Home আঞ্চলিক বটিয়াঘাটায় ভোররাতে অস্ত্রের মুখে জিম্মি করে ফিল্মী স্টাইলে ডাকাতি

বটিয়াঘাটায় ভোররাতে অস্ত্রের মুখে জিম্মি করে ফিল্মী স্টাইলে ডাকাতি

60


বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা থানার অদূরে দিবাগত ভোর রাতে ফজরের আযানের পর বসত বাড়িতে ফিল্মি স্টাইলে ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে কিসমত ফুলতলা সিলিন্দামারী গ্রামের আলহাজ মোদাচ্ছের হোসেনের বসত বাড়িতে। সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বাড়ির সকলকে জিম্মি করে নগদ ৮২ হাজার টাকা, ৮/১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কিসমত ফুলতলা এলাকার বাসিন্দা মোদাচ্ছের হোসেন ফজরের নামাজ আদায়ের জন্য ওযু করতে ঘুম থেকে ওঠেন। মোদাচ্ছের হোসেন ঘরের দরজা খুলতে গেলে পূর্ব থেকে গেটের বাইরে ওৎ পেতে থাকা ১০/১২ জনের ডাকাত দলের সদস্যরা দরজা ধাক্কা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে মোদাচ্ছেরের গলায় ধারালো অস্ত্র ধরে তাকে দোতলায় নিয়ে যায়। দোতালায় নিয়ে গিয়ে ছেলে শামীম আল মামুনের শয়ন কক্ষে কলিং বেল দেয়।মামুন দরজা খুলে দিলে দূর্বৃত্তরা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী থেকে ১০/১২ ভরি ওজনের স্বর্ণের অলংকার, নগদ ৮২ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন এবং দামী কাপড় চোপড় লুট করে নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১২/১৩ লাখ টাকা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানতে চাইলে ভুক্তভোগী মো: শামীম আল মামুনের পিতা আলহাজ মো: মোদাচ্ছের আলী জানান, ফজরের আযান দিলে তিনি নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময়ে কয়েকজন লোক দরজা ধাক্কা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ছেলের ঘরের ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে পালিয়ে যায়। সকালে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া খবর পেয়ে খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন সহ অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ভূক্তভোগীর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন।
এব্যাপারে বটিয়াঘাটা থানার অফিসার ইনিচার্জ মোস্তফা খায়রুল বাশার ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা মৌখিকভাবে থানায় বিষয়টি জানিয়েছেন। পুলিশের মোবাইল টিম লুট হওয়া মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য কাজ শুরু করেছে। অপরদিকে একই রাতে উপজেলার কাতিয়ানাংলা বুঝবুনিয়া এলাকার কাজীবাছা নদীতে ড্রেজারে ডাকাতি সংঘটিত হয়েছে এবং ড্রেজারে থাকা মালামাল লুট করে নিয়েছে বলে জানা গেছে ।