প্রতিনিয়ত ঘটছে গোলাগুলি-চুরি-ছিনাতাই-কোপাকুপি
স্টাফ রিপোর্টার।।
মহানগরী খুলনায় গেল ১০ মাসে ২৭টি হত্যার ঘটনা ঘটেছে। ফলে প্রতিমাসে গড়ে প্রায় তিনটি প্রাণহানিসহ প্রতিনিয়ত ঘটছে চুবি, ছিনতাইম কোপাকুপি,গোলাগুলির মতো হিংসাত্মক কর্মকাণ্ড। এমন অবস্থায় আইন-শৃঙখলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনার রাজনৈতিক নেতাসহ নাগরিক নেতারা। সর্বশেষ শুক্রবার দিনে-দপুরে সন্ত্রাসীরা গুলি ও রগ কেটে নিজ বাড়ির সামনে হত্যা করেছে যুবদলের বহিস্কৃত নেতা মাহবুবুর রহমান মোল্লা (৪০)কে।
অবশ্য পুলিশ বলেছে, বেশির ভাগ হত্যাকাণ্ডের ঘটনা চিহ্নিত হয়েছে। অনেককে ইতিমধ্যে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ চেষ্টা করছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে। মাদকের কারণে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। মাদকের বিক্রেতা, বাহক ও যারা খুলনার বাইরে থেকে মাদক নিয়ে আসে তাদের ওপর পুলিশের নজরদারি অব্যাহত আছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের ১১ জুলাই পর্যন্ত খুলনা মহানগরীতে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই সময়ে ২০টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ২০২৪ সালের আগস্টে ২টি, সেপ্টেম্বরে ১টি, অক্টোবরে ২টি, নভেম্বরে ৪টি ও ডিসেম্বরে সর্বোচ্চ ৬টি হত্যার ঘটনা ঘটে। চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে খুন হন ২জন, ফেব্রুয়ারিতে ১টি, মার্চে ১টি এবং এপ্রিল, মে, জুন মাসে ও জুলাই মাসের এ পর্যন্ত হত্যার শিকার হয়েছেন ৭জন। নগরীর আটটি থানার মধ্যে খানজাহান আলী থানায় সেপ্টেম্বরে প্রথম হত্যাকান্ডের ঘটনা ঘটেছে সেপ্টেম্বরে, অক্টোবরে হরিনটানা থানা এলাকায় খুন হয় একজন, নভেম্বরে সোনাডাঙ্গা থানা, লবনচরা থানায় একজন করে দু’জন, ডিসেম্বরে সদর থানা এলাকায় দুইজন, খালিশপুর থানা এলাকায় দুইজন, দৌলতপুর থানা এলাকায় একজন ও আড়ংঘাটা থানা এলাকায় একজন খুন হন। জানুয়ারিতে সদর থানা ও সোনাডাঙ্গা থানা এলাকায় দুজন, ফেব্রুয়ারিতে সোনাডাঙ্গা থানা এলাকায় একজন, মার্চ মাসে সদর থানা এলাকায় একজন, এপ্রিল মাসে সদর থানা এলাকায় ও আড়ংঘাটা থানা এলাকায় দু’জন, মে মাসে সদর থানা এলাকায় একজন, সোনাডাঙ্গা থানা এলাকায় একজন, লবনচরা থানা এলাকায় দুইজন ও হরিণটানা থানা এলাকায় একজন খুন হয়, জুন মাসে সোনাডাঙ্গা ও ও হরিণটানা থানা খুন হন দু’জন।
সর্বশেষ শুক্রবর (১১ জুলাই) দৌলতপুর থানায় হত্যার শিকার হন যুবদলের সাবেক নেতা মাহবুবুর রহমান মোল্লা। মাহবুবুর রহমান দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি ছিলেন।
কেএমপি বলেছে, ২৭টি হত্যাকাণ্ডের ঘটনার মধ্যে দুটি মরদেহ নদীতে ভেসে আসায় সেগুলোর তদন্তের দায়িত্বে আছে নৌপুলিশ। বাকি ২৫টি হত্যাকাণ্ডের মধ্যে ২২টির পেছনের ঘটনা খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উদঘাটন করতে সক্ষম হয়েছে। শুক্রবারের হত্যাসহ তিনটি মামলা পুলিশের তদন্ত কাজ চলছে।
খুলনা নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে খুলনা বিএনপি নেতারা। দলটির নেতারা এক যুক্ত বিবৃতিতে বলেন, খুন, অস্ত্রের মহড়া, চুরি, ডাকাতি ও লুটপাটের মতো ঘটনা খুলনায় নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি ও খুনসহ সন্ত্রাসী ঘটনা। সর্বশেষ দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানসহ গত ১০মাসে মহানগরীতে ২৭টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আর এসকল ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছে নগরবাসী।
তারা বলেন, মহানগরীর আইন-শৃঙ্খলা অবনতির দায়ভার আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা কোনভাবেই এড়াতে পারেন। তাই দ্রুত আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে হবে। মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ এ বিবৃতি দেন।
উদ্বেগ প্রকাশ করে খুলনার নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, খুলনার মানুষ সব সময়ই শান্তি প্রিয়। তারা শান্তিতে জীবনযাপন করতে চান। কিন্তু আর নেই। সন্ধ্যা নামলেই খুলনাবাসীদের মধ্যে আতংক বিরাজ করে। এখন আবার শুরু হলো প্রকাশ্য দিবালোকে। খুলনার পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে এখন চরমভাবে ব্যর্থ হচ্ছে। সাধারণ মানুষ হিসেবে এমন অবস্থা কাম্য নয়।
খুলনা মেট্রোপলিন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিভিন্নভাবে বিভক্ত হয়ে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। যার ফলে অপরাধ কর্মকাণ্ডগুলো ঘটছে। আমরা ২৪ ঘন্টার মধ্যেই মাহবুবুর হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হচ্ছি। আশাকরি দ্রুত অবস্থার পরিবর্তন হবে।’











































