Home আলোচিত সংবাদ ফিচার: জীবনযুদ্ধে জয়ী অদম্য নারী

ফিচার: জীবনযুদ্ধে জয়ী অদম্য নারী

90


ফাতেমা তুজ জোহরা।।
নারী এই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে অসীম শক্তি, সহনশীলতা এবং সৃষ্টির প্রতীক। কিন্তু ইতিহাসের পাতায় পাতায়, সমাজের গলিপথে, এমনকি নিজের ঘরের চৌকাঠেও নারীকে বারবার নির্যাতনের শিকার হতে হয়েছে। শারীরিক, মানসিক, সামাজিক—নানা রূপে নির্যাতনের এই ছায়া তার জীবনকে গ্রাস করার চেষ্টা করেছে। তবুও, এই নির্যাতনের অন্ধকারে হারিয়ে না গিয়ে অনেক নারী ফিনিক্সের মতো জেগে উঠেছে, নিজের অধিকারের জন্য লড়েছে, সমাজের প্রতিষ্ঠিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে। এরাই অদম্য নারী যারা ভেঙে পড়েনি, বরং ভাঙা টুকরোগুলো জুড়ে নতুন এক জীবন গড়েছে।
বিশ্বজুড়ে বর্তমান সময়ে শুধূ নয় আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তখনও অদম্য নারীরা প্রাণপণ লড়াই করে গেছেন। প্রাচীন ইতিহাসে অদম্য নারীদের উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই মিশরের রানি ক্লিওপেট্রা (৬৯-৩০ খ্রিস্টপূর্ব)। তিনি রাজনৈতিক কৌশল ও সাহসিকতার মাধ্যমে রোমান সাম্রাজ্যের সঙ্গে টক্কর দিয়েছিলেন। ভারতের রানি লক্ষ্মীবাঈ (১৮৫৭-৫৮) ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। মধ্যযুগে ইউরোপে জোয়ান অফ আর্ক (১৪১২-১৪৩১) একজন কৃষক কন্যা হয়েও ফ্রান্সের সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে হানড্রেড ইয়ার্স ওয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সাহস ও বিশ্বাস তাকে ইতিহাসে অমর করে রেখেছে। বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাপটে প্রীতিলতা ওয়াদ্দেদার (১৯১১-১৯৩২) একজন অদম্য নারী। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবে অংশ নিয়েছিলেন এবং চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পর আত্মাহুতি দিয়েছিলেন। বিশ্বব্যাপী ম্যালালা ইউসুফজাইয়ের মতো নারীরা শিক্ষার জন্য লড়াই করে আধুনিক যুগে অদম্যতার প্রতীক হয়ে উঠেছেন। বাংলার ইতিহাসে অদম্য নারীদের কথা বলতে গেলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২) এর নাম উঠে আসে। তিনি নারী শিক্ষার পথিকৃৎ এবং “সুলতানার স্বপ্ন” নামক গ্রন্থে নারীমুক্তির কল্পনা তুলে ধরেছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসংখ্য নারীও সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছিলেন, যারা “বীরাঙ্গনা” নামে পরিচিত। ইতিহাস বলে, অদম্য নারীরা শুধু নিজেদের জন্য নয় সমাজ ও জাতির জন্য লড়াই করেছেন। তাদের গল্প, সাহস, ত্যাগ এবং অপ্রতিরোধ্য ইচ্ছাশক্তির প্রমাণ বহন করে।
এই অদম্য নারীদের খুজে বের করতে বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের একটি উদ্যোগ অদম্য নারী পুরস্কার কর্মসুচি। যার লক্ষ্য নারীদের সাফল্য ও ক্ষমতায়নের গল্প খুঁজে বের করে তাদের সম্মাননা প্রদান করা। এই কর্মসূচির মাধ্যমে এমন নারীদের চিহ্নিত করা হয়, যারা প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও নিজেদের অদম্য ইচ্ছা, প্রচেষ্টা ও সাহসিকতায় সাফল্য অর্জন করেছেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছেন। অদম্য নারী শব্দটি এখানে একজন সংগ্রামী ও অপ্রতিরোধ্য নারীর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, যিনি নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিমূর্ত প্রতীক।
