু নাটকের মাধ্যমে প্রশংসিত হয়েছেন তিনি। ইমরানের প্রায় হাফ ডজন গানে এর আগে মডেল হয়েছেন পায়েল। তবে, গত চার বছর একসঙ্গে পাওয়া যায়নি তাদের। এবার ইমরানের নতুন গানে মডেল হয়েছেন তিনি। গানটির শিরোনাম ‘পারবো না তোমাকে ছাড়তে’। এর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। এরইমধ্যে ঢাকা ও কক্সবাজার মিলিয়ে গানটির শুটিং হয়েছে কয়েকদিন। গতকাল এ দুই তারকা কক্সবাজার থেকে শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন। তবে এখানেই শেষ নয়, আরও একদিন এফডিসিতে শুটিং রয়েছে। শুটিং শেষে চলতি মাসেই ইমরানের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি। এ বিষয়ে ইমরান মানবজমিনকে বলেন, খুব ভালো আয়োজনে গানটির শুটিং করছি আমরা। গত কয়েকদিন কক্সবাজারে খুব সুন্দর সব লোকেশনে শুটিং হয়েছে গানটির। চার বছর পর পায়েল আমার গানে কাজ করলো। এর আগে বেশ কিছু কাজ হয়েছে আমাদের। এবারের গানটি রোমান্টিক। তাই সেভাবেই গানটির চিত্রায়ণ করা হয়েছে। গানটির পাশাপাশি এর দৃশ্যায়নে আমার ও পায়েলের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস।