সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা থানায় অভিযোগ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামে শামীমা আরজু নামের একজন মহিলা তাঁর ক্রয়কৃত ও ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে প্রতিপক্ষের একটি গ্রুপ। এঘটনায় দুইজনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় ১টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানা গেছে, উক্ত গ্রামের সরফরাজ শেখ এর কন্যা শামীমা আরজু ফকিরহাট থানাধীন ১০৯নং খতিয়ানের শ্যাামবাগাত মৌজায় ৫০৮ ও ২২৩ দাগে চেহেরা গং এবং মমতাজ গংদের নিকট থেকে দুই দলিলে শামীমা আরজু তার চাচা ও ফুফু তিনজনে জমি ক্রয় করেন। এবং আরো তিনটি দলিলে ০.০১৩৮একর, ০.০৩৬০একর,০.০০১৫একর এর মধ্যে হইতে সর্বমোট ০.০৮২১ একর জমি ক্রয় করে তা ভোগ দখলে রয়েছেন। কিন্তু শামীমা আরজু’র স্বামী বিদেশে থাকায় উক্ত সম্পত্তি দেখা শুনার জন্য তার পিতা সরফরাজ শেখকে পাওয়ার অফ এর্টনি প্রদান করেন। সেই সময় হইতে উক্ত সম্পত্তি তার পিতা সরফরাজ শেখ দেখাশুনা করে আসছেন। এরই জের ধরে প্রতিপক্ষের মনিরা পারভীন ও মোঃ ফারুকুজ্জামান বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। কিন্তু আদালতে সেই মামলা হেরে গিয়ে তারা আরো বেপরোয়া হয়ে পড়ে। এবং ঘটনা দিন গত ৬ই মার্চ সকালে বেশ কিছু বহিরাগতদের সহযোগীতায় বিরোধপূর্ণ জমি জবর দখলের জন্য ইট দিয়ে সিমানা প্রচীর নির্মাণের জোর চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়,বিরোধপূর্ণ সম্পত্তিতে পাকা ইমারাত নির্মাণ করছে। ইহাতে তিনি বাঁধা দিলে প্রতিপক্ষের লোকেরা তাদেরকে নানাভাবে হুমকি প্রদান করছে। এঘটনায় তিনি বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় ৬ই মার্চ দুইজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোংলা প্রতিনিধি
আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও হামলা-ভাংচুরের নেতৃত্ব প্রদাণকারী তুহিনের বহিষ্কারের দাবীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে বাগেরহাটের রামপালে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা। রামপাল সদরে বিক্ষোভ মিছিল শেষে থানার সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, শেখ ফিরোজ কবির, আলতাফ হোসেন বাবু ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, ৫আগস্টের পর থেকে সাবেক খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও এমপি হাবিবুন নাহারের দোসরদের সাথে নিয়ে এলাকায় চিংড়ি ঘের দখল, হামলা, লুটপাট ও ভাংচুর চালিয়ে উপজেলা জুড়ে সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছেন রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। তিনি এ উপজেলায় সন্ত্রাসের গডফাদারে পরিনত হয়েছেন। এর আগে অর্থাৎ আওয়ামী লীগের ১৫/১৭বছর ধরে তুহিন আওয়ামী লীগের সাথে লিয়াজো করে চলে দলের অনেক ক্ষতি করেছেন। আর এখন আওয়ামী লীগের ক্যাডার বাহিনী দিয়ে নিজ স্বার্থে দলের লোকজনকে পিটাচ্ছেন। তাই আমরা তার দলের পদ থেকে বহিষ্কারের দাবী জানাচ্ছি। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হবে বলে জানান বক্তারা।
শার্শায় স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শার কায়বায় স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙ্গিয়ে আশিকুজ্জামান আশিক (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশিকসহ ৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। রবিবার (৯ মার্চ) ভুক্তভোগী হারুন মোড়ল বাদী হয়ে এ অভিযোগটি করেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার কায়বায় ইউনিয়নের বাগুড়ী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে অশিকুজ্জামান আশিক (২৮), করিম মিস্ত্রির ছেলে টুটুল (৩০), লুৎফারের ছেলে মুন্না হোসেন (২৭) মৃত চাঁদ আলীর ছেলে চটা সিরাজ (৪৮), আলাউদ্দিনের ছেলে লিটন হোসেন (৩৫), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কাওসার আলী (৩০) ও রাড়ীপুকুর গ্রামের মৃত ফকির আহম্মেদের ছেলে নজিবুল্লাহ (৩২)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাড়িপুকুর গ্রামের মৃত সুখচাঁন মোড়লের ছেলে হারুণ মোড়ল পেশায় একজন ব্যবসায়ী। তিনি গত ২৮ ডিসেম্বর সন্ধ্যার সময় বাগুড়ী বেলতলা বাজারে রফিকের চায়ের দোকানে বসে ছিলেন। এসময় আশিকুজ্জামান আশিক,যুবদল নেতা মুন্না, টুটুল, চটা সিরাজ, লিটনের নেতৃত্বে ১০/১২ জন এসে মোটরসাইকেল যোগে তাকে জোরপূর্বক বাগআঁচড়া বাজারে বিএনপির অফিসে তুলে নিয়ে যায়। পরে সেখানে স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়দানকারী আশিক ও তার সাঙ্গপাঙ্গরা মিলে তাকে মারধর করে। এসময় আশিক তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে ধারদেনা করে যুবদল নেতা নজিবুল্লাহর মাধ্যমে নগদ এক লাখ টাকা দেন হারুণ। বাকি ৪ লাখ টাকা ২০ দিনের মধ্যে দিতে হবে এই মর্মে তাকে ছেড়ে দেন আশিক ও তার সাঙ্গপাঙ্গরা । পরবর্তীতে গত ১৮ জানুয়ারি আরো এক লাখ ৩০ হাজার টাকা দেন তিনি। বাকি চাঁদার টাকা জন্য তাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন আশিক ও তার সাঙ্গপাঙ্গরা। জীবনের নিরাপত্তার জন্য হারুন মোড়ল (রবিবার) শার্শা থানায় আশিকসহ ৭ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে অশিকুজ্জামান বলেন, আমাদের নিজেদের মধ্যে দ্বন্দের কারণে এন্টি পক্ষ হারুণকে দিয়ে থানায় চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করেছেন। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হয়ে গেছে বলে জানান তিনি।
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন জানান, বিএনপিতে চাঁদাবাজের কোন স্থান নেই। কেউ দলের ভাঙ্গিয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এবিষয়ে থানায় একজন অভিযোগ করেছেন। তদন্ত করে প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাগুরখালী ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাগুরখালী ইউনিয়ন শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মাগুরখালীর শেখেরট্যাক জামে মসজিদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার আঃ সালাম। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক। যুবদল নেতা মুস্তাইন সরদারের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু,অরুণ কুমার গোলদার, শেখ ফরহাদ হোসেন, শেখ আব্দুল গফফার, শেখ আব্দুল মান্নান,আনছার আলী মোল্লা, শেখ জামিনুর রহমান, সোহাগ গোলদার,গাজী তারিকুল ইসলাম লাভলু, সাকিব হোসেন মিন্টু,মতিয়ার রহমান, ফয়সাল আহমেদ, জাকির হোসেন হাওলাদার, মোঃ নুরুজ্জামান,জাহিদ হাসান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ মুহাম্মদ আল আমিন।
ডুমুরিয়ায় শ্রমিকদল ও কৃষকদলের যৌথ সভা
ডুমুরিয়া প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে ডুমুরিয়া উপজেলা শ্রমিক দল ও কৃষক দলের উদ্যোগে রবিবার সকালে বাস¯ট্যান্ড শ্রমিক ইউনিয়নের অফিসে এক যৌথ সভা অনুষ্ঠিত হয় । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রাহমানের নির্দেশনা মোতাবেক ডুমুরিয়া উপজেলার সকল ইউনিয়নে উপজেলা শ্রমিক দল ও কৃষক দলের ইফতার মাহফিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।ডুমুরিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক মাষ্টার আয়ুব আহমেদের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান । প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন । বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা মাহবুবুর রহমান,শেখ মশিউর রহমান লিটন ও অধ্যাপক মঞ্জুর রশিদ । বক্তব্য রাখেন খান আসাদুজ্জামান মিন্টু, সরদার দৌলত হোসেন, শেখ আবদুল কাদের, জিএম সাইকুল ইসলাম, আবুল কাশেম মোল্যা মোনায়েম গাজী, শহিদুজ্জামান শহিদ, সরদার বিল্লাল হোসেন, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, জিল্লুর রহমান তরফদার, নুর ইসলাম মেম্বর, কাজী মিজানুর রহমান, শেখ আরশাব হোসেন, ইউনুস আলী, আবু বক্কার মোল্যা,জাদীদ মেম্বার, আব্দুল খালেক, জহুরুল ইসলাম, শাহেদুর রহমান মিঠু,লাচ্চু শেখ, নাসিরুদ্দিন লাল্টু, জসিম উদ্দিন, আবদুল মালেক, কায়েস জাহাঙ্গীর, মাহবুব রহমান,, সোহরাফ হোসেন রাজু,আছাবুর রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ডুমুরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন এর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
কালীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
কালীগঞ্জ প্রতিনিধি
নরপশু কর্তৃক ধর্ষনের শিকার মাগুরার শিশু আছিয়াসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া খুন, ধর্ষন, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ২ টায় শহরের মেইন বাসস্ট্যান্ডে সাধারন শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় প্রতিবাদি ছাত্র জনতা মেইন বাসস্ট্যান্ডের ঢাকা – খুলনা মহাসড়কের পাশে প্রতিবাদী ব্যানার ফেস্টন নিয়ে প্রায় ঘন্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। উপস্থিত ছাত্র জনতা ধর্ষণের শিকার হওয়া মাগুরায় শিশু আছিয়াকে উদ্দেশ্য করে শ্লোগান দিতে থাকেন -বোন তোমার ভয় নাই , ভাই তোমার মরে নাই।
পরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য রাখেন, সাংবাদিক শাহারিয়ার আলম সোহাগ, ছাত্রনেতা মারুফ বিল্লাহ, মৌসুম উদ্দীন শোভন, জুয়েল রানা, মাহাফুজুর রহমান ঈশান, তৌহিদুল ইসলাম, ইফতি জাহান, তৌহিদুল ইসলাম, মেহেদী হাসান হিরন, তাজুল ইসলাম, রিয়াজ হোসেন প্রমুখ।
পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের হাট-চাঁদনীর মোড়ে গিয়ে শেষ হয়।
তালায় মসজিদ সভাপতিকে লাঞ্ছিতর অভিযোগ!
