স্পোর্টস ডেস্ক।।
মাঠের ভেতর কিংবা মাঠের বাহিরে লিওনেল মেসির জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাঁর ফুটবল ক্যারিয়ার ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে মেসির তিন ছেলে থিয়াগো,মাতেও এবং চিরোকে ঘিরে প্রায়শই আলোচনা হয় – বাবার মতো তারাও ফুটবলের দুনিয়ায় আলো ছড়াবে কিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি নিজেই তাঁর ছেলেদের ফুটবলের গুণাগুণ নিয়ে মুখ খুলেছেন।
ভবিষ্যতে তাঁর সন্তানেরা ফুটবলে কেমন করবে,তা সময়ই বলবে বলে জানান মেসি। তবে তাদের বর্তমান ফুটবল প্রীতিতে তিনি মুগ্ধ। সাক্ষাৎকারে মেসি বলেন,‘তাঁর ছেলেরা সারাদিন ফুটবল নিয়েই থাকে,নিয়মিত অনুশীলন করে এবং ম্যাচ খেলে। এটি দেখে তিনি নিজেও আনন্দ পান।’ কে সেরা,এই প্রশ্নে মেসি সরাসরি কারও নাম উল্লেখ করেননি তবে মজার ছলে তিনি বলেন,একজনকে সেরা বললে অন্যেরা হয়তো মন খারাপ করবে। একইসঙ্গে তিনি জানান,তাঁর তিন ছেলেই মাঠে একই পজিশনে খেলতে চায় এবং সবারই প্রিয় ‘ ১০’ নম্বর জার্সি।
মেসির বড় ছেলে থিয়াগোর বয়স ১২ বছর। সে বাবার সাথে ইন্টার মায়ামির অনুশীলনে নিয়মিত উপস্থিত থাকে এবং ক্লাবটির বয়সভিত্তিক দলেও খেলছে। থিয়াগো সম্পর্কে মেসি বলেন,‘সে বেশ চিন্তাশীল এবং একজন মিডফিল্ডার হিসেবে খেলতে পছন্দ করে।’
মেজ ছেলে মাতেওয়ের বয়স ৯ বছর। এ বছরের সেপ্টেম্বরে সে ১০ বছরে পা দেবে। মাতেওকেও বাবার পাশে মাঠে দেখা যায়। তার সম্পর্কে মেসি জানান,‘মাতেও একজন ফরোয়ার্ড,যে গোল করতে ভালোবাসে এবং বেশ বুদ্ধিমান একজন খেলোয়াড়।’
আর ছোট ছেলে সাত বছর বয়সী চিরোকে মেসি বর্ণনা করেছেন আরও ‘বিস্ফোরক’ হিসেবে। মেসি বলেন,‘চিরো সবাইকে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করে,সে একজন ‘ওয়ান অন ওয়ান’ খেলোয়াড় এবং নিজের খেলা তৈরি করার ব্যাপারে তার আগ্রহ বেশি।’
প্রসঙ্গত,২০২৩ সালে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। যোগ দেওয়ার পরপরই তিনি ক্লাবকে লিগস কাপের শিরোপা জিতিয়েছেন এবং গত বছর সাপোর্টার্স শিল্ডও অর্জন করেছেন। যদিও চলতি বছর চোটের কারণে তিনি খুব নিয়মিত খেলতে পারেননি। এ বছর কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ এবং মেজর লিগ সকার (এমএলএস) মিলিয়ে তিনি মোট ১০টি ম্যাচ খেলেছেন, যেখানে তাঁর গোল সংখ্যা ৮টি এবং অ্যাসিস্ট করেছেন ৩টি গোলে।











