এই উদ্যোগের আওতায় অদম্য নারীদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী – যারা অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বী হয়েছেন। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী – যারা শিক্ষা বা পেশাগত জীবনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সফল জননী নারী – যারা মাতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি সন্তানদের জন্য অনুপ্রেরণার উৎস হয়েছেন। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়ানো নারী – যারা নির্যাতনের শিকার হয়েও জীবনে নতুনভাবে শুরু করেছেন। সমাজ উন্নয়নে অবদান রাখা নারী – যারা সমাজের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই প্রক্রিয়ায় ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অদম্য নারীদের বাছাই করা হয়। স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই বাছাইয়ে অংশ নেন। অদম্য নারী পুরস্কার বাংলাদেশে একটি সম্মানজনক পুরস্কার যা সাধারণত আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া হয়, যেখানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের সম্মানিত করা হয়।
এরই ধারাবাহিকতায় এ বছর খুলনা বিভাগের পাঁচজনকে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে যশোর সদরের মোছা. চম্পা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী যশোর কেশবপুরের টুম্পা সাহা, সফল জননী ক্যাটাগরিতে সাতক্ষীরা সদরের মমতাজ খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ঝিনাইদহ সদরের রওশন আরা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাগরিতে মাগুরা সদরের ডালিফা ইয়াসমিন। এই পাঁচজন নারীকে অদম্য নারী পুরষ্কার ২০২৫ এর সম্মাননা ও পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান বলেন, অদম্যদের কেউ দমিয়ে রাখতে পারে না। পুরস্কারে ভূষিত হন বা না হন নারীরা সবাই অদম্য। ২০১৩ সাল থেকে অদম্য নারী পুরস্কার ধারাবাহিকভাবে দিয়ে আসছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এই পাঁচজন অদম্য নারীদের একজন নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ঝিনাইদহ সদরের রওশন আরা খাতুন । ঝিনাইদহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনার সময় এক সন্ধ্যায় তার জীবনে নেমে আসে অমানিশার অন্ধকার। সে সময়ে তাকে অপহরণ করা হয়। নিয়ে যাওয়া হয় রাজধানী শহর ঢাকাতে। সেখানেই ১৯৯৪ সালের ১২ এপ্রিল যারা তাকে অপহরণ করেছিল তাদের মধ্যে একজনের সঙ্গে ১৩ বছর বয়সে তার বিয়ে হয় । এই অল্প বয়সেই বেকার স্বামীর সংসারে অত্যাচারিত হতে থাকেন। অনেক সময় তাকে চাপ দেয়া হত বাপের বাড়ি যোগাযোগ করে অর্থ ও অন্য সুবিধা আনতে। স্বামী তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সব সময় তাকে খোঁটা দিতেন মুর্খ মেয়ে মানুষ, আনকালচার বলে। এমনকি পরিবারের সকলে মিলে সমানভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। এই নির্যাতন সহ্য করে তিনি গোপনে পড়ালেখা চালিয়ে যান। