Home জাতীয় খুলনার শেখ হাসিনাসহ তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

খুলনার শেখ হাসিনাসহ তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

14


ঢাকা অফিস
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ)দেশের ৩টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হচ্ছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ছাড়াও খুলনার ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ এবং সিলেটের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের’ নামও পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসএমএমইউ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’,খুলনার নাম পরিবর্তিত হয়ে ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ হবে। ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’, সিলেট-এর নাম পরিবর্তিত হয়ে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ হবে।
খুলনাবাসীর দীর্ঘ আন্দোলনের প্রেক্ষাপটে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি জাতীয় সংসদে এই বিশ্ববিদ্যালয় স্থাপন আইন পাস হয়। একই বছরের ৩ মে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর সাত মাস পর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি) পরিচালনার জন্য খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. মো. মেহেদী নেওয়াজকে প্রকল্প পরিচালক করা হয়। আর উপ-প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. নুরুল মোমেনকে।
ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়টির সম্ভাব্যতা সমীক্ষা শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এতে স্থায়ী ক্যাম্পাস ও আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও মৌলিক অবকাঠামো নির্মাণে একটি খসড়া প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ২০২৩ সালের মে মাসে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগে দাখিল করা হয়। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য ৫০ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেয় মন্ত্রণালয়। পরে বটিয়াঘাটা উপজেলায় ১ হাজার ৮৭৪ কোটি টাকা ব্যয়ে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। তবে নকশা পরিবর্তন ছাড়া নানা কারণে প্রকল্পটির বাস্তবায়ন পিছিয়ে যায়। ২০২৪ সালের ৯ মে একনেক সভায় কিছু শর্তসাপেক্ষে ডিপিপি অনুমোদিত হয়।