তালা প্রতিনিধি
তালার সেনেরগাতী উত্তর পাড়া জামে মসজিদের সভাপতি রুহুল কুদ্দুস কে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এঘটনায় পাটকেলঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সভাপতি রুহুল কুদ্দুস।
অভিযুক্তরা হলেন, তালা উপজেলার সেনেগাতী গ্রামের আফতার দফাদারের পুত্র কাশেম দফাদার(৫৫), মৃত হাফিজ উদ্দীন মোড়লের পুত্র আব্দুর রহিম(৪৫), আব্দুর রশিদ(৫৫), আব্দুর রশিদের পুত্র গাজ্জার আলী, আব্দুর রহিমের পুত্র রিফাদ মোড়ল (২৫), আঃ সাত্তারের পুত্র শাহ আলম (৪০)আজুব্বারের পুত্র হয়েজ বাবু, কলারোয়া মুরারকাটি গ্রামের গ্রামের মৃত.মান্নান সরদারের পুত্র মাসুম সরদার সহ অজ্ঞাত ২০-২৫ জন।
ঘটনার বিবরণে জানাযায়, গত শনিবার সকাল ১১ টার দিকে ভুক্তোভোগী সভাপতি রুহুল কুদ্দুসের বাড়িতে এসে কাশেম দফাদার ইফতার নিয়ে কথা আছে বাড়ির পিছনে ডেকে নিয়ে যায়। সেখানে পূর্বে থেকে ওৎ পেতে থাকা অভিযুক্তদের উপস্থিতিতে তাকে মসজিদে ইফতার সংক্রান্ত বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালিগাাজ করতে থাকে। তখন রুহুল কুদ্দুস প্রতিবাদ করলে অভিযুক্তরা এলোপাতাড়ি মারপিট করে নীলফোলা জখম করে। ঘটনাস্থলে রুহু কুদ্দুসের স্ত্রী হাজির হলে অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পলায়ন করে।
এ ঘটনায় পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মহিউদ্দীন বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ডিসির নির্দেশ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া চলতি ইরি মৌসুমে সার ও কীটনাশকের মূল্য নিয়ন্ত্রণ করা, সরকারি কলেজ রোডের কাজ দ্রুত শুরু করার তাগিদ দেওয়া, ফরমালিন ও পুশ মুক্ত চিংড়ি উৎপাদন করা, চোরাচালান প্রতিরোধে সিমান্ত এলাকায় টহল জোরদার করা, লাইসেন্স বিহীন বেসরকারি ক্লিনিক গুলো বন্ধ করা এবং জেলার চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে জরালো প্রক্ষেপ গ্রহণ করা, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, জেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশকে আর তৎপর হওয়াসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।
রবিবার (৯ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো.ফাহিম কায়সার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সিভিল সার্জন মো.আব্দুস সালাম, জেলা পুলিশিং কমিটি ও দুর্নীতি দমন কমিটির সভাপতি ডা.আবুল কালাম বাবলা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সরদার শফিকুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আবুল হাসেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার মো.আবুল খায়ের, জেলা বিএনপি’র আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামাতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. মেহেদী হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, বিশ্বজিৎ সাধু, র্যাব ৬ এর ক্যাম্প কমান্ডার যিয়াদ, কোস্ট গার্ড’র আসাদ, জেলার সাত উপজেলা নির্বাহী অফিসার, এনএসআই, ডিজিএফআই’র কর্মকর্তা, বিজিবি’র প্রতিনিধি, নৌপুলিশ, আনসার ব্যাটালিয়নসহ জেলার সকল সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন এবং নারীর বিপন্নতা কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বেইজিং ৩০ জলবায়ু পরিবর্তন এবং নারীর বিপন্নতা বিশ্লেষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১২টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা আয়োজিত কর্মশালায় মহিলা পরিষদের সভাপতি আঞ্জুমানারা বেগমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ কেন্দ্রীয় শাখার লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, পারভীন আক্তার, সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাংবাদিক এড. আবুল কালাম আজাদ, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, মহিলা পরিষদ কেন্দ্রীয় শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক পারভীন ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার কেয়া রায় প্রমুখ।
মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক জোৎন্স্যা দত্তের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য আজমিরা খাতুন প্রমুখ। এতে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ৫০ জন নারী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন কারণে উপকূলীয় এলাকার নারীদের জরায়ু ক্যানসার হচ্ছে। এতে নারীরা পরিবারে গুরুত্ব হারাচ্ছে। উন্নত দেশগুলোর কারণে জলবায়ু পরিবর্তনের ঘটনা ঘটছে। এতে আমার বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু আমার কোন ক্ষতিপূর পাচ্ছি না। এর বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। বক্তরা আরও বলেন, দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রে কিশোরী ও নারীরা নিরাপদ গোসল ও টয়লেটের অভাবে দুর্ভোগে পড়ে এবং যৌন হয়রানির শিকার হয়, যা প্রায়ই লোকলজ্জার ভয়ে অপ্রকাশিত থাকে। গর্ভবর্তী ও মাতৃদুগ্ধ দানকারী নারীরা বিপদাপন্ন অবস্থায় থাকে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বাংলাদেশে প্রতি বছর ১-১.৫ কোটি মানুষ বড় বড় শহরের দিকে ধাবিত হচ্ছে।
ঘূর্ণিঝড় আইলা, নদী ভাঙন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে সাতক্ষীরার বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে ঢাকা ও খুলনার মতো শহরে আশ্রয় নিয়েছে। এসব উদ্বাস্তুর মধ্যে নারীরা বস্তিতে বসবাস করে এবং গার্মেন্টস, ইটভাটা ও গৃহকর্মীর মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হয়। তারা কম মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ ও যৌন হয়রানির শিকার হয়।
বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা এই বিপর্যয়ের কারণে সবচাইতে বেশি ক্ষতি এবং দুর্ভোগের শিকার। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নারী এবং পুরুষের উপর ভিন্ন ভিন্নভাবে পড়ে। ঘূর্ণিঝড়, অতিবন্যা, খরা, জলোচ্ছ্বাসসহ সকল প্রাকৃতিক দুর্যোগকালেও প্রচলিত রীতি অনুযায়ী নারীকেই পানি সংগ্রহ, জ্বালানি সংগ্রহ, পরিবার-পরিজনের খাদ্য ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করতে হয়।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা শীর্ষ ৭টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট অঞ্চলকে বলা হয় জলবায়ু পরিবর্তনের কারণে সবচাইতে বেশি ঝুঁকিগ্রস্ত। জলবায়ু উদ্বাস্তু স্বামীরা কাজের সন্ধানে অন্য এলাকায় যেয়ে বিয়ে করে। পরিবারকে নিয়ে সেখানে বাস করে আর উপকূলীয় এলাকায় থাকা পরিবারটি বিপদে পড়ে।
সীমান্তে বিজিবির অভিযানে তিন লাখ টাকার মালামাল জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
রবিবার (০৯ মার্চ ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ভোমরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী ও সুলতানপুর বিওপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানে মন্দির মোড় নামক স্থান হতে ৫৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও গাউন লেহেঙ্গা আটক করে। কুশখালি বিওপির বিশেষ আভিযানে ছয়ঘড়িয়া নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানে কেরাগাছি নামক স্থান হত ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে।
কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে কেরাগাছি মাঠ ও কাকাডাঙ্গা মোড় নামক স্থান হত ৭৫ হাজার টাকার ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানে বড়ালী নামক স্থান হত ৩০ টাকার ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানে তালশাড়ি নামক স্থান হত ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট আটক মালামালের মূল্য ২ লাখ ৯৬ হাজার টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
ফুলতলার বেজেরডাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালতের জরিমানা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রোববার দুপুরে ফুলতলার বেজেরডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকম পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী, উৎপাদন, মেয়াদ এবং মূল্য তালিকা না থাকায় দত্ত মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার এবং নূর ইসলাম সুইটসকে ৪ হাজার টাকা জরিমানা ধার্য এবং আদায় করা হয়।
