মিলি রহমান
থাই খাবারের জনপ্রিয়তা আমাদের মধ্যে কম নয়। বিশেষ করে চিংড়ি দিয়ে তৈরি থাই কারি অনেকের প্রিয়। চলুন, জেনে নিই কিভাবে অল্প সময়ে বানানো যায় এমন থাই প্রন কারি।
প্রয়োজনীয় উপকরণ: মাঝারি সাইজের চিংড়ি (লেজসহ ও খোসা ছাড়ানো): ৪০০ গ্রাম।
ভেজিটেবল অয়েল: ১ টেবিল চামচ; পেঁয়াজ কুচি: ১টি; রসুন কুচি: ৪ কোয়া; আদা বাটা: ১ চা চামচ; লাল মরিচ (চাকতি করে কাটা): ২টি; থাই রেড কারি পেস্ট: ৩ টেবিল চামচ; নারকেলের ক্রিম (কোকোনাট ক্রিম): ১০০ গ্রাম; ফিশ সস: স্বাদ অনুযায়ী; ধনেপাতা কুচি: সাজানোর জন্য।
রান্নার পদ্ধতি: ১. প্রথমে একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ, রসুন ও আদা দিয়ে হালকা ভেজে নিন। মসলা যেন পুড়ে না যায়, সে দিকে খেয়াল রাখবেন। ২. এরপর তাতে কারি পেস্ট ও নারকেলের ক্রিম দিয়ে নেড়েচেড়ে দিন। ফুটে উঠলে পরিমাণমতো ফিশ সস দিন এবং ঢেকে ৫ মিনিট রান্না করুন। ৩. মিশ্রণটি বেশি ঘন মনে হলে সামান্য পানি দিন। ৪. এবার এতে চিংড়িগুলো দিয়ে ৫-১০ মিনিট রান্না করুন, যতক্ষণ না চিংড়ি ভালোভাবে সেদ্ধ হয়। ৫. রান্না শেষে ওপরে লাল মরিচ ও ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন।
পরিবেশন পরামর্শ: এই থাই প্রন কারি দারুণভাবে জমে যায় সাদা ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে। সূত্র : সাজগোজ











































