স্টাফ রিপোর্টার
নগরীর একটি ক্লিনিকে সদ্যজাত শিশুর পিতৃত্ব নিয়ে সংঘাতের ঘটনায় মো: নুরুল ইসলাম (৫৮) নামের একজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭ টায় নগরীর সদর থানাধীন রূপসা ট্রাফিক মোড়ের নিশাত সুলতানা ক্লিনিকে এ ঘটনা ঘটে। আহত নুরুল ইসলাম বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা বাসিন্দা শেখ চান মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, রূপসার নিশাত সুলতানা ক্লিনিকে শিমু (৩৫) নামে সিজার করার জন্য ভর্তি হন।সেখানে তিনি সিজারের মাধ্যমে একটি শিশুর জন্ম দেন। এই শিশুটিকে নিজের দাবি করে ওই নারীর প্রেমিক সাব্বির হোসেন (৩০) ক্লিনিকের ভিতরে ঢুকে জোর করে শিশু বাচ্চাকে নিয়ে যেতে চান। এ নিয়ে উভয় পক্ষের বাকবিতণ্ডা ও তর্ক বিতর্কের এক পর্যায়ে সাব্বির ধারালো চাপাতি দিয়ে ওই নারীর বর্তমান স্বামী নুরুল ইসলামকে ডান হাতের কেনুর নিচে কোপ দেন।
খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসেন মাসুম জানান, সাব্বির হোসেন নগরীর সদর থানার জোড়াকল বাজার এলাকার শিমু নামের গৃহবধূর প্রেমিক। সাব্বির যখন জানতে পারে যে শিমুর সিজার হয়েছে তখন তিনি নিশাত সুলতানা ক্লিনিকের ভিতরে ঢুকে ওই সন্তানের পিতৃত্ব দাবি করেন। এ ঘটনায় শিমুর স্বামী নুরুল ইসলাম ক্ষুব্ধ হন। এক পর্যায়ে সাবির ধারালো অস্ত্র দিয়ে নুরুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্লিনিকে ফেলে চলে যায়। ক্লিনিকের স্টাফরা ও স্থানীয়রা বিষয়টি তাকে জানান।
ওসি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে আহত নুরুল ইসলামকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি-২ বিভাগের (১১-১২) ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।











