তালায় ইরি বোরো চাষে বাম্পার ফলনের সম্ভাবনা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার ১২টি ইউনিয়নে দিগন্ত জুড়ে এখন সবুজের সমারোহ। যেদিকে চোখ যায়, শুধু সবুজ আর সবুজ। সবুজ ধানে দখিনা বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। বৈরী আবহাওয়ার কারণে জমির ফসল নষ্ট না হলে বাম্পার ফলনের আশায় এবার বুক বেঁধেছে কৃষকরা। বিগত বছরের চেয়ে এ বছর অধিক জমিতে বোরো চাষাবাদ হয়েছে। এ বছর চাষাবাদের শুরুতে বৃষ্টিপাত কম থাকার কারণে উপজেলার সকল এলাকায় ব্যাপকহারে ইরি বোরো চাষাবাদ হয়েছে। অনেক নিচু এলাকার জমিতে কৃষক সেচের মাধ্যমে চাষাবাদ করেছে। আবহাওয়া অনুকুলে থাকার কারনে রোগবালাই অনেকাংশে কম হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ইরিবোরো চাষে দিগন্ত জুড়ে সবুজ ফসলের সমারোহ। উপজেলার শতকরা ৮০জন সরাসরি কৃষিকাজের সাথে জড়িত। কৃষিকাজ করেই তারা জীবিকা নির্বাহ করে থাকেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রায় ১৯ হাজার ৫০ হেক্টর জমিতে ইরি বোরো চাষাবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হলেও ধানের মুল্য বেশি হওয়াতে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫০০ হেক্টরের বেশি জমিতে ইরিবোরো চাষাবাদ হয়েছে। কপোতাক্ষ নদ খননে জলাবদ্ধতা না থাকায় এ বছর উপজেলার ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, কুমিরা, খলিষখালী, তেঁতুলিয়া তালা, জালালপুর, মাগুরা, খলিলনগর, সরুলিয়া, খেশরাসহ সর্বত্রই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো চাষাবাদ হয়েছে।
তালা উপজেলার ধানাদিয়া গ্রামের ধানচাষী হামিজউদ্দীন গাজী জানান, আবহাওয়া ও প্রকৃতির কারণে এবছর এই ব্লকে গতবারের চাইতে বর্তমানে ধান ভাল বোঝা যাচ্ছে। এ বছর আমার ব্লকে ব্রি-ধান-২৮ বেশ ফলেছে। বর্তমানে আবহাওয়া ভাল, ধান ঘরে না উঠা পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।
পাটকেলঘাটা গ্রামের কৃষক সিরাজুল ইসলাম জানান, এ বছর আমাদের এলাকায় ধানের ফলন খুব ভাল দেখা যাচ্ছে, যদি এভাবে শেষ নামে আবহাওয়া ভাল থাকে তাহলে বাম্পার ফলন হবে তাতে কোন সন্দেহ নেই।
খলিষখালী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন জানান, গত বছরের তুলনায় এবছর ধান ভাল ও রোগ বালাই কম আছে।তাছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছেন।তবে ধান কেটে ঘরে না তোলা পর্যন্ত কৃষকের চিন্তার শেষ নেই।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার পাল বলেন,‘ইরি-বোরো মৌসুমে কৃষক যাতে লাভবান হয় সে জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি ও পরামর্শ দিয়ে যাচ্ছি। যেখানেই সমস্যা দেখা যাচ্ছে সেখানেই দ্রুত পদক্ষেপ নিচ্ছি।প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে ধানের বাম্পার ফলন আশা করা যায়।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, এবছর আবহাওয়া ভাল থাকার কারণে অনেক এলাকায় চাষাবাদ হয়েছে। এবছর উপজেলায় ব্রি-ধান ২৮ বেশি পরিমান জমিতে চাষাবাদ হয়েছে, তাছাড়া ব্রি ৮৮, শুভলতা, ৬৭, বিনা-১০হাইব্রিড ধানের চাষ ও কিছু এলাকায় লবণ সহিষ্ণু ধান চাষাবাদ হয়েছে। ‘অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। কৃষকদের পরামর্শ প্রদান করায় এখনো পর্যন্ত রোগবালাই কিছুটা কম আছে। ব্লাস্ট রোগ দমনে আগাম পরামর্শ প্রদান করা হচ্ছে । ফলে তিনি আশা করেন, এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে।
ধানের জমিতে জলাবদ্ধতার অভিশাপ হতে মুক্তি পেতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল ও খাজরা ইউনিয়নের প্রায় দশ হাজার বিঘা এক ফসলের ধানের জমিতে জলাবদ্ধতার অভিশাপ হতে মুক্তি পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকালে কালকী ও বামনডাঙ্গা স্লুইস গেটের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুল ওহাব মোল্যার উদ্দ্যোগে, খাজরা ও বড়দল ইউনিয়নবাসীর আয়োজনে মো. জাহিদুল ইসলাম মোল্যার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, সাবেক ইউপি সদস্য বিমল কৃষ্ণ মন্ডল, অবসরপ্রাপ্ত প্রফেসর শিবু প্রসাদ মন্ডল, শিক্ষক দিনেশ চন্দ্র মন্ডল, দিলীপ কুমার সরকার প্রমুখ। মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে প্রায় এক বছর ধরে একাধিকবার মানববন্ধন, বিভিন্ন দপ্তরে অভিযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করলে ও কোনো কাজ হয়নি বলে সচেতন মহলের দাবি। স্লুইস গেটের সামনে ও ভিতর থেকে পলি মাটি অপসারন না করা গেলে বড়দল ইউনিয়নের উত্তর বড়দলের আংশিক, মধ্যম বড়দলের সম্পুর্ন, পাঁচপোতা, দক্ষিণ বাইনতলা, মধ্যম বাইনতালা, মাদিয়া, হিতালবুনিয়া, লক্ষীখোলা ও মুরারিকাটির আংশিক এবং খাজরা ইউনিয়নের ফটিকখালী, খালিয়া, রাউতাড়া, পিরোজপুর, দূর্গাপুর, গজুয়াকাটি, চেউটিয়া গ্রাম ও বিলে হাজার হাজার