স্টাফ রিপোর্টার
খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে গুলি ও পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী।এই হত্যাকাণ্ডের বিচার ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে শনিবার বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে এলাকার সর্বস্তরের মানুষ।
বিক্ষুব্ধ জনতার অংশগ্রহণে মিছিলটি দৌলতপুর শহীদ মিনার থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মীনাক্ষী হলের সামনে এসে শেষ হয়।এ সময় পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অংশগ্রহণকারীরা হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।মিছিল শেষে আয়োজিত সমাবেশে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেন।তারা বলেন,খুলনায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।পুলিশের এই নিস্ক্রিয়তার কারণেই সন্ত্রাসীরা এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর সাহস পাচ্ছে।বিক্ষোভকারীরা আরও বলেন,খুলনায় এর আগেও অনেক হত্যাকাণ্ড ঘটেছে,কিন্তু কোনোটিরই সঠিক বিচার হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর এই দুর্বলতার সুযোগ নিয়েই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
তারা মাহবুবুর রহমান মোল্লা হত্যাকাণ্ডের জন্য সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেন ও অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জোর দাবি জানান।
এলাকাবাসীর পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়,অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যদি কঠিন শাস্তির ব্যবস্থা না করা হয়,তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।











































