স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমাবেশ ঘিরে গোটা নগরীতে ছিল উৎসবের আমেজ। দূর-দুরান্ত থেকে আসা নেতাকর্মীদের শ্লোগান আর পদভারে খুলনা ছিল মিছিলের নগরী। আর এসব মিছিলের গন্তব্য ছিল ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান। সমাবেশ ও নগরী ঘুরে দেখা গেছে ব্যতিক্রম দৃশ্য।
তীব্র তাপদহ উপেক্ষা: জৈষ্ঠের তীব্র দাবদাহ উপেক্ষা করে খুলনায় তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সাড়ে ৪টায় শুরু হলেও বেলা ১টা থেকেই নেতাকর্মীরা যোগ দেন। এদিন খুলনার তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বেলা দেড়টার দিকে প্রথমে মিছিল করে মঞ্চের কাছে অবস্থান নেয় খুলনার সোনাডাঙ্গা থানা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মহানগর ছাত্রদলের বিশাল মিছিল সার্কিট হাউজ ময়দানের সমাবেশে যোগ দেন। সমাবেশ শুরুর আগেই লাল-সজুব ও হলুদ রঙের টুপি-পোশাকে কানায় কানায় পুর্ণ হয়ে যায় গোটা ময়দান।
ত্রিপল ছাড়া মঞ্চ : বিশাল সার্কিট হাউজ ময়দানের ৬০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রস্ত মঞ্চ ছিল ত্রিপল বিহীন। ফলে সমাবেশে আগত দূর-দুরান্তের নেতাকর্মীদের মতো কেন্দ্রীয় নেতা ও অতিথিরাও রোদে পুড়েছেন।
ভোলা থেকে লঞ্চে চড়ে সমাবেশে: ভোলা থেকে লঞ্চে চড়ে খুলনার সমাবেশে যোগ দেন ভোলা জেলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার ছাত্র-যুব নেতারা। এমভি জাকির সম্রাট নামের তিনতলা লঞ্চটিতে কয়েকশ’ নেতাকর্মী দুপুরে এসে খুলনায় পৌঁছান।
শরবত ও পানি বিক্রিতে চাপ: তীব্র গরমে স্বস্তি দিয়েছে ময়দানের চারপাশের অর্ধ শতাধিক শরবত ও পানির দোকান। ছিল মৌসুমী ফলের দোকানও। তীব্র তাপদহে নেতাকর্মীদের স্বস্তি দিয়েছে ভ্রাম্যমান দোকানগুলো। আশপাশের দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো।
শরবত বিক্রেতা হুমায়ন কবির, আব্দুর রহিম জানান, সাধারণ দিনে ছয়-সাতশ’টাকা বিক্রি হলেও আজ খুবই ভাল।











