বিঘা ধানের জমি ও মৎস্য ঘেরের পানি নিষ্কাশনের একমাত্র উপায় এই স্লুইস গেটটি ব্যবহার না করতে পেরে কৃষকরা হতাশ হয়ে পড়েছে। অনেকেই ফসল উৎপাদন না করতে পেরে এলাকা ছেড়ে ভারতে ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে ঢাকা সহ বিভিন্ন ইট ভাটায় চলে গেছে। বক্তারা আরোও বলেন দুই ইউনিয়নে তিনটি স্লুইস গেটের প্রধান কালকির গেটের বাইরে ও ভিতরে মাটি ভরাট হয়ে গেছে। আনুমানিক ২কি. মি. গেটের খাল সংস্কার করা প্রয়োজন। এছাড়া বামনডাঙ্গা ও মাদিয়া ব্রীজ সংলগ্ন ৩ কি. মি. পর্যন্ত পলি মাটি জমে গেছে। গত মৌসুমে পর্যাপ্ত বর্ষায় জলাবদ্ধ পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করে। অধিকাংশ চিংড়ি ঘেরের পানির আইল ডুবে যেয়ে একতা হয়ে যায়। খাজরা ও বড়দল ইউনিয়নের ১৬ টি গ্রামের মানুষ কালকি গেটের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। ঐসময় গরুর খামার সহ পানিতে ডুবে লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে যায়। মৎস্য ঘেরের মাছ ঘেরে আটকে রাখতে মানুষ নিরুপায় হয়ে উচ্চ মূল্যে নেট কিনে ঘিরে মাছ রক্ষার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তাছাড়া গত মৌসুমে পর্যাপ্ত বর্ষায় জলাবদ্ধ পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করায় প্রায় ১০ হাজার বিঘা জমির ধান ও ফসল উৎপাদন বন্ধ হয়ে রয়েছে। স্লুইস গেটের সামনে পলি জমে পানি বের হতে না পারায় এ অবস্থা হয়েছিলো। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে এলাকা ফসলি জমি নষ্ট ও গ্রামের মানুষ ভোগান্তিতে পড়ে থাকে। বসত ঘরে পানি ঢোকে, পথঘাট ডুবে যায়। জীবন জীবিকার তাগিদে মানুষ ঘর ছেড়ে চলে যায়। পুরো বড়দল ইউনিয়ন লবণ পানি মুক্ত, এখানে কোনো লোনা পানির মাছ চাষ হয় না। বর্ষা মৌসুমে বিলের ও গ্রামের পানি কপোতাক্ষ নদে নিষ্কাশন করা হয়ে থাকে। অন্য মৌসুমে অধিকাংশ জমি পতিত থাকে এবং এলাকায় ব্যাপকভাবে গবাদি পশুর চাষ হয়ে থাকে। এই বিলে বর্ষা মৌসুম বাদে গবাদি পশুর চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এখন গবাদি পশু পালন করাও কষ্টকর হয়ে পড়েছে। মানববন্ধনে বক্তারা একমাত্র ধান চাষে জড়িত বড়দল ও খাজরা ইউনিয়নের কৃষকরা তাদের দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে দুই ইউনিয়নের ৩টি গেটের সামনে ও ভিতরের পলি মাটি অপসারণ করে কৃষকরা পুনরায় ফসল উৎপাদন করতে পারে সেজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
চুয়াডাঙ্গায় নারী দিবসে মহিলা দলের ইফতার মাহফিল
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভা, ইফতার মাহফিল ও সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা চেম্বার ভবনে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শেফালী খাতুন, সাধারণ সম্পাদক জাহানারা পারভিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা জাহান, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভীন, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক তেজারা খাতুন, আলমডাঙ্গা পৌর মহিলা দলের আহ্বায়ক জিনিয়া খাতুন, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শামসুন্নাহার পলি, জীবননগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক পিয়ারা বেগম এবং দর্শনা উপজেলা মহিলা দলের আহ্বায়ক নিলুফা খাতুন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, মির্জাপুর ফরিদুল ইসলাম শিবলু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বিলাস, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানসহ দলের নেতাকর্মীরা।
প্রধান অতিথি মো. শরীফুজ্জামান শরীফ বলেন, নারীরা মায়ের জাত, তাদের সম্মান সবার উপরে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারীদের যথাযথ সম্মান প্রদান করা হবে। কারণ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দলের নেতা তারেক রহমান নারীদের প্রতি সম্মান প্রদানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গার সফল নারী সাবেক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মৌ সুফা বেগমসহ ১০ নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে জেলা বিএনপি এবং মহিলা দলের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শিশুকে বিষ দিয়ে হত্যার অভিযোগ মা গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৬ বছর বয়েসী শিশু কন্যা মাহমুদা