ঢাকা অফিস
ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের আজ শুক্রবার উড়াল দেওয়ার অল্প কিছুক্ষণ আগে খবর আসে, সেটিতে বোমা রয়েছে। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ফ্লাইটের সব যাত্রীকে নামিয়ে আনা হয়। শুরু হয় বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি।
তল্লাশি শেষে কর্তৃপক্ষ নিশ্চিত হয়, ওই ফ্লাইটে বোমা থাকার খবর নেহাতই গুজব। আতঙ্কিত হওয়ার কিছুই নেই।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তল্লাশির পর রাত ৯ টা ২২ মিনিটে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে নিরাপদে উড্ডয়ন করেছে বিমানটি। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, ‘কাঠমান্ডু অভিমুখী ফ্লাইটটিতে কোনো বোমা বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এটি ছিল ফেক (ভুয়া) কল। যাত্রীদের পুনরায় বোর্ডিং করানো হচ্ছে। প্রক্রিয়া শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইটটি।’
প্রসঙ্গত, আজ বিকেল ৪টা ৪৫ মিনিটে বিমানের বিজি-৩৭৩ ফ্লাইটটির রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইটটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, সে সময় হঠাৎ একটি কল আসে।
তাতে দাবি করা হয়, কাঠমান্ডুগামী ফ্লাইটটিতে বোমা রয়েছে। নিরাপত্তার স্বার্থে তখন দ্রুতই সেটি থেকে যাত্রীদের নামিয়ে এনে তল্লাশি করা হয়।











































