সৈয়দ রানা কবীর।।
পতিত আওয়ামী লীগের খুলনার প্রভাবশালী নেতাদের লবিং ও প্রচেষ্টায় নিয়োগ পাওয়া খুলনার বেসরকারি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সেখ এনায়েতুল বাবর এখনও বহাল রয়েছেন। অভিযোগ রযেছে, ফ্যাসিস্ট সরকারের উচ্চ পর্যায়ের আমলা ও রাজনীতিক প্রভাবশালীরা তার নিকট আত্মীয় হওয়ায় গত এক বছর শিক্ষার্থী ও শিক্ষক নিয়োগে দলীয়করণ এখনো অব্যাহত রেখেছেন। শুধু তাই নয়, শেখ বাড়ির ও পলাতক সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন প্রফেসর ড. সেখ এনায়েতুল বাবর জুলাই অভ্যুত্থানে সম্পৃক্ত ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের বহিষ্কার ও চাকুরীচ্যুত অব্যাহত রয়েছে। তাঁর পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের নানা আন্দোলন হলেও তারা তাকে পদচ্যুত করতে ব্যর্থ হয়েছেন।
অভিযোগ উঠেছে, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য বিগত জুলাই-আগস্টে কোটাবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সরাসরি বাধা প্রদানকারী ব্যক্তি। ছাত্র আন্দোলনের মাঝেও তিনি ২-৮ আগস্ট পর্যন্ত স্বৈরাচারের দোসর ট্রাস্টিদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে এ্যাডমিশন ফেয়ার চালু করেছিলেন। এমনকি যারা ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন তাদের শাস্তি প্রদানের জন্য তালিকা তৈরি করেছন । ইতিমধ্যে কয়েকজন ছাত্রকে বহিষ্কার ও কয়েক শিক্ষক ও কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে নিয়োগ পূর্ববতী সময়ে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠানো তার জীবন বৃত্তান্তের মাধ্যমে জানা যায়, প্রফেসর ড.এনায়েতুল বাবর তিনি ছাত্রজীবন থেকে ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বুয়েট ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলেন। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের প্রভাবশালী সদস্য ও খুলনা মহানগর কার্যনির্বাহী কমিটির একজন সক্রিয় সদস্য।
এছাড়া তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাঁর আপন চাচাতো ভাই, পুলিশের সাবেক অতিরিক্ত আইজি শেখ মারুফ হাসান তাঁর আপন খালাতো ভাই, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম আবুল বাসার মোল্লা তাঁর আপন মামা।
অপরদিকে অন্য একটি সুত্রে জানা যায়, খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি ছোঁড়া রাজনীতিক খুলনা সদর থানা আওয়ামী লীগ ও খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তাঁর আপন খালাতো ভাই, বাফুফে’র সাবেক সদস্য তাঁর আপন ফুপাতো ভাই, বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম তাঁর আপন খালা।
এই বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগদানের আগে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে প্রেরিত তাঁর প্যানেল প্রাথমিকভাবে বাদ পড়েন। পরে তাঁর চাচাতো ভাই সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও পলাতক সাবেক কেসিসি মেয়র ও বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক এর জোরালো লবিং ও প্রচেষ্টায় বাবর একক ভাবে ভাইস-চ্যান্সেলর মনোনীত হন।
একটি গোপন সুত্রে জানাগেছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৪-০১-২০২৪ খ্রি. তারিখে জারিকৃত ৭.০০.০০০০.০৭৮.১১.০০১.২০১৫-২৭ নং স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনা এর ভাইস চ্যান্সেলর পদে চার বছর মেয়াদে নিয়োগ প্রাপ্ত হন। ২০২৪ সালের ০১ ফেব্রুয়ারি তিনি বিশ্ববিদ্যালয়টিতে যোগদান করেন। এর আগে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে অধ্যাপক হিসেবে চাকুরীরত ছিলেন। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যোগদানের পর থেকে তার একরোখা সিদ্ধান্ত ও দলীয়করণের জন্য গত এক বছরে প্রতিষ্ঠানটির একাডেমিক ও শিক্ষাকার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নাম প্রকাশ না করার শর্তে বিগত সরকারের সুবিধাভোগী এই ভিসিকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কথা বলার জন্য নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্যের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।











































