Home আঞ্চলিক গ্যাস সরবরাহের দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি পেশ

গ্যাস সরবরাহের দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি পেশ

10


স্টাফ রিপোর্টার।।

ভোলা থেকে খুলনায় গ্যাস সরবরাহ না করে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পালিত হয় এ কর্মসূচি। পরে গ্যাস সরবরাহের দাবিতে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও জ্বালানি উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি।

অবস্থান কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোলা থেকে একই সঙ্গে ঢাকা ও খুলনা পর্যন্ত গ্যাস পাইপ লাইন স্থাপনের কথা ছিল। কিন্তু সম্প্রতি পেট্রোবাংলা শুধুমাত্র ভোলা-ঢাকা রুটে পাইপলাইন বসানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভোলা-খুলনা রুটে কবে গ্যাস সঞ্চালন পাইপলাইন বসানো হবে তা অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ খুলনার মানুষ দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহের দাবি জানিয়ে আসছে। ভোলার গ্যাস খুলনায় অগ্রাধিকার ভিত্তিতে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে খুলনা অবহেলিত ও উন্নয়ন বঞ্চনার শিকার। সরকার পরিবর্তন হয় কিন্তু খুলনার উন্নয়ন হয় না, খুলনার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা এই অবস্থার অবসান চাই। সকল অঞ্চলের সুষম উন্নয়ন করতে হবে। উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য আমরা চাই না। ভোলার উত্তোলিত গ্যাস অবশ্যই খুলনায় দিতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। পরিচালনা করেন মহাসচিব শেখ হাফিজুর রহমান হাফিজ।