খুলনাঞ্চল ডেস্ক
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানে ৯৩৫ জন নিহত হয়েছে বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক সপ্তাহ পর সোমবার এ তথ্য প্রকাশ করা হয়।
দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বলেছে, ‘জায়নবাদী দেশটির চালানো যুদ্ধে আমাদের দেশের ৯৩৫ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। যার মধ্যে ৩৮ শিশু ও ১৩২ নারী রয়েছে। ’
এ ছাড়া তেহরানে এভিন কারাগারে চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে, যার মধ্যে বন্দি, দর্শনার্থী, প্রশাসনিক কর্মীরা রয়েছেন।
ইসরায়েল ১৩ জুন ইরানে ব্যাপক বোমা হামলা চালায়। এতে দেশটির কয়েকজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন। ইসরায়েল দেশটির পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনায় আঘাত হানে।
জবাবে ইসরায়েলের তেল আবিব, হাইফাসহ বেশ কিছু প্রধান শহরে হামলা চালায় ইরান। এতে ২৮ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল। ২৪ জুন দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।











































