ক্রীড়া প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় তিন দিনের এই টুর্নামেন্ট আয়োজন করবে সাউথ এশিয়ান চেস কাউন্সিল।
‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট’ নামের প্রতিযোগিতাটি উদ্বোধন হবে আগামীকাল বৃহস্পতিবার। রাজধানীর প্রগতি সরণির কানাডিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাসই হবে ভেন্যু। গোল্ডেন স্পোর্টিং কাবের সহযোগিতায় ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে লড়াই। টুর্নামেন্ট হবে অনলাইনে। ১৫ দেশের ৭৪ দাবাড়ু প্রতিযোগিতায় অংশ নেবেন। থাকবেন সাত দেশের ১৪ গ্র্যান্ডমাস্টার। টুর্নামেন্টে বাংলাদেশের তিনজন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব ও রিফাত বিন সাত্তার অংশ নেবেন। ভারতের পাঁচজন, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দু’জন গ্র্যান্ডমাস্টার এবং ইরান, রাশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টাররাও লড়বেন। প্রতিযোগিতায় দুই বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভ ও বিশ্বনাথন আনন্দ অংশ নেবেন বলে আশা করছেন তারা। সুইস লিগ সিস্টেমে নয় রাউন্ডের এই প্রতিযোগিতা হবে তিনদিনে। টুর্নামেন্টের প্রাইজমানি ছয় হাজার ডলার। ২৭ সেপ্টেম্বর রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সভাপতিত্ব করবেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
মোহামেডান-মেরিনার্সে আটকে প্রিমিয়ার হকির ভাগ্য
ক্রীড়া প্রতিবেদক
ঘরোয়া হকির সবচেয়ে আকর্ষণীয় প্রিমিয়ার লিগ হয়নি ২০১৮ সালের পর। এক মৌসুম হারিয়ে যাওয়ার পর বাংলাদেশ হকি ফেডারেশন চলতি বছরের অক্টোবর-নভেম্বরে প্রিমিয়ার লিগ শুরুর উদ্যোগ নিয়েও এগুতে পারছে না। প্রতিনিধি চেয়ে দুইবার কাবগুলোকে চিঠি দিয়েছিল লিগ কমিটি; কিন্তু দুইবারই না খেলার আভাস দিয়েছে সর্বশেষ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং কাব ও তৃতীয় হওয়া মেরিনার ইয়াংস কাব।
২০১৮ সালের ৭ জুন সুপার ফাইভের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান ও মেরিনার্স। ম্যাচটি ৪৪ মিনিট হওয়ার পর পরিত্যক্ত হয়। তখন ১-১ ছিল ম্যাচের স্কোর। পরিত্যক্ত ওই ম্যাচের ৫ মাস পর ফেডারেশন মোহামেডানকে চ্যাম্পিয়ন, আবাহনীকে রানার্সআপ ও মেরিনার্সকে তৃতীয় ঘোষণা করে। আর মোহামেডান-মেরিনার্স ম্যাচে গন্ডগোল করার অভিযোগে দুই কাবের চার কর্মকর্তাকে বহিষ্কার ও আর্থিক দন্ড দেয় ফেডারেশন। সেই সাসপেনশনের জের ধরে এখনো বেঁকে আছে মোহামেডান ও মেরিনার্স। কর্মকর্তাদের ওপর থেকে শাস্তি প্রত্যাহার না করা হলে লিগ কমিটিতে প্রতিনিধি প্রেরণ ও খেলা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে কাব দুইটি।
মোহামেডান ও মেরিনার্স ইস্যুতে নির্বাহী কমিটির সভা করার সিদ্ধান্ত নিয়েছেন ফেডারেশনের সভাপতি। ৩০ সেপ্টেম্বর এ সভা হওয়ার কথা আছে। এই দুই কাব ছাড়াও সভায় সিদ্ধান্ত হবে ঊষা ক্রীড়া চক্রের প্রিমিয়ার লিগে অংশ নেয়ার বিষয়ে। সর্বশেষ প্রিমিয়ার লিগে অংশ নেয়নি হকির জনপ্রিয় কাবটি। যে কারণে তারা পরবর্তী প্রিমিয়ার লিগে খেলতে পারবে কি না তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
এমনিতেই এক বছর লিগ না হওয়ায় হকি খেলোয়াড়রা অর্থকষ্টে ভুগছেন। হকিতে নতুন খেলোয়াড় উঠে আসার পথও রুদ্ধ। এ অবস্থায় লিগ শুরুর জন্য ফেডারেশনের নির্বাহী কমিটি থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলেই প্রত্যাশা করছেন সবাই। ২০২০ সালের মধ্যে লিগ শুরু করতে না পারলে হকির ক্যালেন্ডার থেকে হারিয়ে যাবে আরেকটি মৌসুম।
নওশেরুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ক্রীড়া প্রতিবেদক
সোমবার রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ৭২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার কেএম নওশেরুজ্জামান। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে নওশেরুজ্জামানের। নওশেরের মরদেহ নিয়ে যাওয়া হয় মুন্সিগঞ্জে। পিতার চাকরির সুবাদে সেখানে বড় হয়েছেন নওশের। তবে তার সর্বশেষ ঠিকানা হবে চাঁদপুরের মতলবে নিজ গ্রামের বাড়িতে।
জাতীয় পুরুষ বেসবল প্রতিযোগিতা ৩০ সেপ্টেম্বর
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের আয়োজনে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ৭ম জাতীয় পুরুষ বেসবল প্রতিযোগিতা-২০২০’। এবারের এই প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করবে। ঢাকার পল্টন মাঠে তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২ অক্টোবর পর্যন্ত।
টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ঢাকা জেলা, এসকেএসপি সিরাজগঞ্জ, কমিউনিটি স্পোর্টস কাব, স্যান্ড এনজেল বেসবল কাব, ডিসিসি বেসবল কাব ও এসএসসি। অংশগ্রহণকারী দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল ফাইনালে অংশগ্রহণ করবে। ২ অক্টোবর শুক্রবার পল্টন মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল ও পুরস্কার বিতরণী।
কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত ২১ সেপ্টেম্বর এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কাবাডি ফেডারেশনে বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারির স্থলাভিষিক্ত হবেন। নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের পর গতকাল মঙ্গলবার বিকেলে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। নির্বাহী কমিটির বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার প্রধান কোচের অধীনে যুব দলের ক্যাম্প
ক্রীড়া প্রতিবেদক
৪৭ ক্রিকেটার নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনূর্ধ্ব-১৯ দলের চার সপ্তাহের আবাসিক ক্যাম্প শেষ হয়েছে গত সপ্তাহে। ইতিমধ্যে ৪৭ জনের দলটি ছোট করে এনেছেন নির্বাচকরা। তাদের নিয়েই আগামী ১ অক্টোবর প্রধান কোচ নাভিদ নেওয়াজের অধীনে শুরু হবে তিন থেকে চার সপ্তাহের ক্যাম্প, লক্ষ্য ২০২২ যুব বিশ্বকাপ।
২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চার সপ্তাহের ক্যাম্পে চার দলে ভাগ হয়ে ওয়ানডে ফরম্যাটের ৪টি প্রস্তুতি ম্যাচ খেলেছিল আকবর আলীদের উত্তরসূরিরা। ওই ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নির্বাচকরা দল গঠন করেছেন। তবে বর্তমান দলটি ঠিক কতজনে নেমেছে, সেটা জানাতে পারেনি গেম ডেভলপমেন্ট বিভাগ। তবে জানা গেছে, ১৭ জনকে ছাঁটাই করে বর্তমান দলটি এখন ৩০ জনের। তাদের নিয়ে ১ অক্টোবর বিকেএসপিতে শুরু হবে স্কিল ট্রেনিং ক্যাম্প। আর এই ক্যাম্প দিয়েই আনুষ্ঠানিকভাবে ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে বাংলাদেশ। নতুন ক্যাম্প শুরুর আগে ডাক পাওয়া ক্রিকেটারদের করোনা টেস্ট করা হবে।
অধিনায়ক চাইলে বোলার মুশফিক প্রস্তুত
ক্রীড়া প্রতিবেদক
মিরপুরে চলছে ক্রিকেটারদের স্কিল অনুশীলন ক্যাম্প। সচরাচর ব্যাটসম্যানরা আগে ব্যাটিং করার সুযোগ পেলেও গতকাল মঙ্গলবার হোম অব ক্রিকেটে উল্টো দৃশ্য! লাইন ধরে ব্যাটিং করছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, রুবেল হোসেনরা। আর বোলারের ভূমিকায় মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও সাদমান ইসলাম! বাদ যাননি বোলিং কোচ ওটিস গিবসনও।
