মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ১৩ এপ্রিল রাতে বিদ্যালয়ের অফিস কক্ষে চোরেরা হানা দিয়ে একটি ল্যাপটপ, একটি ভিডিও প্রজেক্টর এবং একটি ঘণ্টা বেল নিয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ হাওলাদার জানান, ১০ এপ্রিল ক্লাস শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন। বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. লিয়াকত আলী খান ১১ ও ১২ এপ্রিল ছুটিতে ছিলেন। ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা দুপুরের মধ্যে বিদ্যালয় ত্যাগ করেন।
চোরেরা রাতের কোনো এক সময় বিদ্যালয়ের পূর্ব পাশের ছাদ বেয়ে উঠে লাইব্রেরির জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। পরে অফিস কক্ষে ঢুকে টেবিলের উপর থাকা একটি ‘লিনেভো’ ল্যাপটপ, আলমারির তালা ভেঙে একটি ‘হিটাচি’ ব্র্যান্ডের ভিডিও প্রজেক্টর এবং একটি ঘণ্টা বেল চুরি করে।
পরদিন সকালে প্রহরী লাইব্রেরির দরজা খুলে ভেতরের এলোমেলো অবস্থা দেখে বিষয়টি প্রধান শিক্ষককে অবহিত করেন। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা শিক্ষা অফিসারকে জানায় এবং মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ঘটনাস্থলে একাধিক প্রত্যক্ষদর্শী ছিলেন এবং দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
প্রহরী মো. লিয়াকত আলী খান প্রাথমিকভাবে আশপাশের কিছু মাদকাসক্ত ব্যক্তির ওপর সন্দেহ প্রকাশ করে বলেন, এলাকায় এ ধরনের আরও কয়েকটি চুরির ঘটনা ঘটেছে, যা একটি পূর্ব পরিকল্পিত চোরচক্রের কাজ বলে মনে হচ্ছে।











































