Home Lead সুন্দরবনে আগুন জ্বলছে, ফায়ার লাইন কেটে নেভানোর চেষ্টা

সুন্দরবনে আগুন জ্বলছে, ফায়ার লাইন কেটে নেভানোর চেষ্টা

12


মোংলা প্রতিনিধি
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) জিউধারা ষ্টেশনের কলমতেজী ক্যাম্পের টেপারবিলে লাগা আগুন এখনও জ্বলছে। তবে রাতেও আগুন নিভানোর কাজ করছেন বনবিভাগ। এদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা পাইপ লাইন টেনে রবিবার সকাল থেকে পানি দিয়ে আগুন নিভানোর কাজ শুরু করবেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের (বাগেরহাট) বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম জানান, বনের ৩ থেকে ৪ একর এলাকার লতাপাতা-গুল্মে আগুন ধরেছে। আগুনের যাতে বিস্তৃতি না ঘটে সেজন্য ফায়ার লাইন কেটে ও স্বল্প পরিসরে পানি ছিটিয়ে আগুন নিভানোর চেষ্টা করছেন বনবিভাগ। আর আগামীকাল রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম আগুন নিভানোর কাজ শুরু করবেন। তবে আগুন এখনও জ্বলছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, আপাতত আগুন লাগার কারণ নির্ণয় করা যায়নি। আগুন পুরোপুরি নিভানোর পরই কারণ উদঘাটনে তদন্ত কমিটি করা হবে।
অপর একটি সূত্র জানিয়েছে, পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী ক্যাম্প সংলগ্ন এলাকায় লাগা আগুন তিন একর জায়গায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলের চারপাশে কাটা হয়েছে ফায়ার লাইন (শুকনা পাতা সরিয়ে ও মাটি কেটে নালা তৈরি)। সেইসঙ্গে চলছে ফায়ার সার্ভিসের লাইন স্থাপনের কাজ।
লোকালয় থেকে দূরে ও দুর্গম বন এলাকায় আগুন লেগেছে। এজন্য সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে অগ্নিনির্বাপণের লোকজনদের। এরইমধ্যে রাত হয়ে যাওয়ায় কাজে ব্যাঘাত ঘটছে। খবর পেয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হলেও তারা এখনো পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।
বন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, ‘এমনিতেই রাত হয়ে গেছে, পথে শুনলাম চারপাশে ফায়ার লাইন কাটা হয়েছে। এ-ও শুনেছি বনের তিন একর জায়গাজুড়ে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।’
এর আগে শনিবার দুপুর ১২টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বিকেল ৩টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে বন বিভাগ।
বন বিভাগ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে কাজে বেগ পেতে হচ্ছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস বলেন, আশপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহিন বনে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে। এর আগে ২০২৪ সালের ৪ মে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।