খাতুনকে বিষ পান করিয়ে হত্যার অভিযোগে সৎ মা হুমায়রা খাতুন বন্যাকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার শিশুতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হুমায়রা খাতুন বন্যা কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাঈম জানান, গত ১ মার্চ সন্ধ্যায় বোতলে তরল পানীয় এর সাথে বিষ মিশিয়ে শিশু মাহামুদা খাতুনকে খাইয়ে দেয় সৎ মা হুমাইরা খাতুন বন্যা। এরপর কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটি মারা যায়। পরদিন শুক্রবার শিশুটির পিতা শাহিন আলম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় স্ত্রী হুমাইরা খাতুন ওরফে বন্যা খাতুন এর নামে একটি হত্যা মামলা দায়ের করে।
এ ঘটনায় মামলার আসামি ধরতে অভিযান শুরু করে র্যাব। এরই প্রেক্ষিতে শনিরাতে মহেশপুর উপজেলার শিশুতলা এলাকায় ফুফ বাড়ি থেকে থেকে হুমাইরা খাতুন বন্যাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিকে থানা পুলিশ আদালতে পাঠিয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ মার্চ বিকেলে সৎ মা বন্যা কৌশলে বিষ খাওয়ান শিশু মাহমুদাকে। এরপর মাহমুদাকে প্রথমে কোটচাঁদপুর, এরপর যশোর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর মাহমুদা আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান তার পিতা শাহিন আলম। পরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় মাহমুদার পিতা বাদি হয়ে গেল ৭ মার্চ বিকেলে স্ত্রী বন্যার নামে হত্যা মামলা করেন। সে থেকে তাকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছিল।
সড়কে গাছ ফেলে ডাকাতি, ঘটনাস্থল নিয়ে দুই ওসির ঠেলাঠেলি
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর-জীবননগর সড়কে গাছ ফেলে অবরোধ তৈরি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় চালককে কুপিয়ে ও পিটিয়ে মোটরসাইকেল, টাকা ও হাতঘড়ি ছিনিয়ে নেয় ডাকাতেরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার কোটচাঁদপুর-জীবননগর সড়কের শাহাপুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এই ডাকাতির ঘটনা দুটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় দুই থানার ওসি একে অপরের এলাকায় ঘটনাটি ঘটেছে বলে দাবি করছেন।
এ ঘটনায় আহত সোহাগ হোসেনকে (৩০) কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি কোটচাঁদপুর শহরের আদর্শপাড়া এলাকার মোফাজ্জেল হোসেনের ছেলে এবং পেশায় ব্যবসায়ী।
আহত সোহাগ হোসেন বলেন, ‘মোটরসাইকেলের চাকা গাছের গুঁড়িতে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে ৮-১০ জন এসে আমার মাথায় আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ে কোপ দেয়। আমি মাটিতে পড়ে গেলে তারা আমার সবকিছু ছিনিয়ে নেয়। আমি চিৎকার করেছি, কিন্তু কেউ এগিয়ে আসেনি। অনেকক্ষণ পর একজন এসে আমার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সহায়তায় হাসপাতালে আসি।’
তিনি বলেন, ‘এ ঘটনায় অবশ্যই স্থানীয় মানুষ জড়িত। না হলে কেউ অন্তত এগিয়ে আসত। শুনেছি, এ এলাকায় আগেও এমন ঘটনা ঘটেছে। ডাকাতদের হাতে শটগানও ছিল।’
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম আক্তার জানান, ‘সোহাগের পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’
এদিকে ঘটনা ঘটে দুই থানার সীমান্ত এলাকায়। এ সুযোগে দুই থানার ওসিই ঘটনা তার এলাকায় ঘটেনি বলে দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতও আছে। তবে ঘটনাটি যেখানে, তা চুয়াডাঙ্গার জীবননগরের মধ্যে পড়েছে। আমাদের পুলিশও সেখানে গিয়েছিল।’
অন্যদিকে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনাটি যেখানে ঘটেছে, জায়গাটি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মধ্যে পড়েছে।’
জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের টু-আইসি (এএসআই) মোহাম্মদ মামুন বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে শাহাপুর মাঠের যে স্থানটির কথা বলা হচ্ছে, সেই ঘটনাস্থল কোটচাঁদপুরের মধ্যে। সেখানে আমরা গিয়েছিলাম। কিন্তু সড়কে কোনো গাছের গুঁড়ি বা ডাকাতির আলামত পাইনি।’
জেলখানাঘাটে ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
