Home আলোচিত সংবাদ বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোও দ্রুত নির্বাচন চায়

বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোও দ্রুত নির্বাচন চায়

22


খুলনাঞ্চর রিপোর্ট।।

গত ৫ আগস্টের প্রবল অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের পতনের পর রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজন ও ছাত্র-জনতার মধ্যে ঐক্য দেখা যায়। কিন্তু এর পর অন্তর্বর্তী সরকার ক্ষমতাগ্রহণের পর সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে কিছুটা মতপার্থক্য তৈরি হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই দূরত্ব কমতে শুরু করেছে। দ্রুত নির্বাচন প্রশ্নে অধিকাংশ দল এখন অনেকটা একই অবস্থানে এসেছে। অন্যদিকে পশ্চিমা বিশ্বসহ বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে দ্রুত নির্বাচনের কথা বলছে। তাদের মতে, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারেরই দেশ পরিচালনা করা উচিত।


৮ আগস্ট দায়িত্বগ্রহণের পর অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগকে সমর্থন জানায় বিদেশি রাষ্ট্রগুলোও। তবে একই সঙ্গে তাদের পক্ষ থেকে বাংলাদেশে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বার্তা উঠে এসেছে। বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে। বন্ধুপ্রতিম ও প্রতিবেশী কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে এ প্রতিবেদকের আলাপকালে তারা মতপ্রকাশ করেন যে, বাংলাদেশের গণতান্ত্রিক পথে উত্তরণের উপায় হিসেবে দ্রুত নির্বাচন হওয়া উচিত। ভোটের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বেরই দেশ পরিচালনা করা সমীচীন। এক্ষেত্রে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেন তারা। অন্যদিকে ঢাকায় সফর করা মার্কিন দুই উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে নির্বাচন প্রশ্নে তাদের অবস্থান জানতে চান। এ সময় মার্কিন কূটনীতিকরা দ্রুত সময়ে নির্বাচন হওয়া উচিত বলে মত দেন। নির্বাচন ও সংস্কারের বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অংশীজনদের কী অবস্থান, তা জানার চেষ্টা করেছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে ইতোমধ্যে কাজ শুরু করেছে। আমেরিকা, ভারত, চীনসহ বিশে^র প্রভাবশালী দেশগুলো বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে নির্বাচন জরুরি বলে মনে করছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে- এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশির ভাগই, যারা গত ১৫ বছর রাজপথে আন্দোলন করেছে, তারা চাইছে দ্রুত প্রয়োজনীয় ও ন্যূনতম সংস্কার সেরে নির্বাচন। দ্রুত নির্বাচন চায় সিপিবি, বাম জোটসহ অন্তত ৪৮টি রাজনৈতিক দল। ১২ দলীয় জোট, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট, ববি হাজ্জাজের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট, খেলাফত মজলিসও দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান স্পষ্ট করেছে। কর্নেল অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) দ্রুত নির্বাচনের কথা বলছে। এক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ না নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মাঠ প্রশাসন বিএনপিকে সহযোগিতা করছে। এমতাবস্থায় নির্বাচনের পরিবেশ নেই। তবে এনসিপির অন্দর মহলের খবর হলো, মৌলিক সংস্কার সম্পন্ন হলে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে তাদের আপত্তি নেই। তবে এর আগে বিগত সরকারের সময় গণহত্যার বিচার প্রক্রিয়াও সম্পন্ন করার দাবি

তোলা হয়েছে তাদের পক্ষ থেকে।

অন্যদিকে জামায়াতে ইসলামী গত বছরের ৫ আগস্টের পর থেকেই বলে আসছিল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় সংস্কারের পর প্রথমে স্থানীয় সরকার নির্বাচন, তার পর জাতীয় সংসদ নির্বাচন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গত ১৩ ফেব্রুয়ারি ইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছিলেন, সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয় তাদের দল। জামায়াত মনে করে নির্বাচনসংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। আর এই নির্বাচন প্রশ্নেই এক সময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় বিএনপির।

এর ঠিক দুই মাস পর গত ১৬ এপ্রিল ঢাকায় সফররত মার্কিন কূটনীতিক দলের সঙ্গে বৈঠকের পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন হওয়া দরকার। জামায়াত মনে করে, আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা-ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসবে। তখন নির্বাচন অনিশ্চিত হওয়ার আশঙ্কা দেখা দেবে। এ জন্য জামায়াতের প্রস্তাব রমজানের আগেই যাতে নির্বাচন হয়ে যায়। ফলে নির্বাচন প্রশ্নে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব কমেছে বলেই মনে করছেন রাজনীতিসংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সে জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। রয়টার্সের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমি বলব যে, এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে গত বছরের ৮ আগস্ট। সেই হিসাবে ১৮ মাস হয় আগামী বছরের ফেব্রুয়ারিতে। যেটি বিএনপি ও জামায়াতে ইসলামীর দাবির কাছাকাছি।

বিএনপি ও এর মিত্ররা নির্বাচনের জন্য অপরিহার্য বিষয়গুলোয় সংস্কার চায়। আর পূর্ণাঙ্গ সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে বলছে তারা। জামায়াতে ইসলামী আগের অবস্থান থেকে সরে এসে এখন প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে। তবে ইসলামী আন্দোলন, গণ-অধিকার পরিষদসহ কয়েকটি দল নির্বাচনের আগে পূর্ণাঙ্গ সংস্কারের কথা বলে আসছে। সংস্কার নাকি নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও তাদের সবাই দ্রুত একটি রোডম্যাপ চাইছে।

রাজনীতি ও নির্বাচনের এই জটিল অংকের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গত বুধবার দুপুরে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করে দলটি। বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি মোটেও সন্তুষ্ট নয়। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি, ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয়, তা হলে দেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দেওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপির পরবর্তী অবস্থান সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, দল ও মিত্রদের সঙ্গে আলোচনা করে আমরা আবার আপনাদের সামনে আসব।

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শেষে নির্বাচন কোনোভাবেই আগামী বছরের জুনের পরে যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আমরা বিএনপিকে ক্যাটাগরিক্যালি বলেছি, নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না। যে যাই বলুক না কেন, এটা পুরো জাতির প্রতি প্রধান উপদেষ্টার অঙ্গীকার। বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে কিছু বিষয় স্পষ্ট করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানে, ইচ্ছা করে দেরি করে মে বা জুন মাসে নির্বাচন করা হবে, সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব। ডিসেম্বরে সম্ভব হলে ডিসেম্বরে, জানুয়ারিতে সম্ভব হলে জানুয়ারিতেই নির্বাচন হবে বলে বিএনপিকে বৈঠকে বোঝানো হয়েছে, জানান আইন উপদেষ্টা। অন্যদিকে সরকারের দিক থেকে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট দিন-তারিখ উল্লেখ করা না হলেও এ বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ আসছে ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন।