ক্রীড়া ডেস্ক।।
লাতিন অঞ্চল থেকে বিশ^কাপের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ বিশ^কাপের বাছাইপর্বের ম্যাচে শনিবার ভোরে আলবিসেলেস্তরা ১-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে। জয়ের নায়ক থিয়াগো আলমাদা। সামনে ২৬ মার্চ ব্রাজিলের সঙ্গে ড্র করলেই বিশ^কাপের নকআউটের টিকিট নিশ্চিত হয়ে যাবে লিওনেল মেসির দলের। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা মন্টিভিডিওতে অন্তত ড্রয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল। বাছাইপর্বের শুরুতে বুয়েন্স আয়ার্সে এই উরুগুয়ের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। যে কারণে শনিবার শুরু থেকেই আর্জেন্টাইনদের বেশ নার্ভাস মনে হয়েছে। যদিও শেষ পর্যন্ত মন্টিভিডিওর এস্তাদিও সেনটেনারিওর সমর্থকদের হতবাক করে দিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই বাড়ি ফিরেছে আর্জেন্টিনা।
২৩ বছর বয়সী এ্যাটাকিং মিডফিল্ডার আলমাদা দুর্দান্ত স্ট্রাইকে ৬৮ মিনিটে উরুগুইয়ান গোলরক্ষক সার্জিও রোশেকে পরাস্ত করেন।
লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, পাওলো দিবালাসহ বেশি কয়েকজনের অনুপস্থিতিতে আক্রমণে শক্তি হারানো আর্জেন্টিনাকে শুরু থেকে চেপে ধরে উরুগুয়ে। সফরকারীদের মিডফিল্ডাররা তো বটেই ফরোয়ার্ড আলমাদাও অনেকটা নিচে নেমে রক্ষণে সহায়তা করেন।
তবে গোলের জন্য প্রথম শট নেয় আর্জেন্টিনাই। ১৯তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে চেষ্টা করলেও শট লক্ষ্যে রাখতে পারেননি লিয়ান্দ্রো পারেদেস। আট মিনিট পর এনজো ফের্নান্দেসের দুর্বল বাঁকানো শট গ্লাভসে নেন উরুগুয়ে গোলরক্ষক সের্হিও রোচেত। দুই দল মিলিয়ে লক্ষ্যে এটাই প্রথম শট।
সফরকারীদের জমাটরক্ষণে একের পর এক আক্রমণ ব্যর্থ হলে ৩৩তম মিনিটে দূরপাল্লার শটে চেষ্টা করেন উরুগুয়ে মিডফিল্ডার জর্জিয়ান দে আরাকায়েস্তা। সতর্ক এমিলিয়ানো মার্তিনেস ঝাঁপিয়ে গ্লাভসে নেন বল। প্রথমার্ধটা গোলশূণ্যভাবে শেষ হয়।
বিরতির পর ৬২তম মিনিটে সিমেওনের শট পা দিয়ে ঠেকিয়ে আর্জেন্টিনার গোলের অপেক্ষা বাড়ান রোচেত। পরের মিনিটে হুলিয়ান আলভারেসের দুর্দান্ত রক্ষণ চেরা পাসে আলমাদা একটু বাড়তি সময় নেওয়ার সুযোগ কাজে লাগিয়ে বেরিয়ে এসে ক্লিয়ার করেন উরুগুয়ে গোলরক্ষক। ছয় মিনিট পর আর পারেননি রোচেত। আলভারেসের কাটব্যাকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে জাল খুঁজে নেন আলমাদা। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি উরুগুয়ে গোলরক্ষক।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে উরুগুয়ের ডিফেন্ডার নাহিতান নানডেজকে বাজেভাবে চ্যালেঞ্জের অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বদলি খেলোয়াড় নিকোলাস গঞ্জালেজকে। এই একটি ঘটনা ছাড়া পুরো ম্যাচে আর্জেন্টিনাকে আর আটকানো যায়নি। যদিও এই লাল কার্ড ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি অবশ্য মেসিবিহীন দলের পারফরমেন্সের প্রশংসাই করেছেন। ইনজুরির কারণে এই ম্যাচে অনুপস্থিত ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। ১৩ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে ইকুয়েডর। ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে উরুগুয়ে ও প্যারাগুয়ে। টানা তিন হারে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে কলম্বিয়া। নিজেদের পরের ম্যাচে বলিভিয়া (১৩) পয়েন্ট হারালেই নিশ্চিত হয়ে যাবে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা।
স্কালোনি বলেন, ‘আমি কেন সন্তুষ্ট হবো না শুধু জয়ের জন্য নয়, সার্বিকভাবে যেভাবে খেলোয়াড়রা নিজেদের এগিয়ে নিয়ে গেছে তাতে তারা প্রশংসার দাবিদার। একটি পরিপূর্ণ ম্যাচ আজ তারা উপহার দিয়েছেন। একজন খেলোয়াড় যখন অনুপস্থিত থাকে অন্য কেউ এসে তার জায়গা পূরণ করে দেয়। পুরো দল তখন নতুনভাবে সবকিছুর সঙ্গে মানিয়ে নেয়।’
এই জয়ের ফলে আগামী মঙ্গলবার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারাতে পারলেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। টেবিলের শীর্ষ ৬টি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
দিনের আরেক ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে খেলার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকল ইকুয়েডর। দলের হয়ে দুই গোলই করেছেন অভিজ্ঞ স্ট্রাইকার
ইনার ভ্যালেন্সিয়া।











































