কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামে নিজ ঘর থেকে আব্দুর রহমান উজ্জল (৩৩) নামে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। নিহত উজ্জল পাটিকাবাড়ী গ্রামের ওসমানের ছেলে।
রোববার (8 জুন) সকালে নিজ বাড়ী থেকে উজ্জলের মরদেহ উদ্ধারের পর এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা খতিয়ে দেখছে পুলিশ।
এলাকাবাসীরা জানায়, দুই বছর ধরে উজ্জল বাড়িতে একা থাকতো। সকালে উজ্জলের কোন সাড়াশব্দ না পেয়ে তার ফুপু ঘরের জানালা খুলে দেখতে পান উজ্জল রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে উজ্জলের মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, তারা কোন গুলির শব্দ শুনতে পাননি।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পাশ থেকে উদ্ধার হওয়া পিস্তল জব্দ করা হয়েছে। তিনি নিজেই নিজেকে গুলি করেছে নাকি অন্য কেউ তাকে হত্যা করে পিস্তল ফেলে গেছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আরও বিস্তারিত জানা যাবে।











































