খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, প্রতিদিনই শিশু ও নারী ধর্ষণ হচ্ছে। রাস্তায় যাকে খুশি, যাকে পাচ্ছে কোপাচ্ছে। এ জন্য কি গণঅভ্যুত্থান হয়েছে? এ জন্য কি ড. ইউনূস সরকার রাষ্ট্রক্ষমতায় এসেছেন? সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারলে ক্ষমতা ছেড়ে দেয়ার আহবান জানান।
বৃহস্পতিবার (১৩ মার্চ) নগরীর কমার্স কলেজ ছাত্রদল, ১৮ নং ওয়ার্ড বিএনপি ও অভিজাত হোটেলে সাবেক খেলোয়ারদের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তুহিন আরো বলেন, বিগত ৮ মাসে সারা দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীন ভূগছে। এ থেকে পরিত্রান পেতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী শীঘ্রই ভোট দিতে হবে। দেশের প্রায় সব রাজনৈতিক দল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানালেও অন্তর্বরতী সরকার তা ‘কৌশলে’ এড়িয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে একেক সময় একেক ধরনের তথ্য দেওয়া হচ্ছে, যা সন্দেহ বাড়াচ্ছে। ড. ইউনূসের মতো এক বিশ্ববরেণ্য মানুষ এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন, তাই মানুষের তার কাছে প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু এখন মানুষ দেখছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ হয়নি, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, নারী নিরাপত্তাহীনতায় ভুগছে। এ সময় বিএনপি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলন।











