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর তার স্বামী জানতে পারে পড়ালেখার কথা। এরপর তার উপর অমানুসিক নির্যাতন চলে এক পর্যায়ে তাকে সন্তানসহ বাড়ী থেকে বের করে দেওয়া হয়। ভাগ্যক্রমে একটি ক্যাসেট কোম্পানি তাকে প্রস্তাবনা দেন বিজ্ঞাপনে কন্ঠ দেবার জন্য। রওশন কাজটি শুরু করেন এবং পাশাপাশি পড়ালেখা, টিউশনি এবং নানাবিধ কাজে যুক্ত হন। ২০০২ সালে জাতীয় শিক্ষা সংস্কৃতি প্রতিযোগিতায় সারা বাংলাদেশে উপস্থিত বিতর্কে প্রথম হন তিনি। একই বছর সূযোগ পেলেন ফেয়ার এন্ড লাভলী ফাউন্ডেশন এর আওতায় ক্রাফটস্ অ্যান্ড ডিজাইনিং এর উপর ডিপ্লোমা কোর্স করার সুবর্ণ সূযোগ। ফেয়ার অ্যান্ড ফাউন্ডেশন এর প্রশিক্ষণ নেবার সময় কিছু দরজা তার জন্য খুলে যায়। রওশন ডিজাইনিং নিয়ে কাজ শুরু করেন প্রখ্যাত ডিজাইনার চন্দ্র শেখর সাহা- রুবি গজনবীর সঙ্গে। একই ভাবে অ্যাডকমের হয়ে গিতী আরা সাফিয়ার ইশারায় উপস্থাপনা শুরু করেন ফরিদুর রহমানের দূরে কোথাও ও ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশে। ২০১০-২০১১ সালে রওশন ল’ পরীক্ষা দিয়ে পাশ করেন সাফল্যের সঙ্গে। আইনজীবী পরীক্ষার জন্য নিবন্ধন নেন। তের- চৌদ্দ সেশনে তিনি এমফিল রেজিষ্ট্রেশন করেন এবং কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে পাশ করেন। ইতিমধ্যে নাম করা কয়েকটি সংস্হায় কাজ শুরু করেছেন কৃতিত্বের সঙ্গে। । এম ফিলের পর জীবিকার কারণে পি এইচ ডি শুরু করতে দেরী হয়। কিন্তু এরই মধ্যে প্রকাশিত হয়েছে তার একক উপন্যাস, গবেষণা জার্ণাল আর দুই বাঙলা মিলে গল্পের বই। নিজের কাজের পাশাপাশি বড় করেছেন পুত্রদের। তারা চমৎকার ভাবে বিকশিত ও সহানুভূতিশীল মা’য়ের সঙ্গে। আন্দোলন, সংগ্রাম, সামাজিক ও মানবিক দায়ে সদা সোচ্চার রওশন। কালশিটে পড়া দাগ, ভাঙা আঙুল আজ আর তাকে হতাশ করে না। বরং অনাবিল স্বস্তি ও কৃতজ্ঞতায় তিনি স্মরণ করেন অতীতের সেইসব সহৃদয় মানুষদের। যারা পাশে ছিলেন বলে লড়াইটা অনেক সহজ হয়েছে। তার গল্প আমাদের মনে করিয়ে দেয়—নির্যাতন নারীকে পরাজিত করতে পারে না, যদি তার মনে থাকে অদম্য ইচ্ছাশক্তি।
বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর ওপর নির্যাতন এখনো একটি জ্বলন্ত সমস্যা। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ থাকা সত্ত্বেও প্রতিনিয়ত ঘটে চলেছে ধর্ষণ, পারিবারিক নির্যাতন, যৌতুকের জন্য হত্যা এবং সামাজিক বৈষম্যের ঘটনা। তবে নির্যাতন শুধু শারীরিক নয়, মানসিক নির্যাতনও নারীকে ভেতর থেকে ভেঙে দেয়। সমাজের প্রত্যাশা, পুরুষতান্ত্রিক মনোভাব, এবং নারীকে “দ্বিতীয় শ্রেণির নাগরিক” হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি তাকে অদৃশ্য শিকলে বেঁধে রাখে। এই নির্যাতনের মাঝেও যে নারী লড়াই করে, সে সত্যিই অদম্য।
নারীদের এই অদম্যতা শুধু তাদের নিজেদের জন্য নয়, সমাজের প্রতিটি স্তরে প্রভাব ফেলে। অদম্য নারীরা আমাদের শেখান কীভাবে প্রতিকূলতাকে জয় করতে হয়। তারা আমাদের শেখান, জীবনের প্রতিটি লড়াইয়ে হার মানা নয় বরং এগিয়ে যাওয়াই জয়ের পথ। অদম্য নারীরা তাই আমাদের চিরন্তন অনুপ্রেরণা—যারা প্রতিটি প্রজন্মকে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণে এগিয়ে যেতে উৎসাহিত করেন।
পিআইডি ফিচার
লেখক: সহকারী তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস খুলনা