টেল এন্ডারদের প্রস্তুতি যথাযথভাবে করতেই মূলত বোলারদের ব্যাটিংটা গুরুত্ব সহকারে করাচ্ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এই সেশনেই উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিককে লেগ স্পিনার হয়ে উঠতে দেখা গেলো। এখানেও অন্যদের অনুপ্রেরণা জুগিয়েছেন মুশফিক। ব্যাটসম্যানরা নেটে যাওয়ার আগেই ঝলক দেখা গেলো তার ‘লেগির’। বোলিং করে সম্ভবত আত্মবিশ্বাস বেড়েছে মুশফিকের। শুধু নেটে নয়, ম্যাচেরও বোলিংয়ের সাহস দেখাচ্ছেন তিনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নওশেরকে শেষ বিদায়
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই ক্যারিয়ারের একটা বড় সময় কেটেছে নওশেরুজ্জামানের। এই মাঠে রয়েছে তার অনেক কীর্তি হোক সেটা জাতীয় দল কিংবা কাব। সব খানেই ছিল তার সমান আধিপত্য। এমনকি ক্রিকেটেও ছিলেন পারদর্শী। যে মাঠে তার এতসব কীর্তি, সেখানেই গতকাল শেষ বিদায় জানানো হলো নওশেরুজ্জামানকে। এসময় হাজির হয়েছিলেন তার সাবেক সতীর্থরাও।
সোমবার রাতেই ইহজগত থেকে চিরবিদায় নেন নওশেরুজ্জামান। করোনাভাইরাসের ছোবলে সপ্তাহখানেক লাইফসাপোর্টে ছিলেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে ওপারের ডাক থেকে নিজেকে আর ফিরিয়ে আনতে পারেননি।
স্বাধীন বাংলা ফুটবল দলের এই সদস্যের বিদায় বেলায় ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), সোনালি অতীত ও ওয়ান্ডারার্সসহ আরও অনেকেই।
‘শুটারদের জন্য যা যা করার দরকার করবো’
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শুটিংয়ে আছে অপার সম্ভাবনা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সাফল্য এই ফেডারেশনটির। এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ান গেমসে সর্বোচ্চ ২৬টি সোনার পদক এসেছে। এছাড়া কমনওয়েলথ গেমসে আছে আরও দুটি। অথচ গত কয়েক মাসে এই ফেডারেশনের কার্যক্রম তেমন একটা নেই। শুটারদের প্রশিক্ষণ নিয়েও ছিল জটিলতা। তবে নতুন অ্যাডহক কমিটি এসে নতুন করে আশার আলো দেখাচ্ছে।
বিশেষ করে, নতুন সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান আগামী দিনের শুটিং নিয়ে বেশ আশাবাদী। শুটিংয়ে গৌরবোজ্জ্বল সাফল্য ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি তার। গুলশানে শুটিং ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন সভাপতি জানিয়েছেন, শুটিং নিয়ে ভবিষ্যৎ লক্ষ্যও নির্ধারণ করে ফেলেছেন তিনি। ২০২০ টোকিও অলিম্পিকে ভালো ফল করতে যা যা করার দরকার, সবই করার প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে প্রথম নির্বাহী কমিটির সভাও করে ফেলেছেন মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
রোম ওপেন জিতে ইতিহাস গড়লেন জোকোভিচ
ক্রীড়া প্রতিবেদক
এটিপি টুরে মাস্টার্স ১০০০ পর্যায়ে সর্বাধিক ৩৬ নম্বর ট্রফি জিতে নিলেন নোভাক জোকোভিচ। ইতিহাস গড়ে একই সঙ্গে তিনি টপকে গেলেন রাফায়েল নাদালকে। স্প্যানিশ তারকার রয়েছে ৩৫টি ট্রফি। সোমবার রোম ওপেনের ফাইনালে জোকোভিচ দিয়েগো সোয়াৎর্জম্যানকে ৭-৫, ৬-৩ হারাতেই মুঠোয় চলে আসে এই নজির।
রবিবার সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন ক্যাসপার রুড। তাঁর বিরুদ্ধে ম্যাচ জেতার মাঝপথে রবিবার জোকোভিচকে সতর্ক করা হয়। দ্বিতীয় সেটের তৃতীয় গেমে কয়েকটি লাইন কলের বিরুদ্ধে ছিলেন জোকোভিচ। এই নিয়ে চেয়ার আম্পায়ারের সঙ্গে বাক্য বিনিময় হয় তাঁর।
