স্টাফ রিপোর্টার
জিরোপয়েন্ট এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতারের হরিণটানা থানার মাদক মামলার এক আসামিকে ১০বছর সশ্রম কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬মাস বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার নাট মুরা পাড়া গ্রামের মৃত. আব্দুল কাদের হোসেনের ছেলে জাফর আলম (৪০)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ১৪ আগস্ট রাত পৌনে ৫টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মরিয়ম স্টোরের সামনে থেকে ১২০ পিস ইয়াবাসহ জাফর আলমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই নাসির উদ্দিন তালুকদার বাদী হয়ে জাফর আলমের বিরুদ্ধে হরিণটানা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং- ৫। ওই বছরের ৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. বাবুল ইসলাম আদালতে জাফর আলমকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।











































