Home আলোচিত সংবাদ বিএনপিকে পাশ কাটাতেই ভোটে বিলম্ব: দুদু

বিএনপিকে পাশ কাটাতেই ভোটে বিলম্ব: দুদু

48


ঢাকা অফিস।।

বিএনপিকে পাশ কাটাতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন। বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে অনুষ্ঠিত ওই যুব সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, এই সরকারের কাজ-কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা (সরকার) কী চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচন, মানুষের সমর্থন আদায় এবং ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটা রোড ম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সালে হবে বলুন। আপনারা একবার ডিসেম্বরে একবার জুন মাসে- এসব বাদ দেন। এগুলোর জন্য আমরা তৈরি না।


শামসুজ্জামান দুদু বলেন, হাসিনাকে যখন তাড়াতে পেরেছি, অন্য ফ্যাসিবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ‘ওয়ান-টু’র ব্যাপার। সেটি মাথায় রেখে কার্যক্রম করেন, আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছি। ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই। এটাই এখনও পর্যন্ত বিএনপির অবস্থান।

শামসুজ্জামান দুদু বলেন, এই সভা থেকে দাবি জানাচ্ছি, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ জাতীয়-ছাত্র-যুব নেতারা যাদের আমরা এখনও সন্ধান পাইনি- এই অপরাধের জন্য হাসিনার ফাঁসি দাবি করছি। গুম-খুনের বিচারের উদ্যোগ নিন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকার রুটিন কাজ ছাড়া তারা কিছুই করছে না। এ কারণে সব কাজ স্থবির হয়ে গেছে।

সংগঠনের আহ্বায়ক কামাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর দক্ষিণের আরিফা সুলতানা রুমা প্রমুখ।