জোকোভিচ বলেছেন, ‘এভাবে সতর্ক করাটা প্রাপ্য ছিল আমার। যা তখন বলেছি, সেগুলো ভাল কথা নয়। চেয়ার আম্পায়ারের সঙ্গে কয়েকটা কল নিয়ে মতবিরোধ হয়।’
ওয়ার্নারদের হারিয়ে শুভ সূচনা কোহলির ব্যাঙ্গালুরুর
ক্রীড়া প্রতিবেদক
ট্রফি খরা কি তবে এবার কাটবে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর? দিনের প্রথম সূর্য যদি সঠিক বার্তা দেয়, তাহলে ধরে নেয়া যায় এবারের আইপিএল বিরাট কোহলির জন্য ভালো কিছু উপহার নিয়েই হয়তো অপেক্ষা করছে। কারণ এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালি সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানের ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করলো বিরাট কোহলির ব্যাঙ্গালুরু।
গত আইপিএলে যেভাবে একের পর এক ম্যাচ হেরেছিল ব্যাঙ্গালুরু, সেই স্মৃতি যেন এখনও উজ্জ্বল হয়ে আছে দলটির সমর্থকদের মনে। এ কারণে, তারকাভর্তি টাইটানিক হলেও কোহলির দলের ওপর আস্থা কম ভক্তদের। এর মধ্যেই প্রথম ম্যাচে এমন জয়, নিশ্চিত সবার মনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। টস হারলেও প্রথমে ব্যাট করার সুযোগ পায় বিরাট কোহলিরা। ব্যাট করতে নেমে তরুণ ব্যাটসম্যান দেবদূত পাড্ডিকাল এবং মিডল অর্ডারে এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো বাটিংয়ে ১৬৩ রানের লড়াকু সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেয়ারেস্টর ঝড় সত্ত্বেও ২ বল বাকি থাকতে ১৫৩ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ।
ইব্রার জোড়া গোলে জিতল এসি মিলান
ক্রীড়া প্রতিবেদক
যেখানে ২০১৯-২০ মৌসুম শেষ করেছিল ইতালিয়ান কাব এসি মিলান, সেখানেই যেন নতুন মৌসুম শুরু করল তারা। ইতালিয়ান সিরি ‘আ’র নতুন মৌসুমের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছে মিলানের ঐতিহ্যবাহী কাবটি।
বলোনিয়ার বিপক্ষে এ জয়ে দুইটি গোলই করেছেন জ্বলাতান ইব্রাহিমোভিচ। এর আগে উয়েফা ইউরোপা লিগের বাছাইপর্বের ম্যাচেও মিলানকে জয় এনে দেয়া গোল করেছিলেন ইব্রা। সোমবার রাতে নিজেদের ঘরের মাঠেই জিতেছে এসি মিলান। এ জয়ের ফলে ২০১৭-১৮ মৌসুমের পর এবারই প্রথম আসরের প্রথম ম্যাচে জয়ের দেখল কাবটি। ম্যাচের ৩৫ মিনিটের সময় দুর্দান্ত এক হেডারে প্রথম গোলটি করেন ইব্রাহিমোভিচ। থিও হার্নান্দেজের ক্রসে হেডটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে ফিরে ৫১ মিনিটের সময় পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় ও শেষ গোল করেন এ সুইডিশ তারকা ফরোয়ার্ড।
দুর্দান্ত জয়ে মৌসুম শুরু ম্যানসিটির
ক্রীড়া প্রতিবেদক
প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও, গত মৌসুমে খাবি খাইয়েছিল দুইবারের দেখায়ই। ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরে ওলভসের মাঠ থেকে ২-৩ ব্যবধানে হেরেছিল ম্যানচেস্টার সিটি। নিজেদের ঘরের মাঠেও হেরেছিল ০-২ ব্যবধানে। নতুন মৌসুমের প্রথম ম্যাচটি ওলভসের বিপক্ষে হওয়ায় বাড়তি সতর্কতা সিটিজেনদের।
তবে এবার আর নেতিবাচক কিছু ঘটেনি। ওলভসের মাঠে খেলতে গিয়ে নতুন মৌসুমের শুরুটা দারুণভাবেই করেছে ইপিএলের অন্যতম সেরা দলটি। লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে ওলভসকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। পুরো ম্যাচে বড় দলের মতোই আধিপত্য বিস্তার করে খেলেছে ম্যান সিটি। ঘরের মাঠ হলেও খুব একটা পাত্তা পায়নি ওলভস। ম্যাচের দুই-তৃতীয়াংশ সময় বলে দখলে রেখে একের পর এক আক্রমণ করেছেন কেভিন ডি ব্রুইন, গ্যাব্রিয়েল হেসুসরা। যার ফলও পেয়েছে দুর্দান্ত জয়ের মাধ্যমে।











