খুলনা নগরীর অতি গুরুত্বপূর্ণ জেলখানাঘাটে ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখা। জনদুর্ভোগ দূর করো, জেলখানাঘাট ব্রিজ করো এই শ্লোগানে ৯ মার্চ রবিবার বেলা সারে ১১ টার সময় নগরীর জেলখানাঘাট সংলগ্ন সড়ক ও জনপথ অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। এসময় তারা সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া এবং আকাঙ্খার ভিত্তিতে অতিসত্ত্বর গুরুত্বপূর্ণ এই ব্রীজটি করার দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলের মধ্যদিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি শেষ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কদরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা মহানগর সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাইদুল ইসলাম জিহাদ, জেলা যুগ্ম আহ্বায়ক শামিম হাওলাদার, সংগঠক এম এ কাদের, তামিম হাসান লিওন, শাহ আলম রিপন, সদস্য তরিকুল ইসলাম, মুশফিকুর রহমান, ওমর ফারুক, তেরখাদা প্রতিনিধি ফেরদৌস, আবু হুরায়রা, রাগিব, রূপসার সকল ছাত্র প্রতিনিধি।
আরো দু’মামলায় ইনু গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ৬ বছর আগে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (০৯ মার্চ) দুপুর আড়াই টায় কুষ্টিয়া অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারান্তরীণ ইনুকে হাজির করা হয়। সেখানে শুনানি শেষে কুষ্টিয়া মডেল থানার দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় শহরের আমলাপাড়ার বাসিন্দা জিন্দার আলীর ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় জেলার শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৬৪ জনের নামোল্লেখ এবং ৭০-৮০জন অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং ২৯। সেই মামলার ৩৭নং এজাহারনামীয় আসামি ইনু। এছাড়া ২০২৪ সালের ১০ অক্টোবর একই থানায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ আওয়ামী লীলের শীর্ষ নেতাসহ ৪৭ জনের নামোল্লেখ এবং ১৫-২০ জন অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। মামলা নং ১০। এ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ০৪নং এজাহারনামীয় আসামি করা হয়েছে।
আদালত এ দুটি মামলায় ইনুকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেন আদালত পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম। পরে তাকে কড়া পুলিশি পাহারায় কুষ্টিয়া জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।
ধর্ষকের বিচার দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
কুষ্টিয়া প্রতিনিধি
মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ও জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না দিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
রবিবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন তারা।
এর আগে, বেলা ১২টার দিকে আন্দোনলকারীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন সড়কে অবস্থান নেয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব দে’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘জাস্টিস ফর আছিয়া, আছিয়া আছিয়া’, ’তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’ ইত্যাদি স্লোগান দেন।
এছাড়া তাদের হাতে ‘মাগুরায় ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের ফাঁসি চাই’, ‘ধর্ষণের বিচার মৃত্যুদন্ড দেওয়া হোক’, ‘আমি মেয়ে আমি অবহেলিত না’, ‘আশ্বাস নয় আইনের বাস্তবায়ন চাই’ ইত্যাদি লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়।
কর্মসূচিতে সাদিয়া মাহমুদ মীম বলেন, “মাগুরায় একটি ছোট্ট শিশু ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। আছিয়া আমাদের সবার ছোট বোন। সেই ছোট্ট আছিয়াকে তারই নিকট আত্মীয়রা নরপশুর মতো ধর্ষণ ও নির্যাতন করেছে। আমরা এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে পরবর্তীতে আর কেউ ধর্ষণের সাহস না করে।”
তিনি বলেন, “বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির কারণে বিভিন্ন সময়ে ধর্ষণকারীরা পার পেয়ে যায়। ফলে বারবার এমন ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে দেশে ধর্ষণের পরিমাণ কমে যাবে। আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া এসব ঘটনায় আমাদের সবাইকে জোরালো প্রতিবাদ করতে হবে।”
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট বলেন, “আমাদের জুলাই আন্দোলনে নারীরা প্রথম সারিতে ছিল। যেকোন ন্যায়সঙ্গত আন্দোলনে সবসময় নারীরা এগিয়ে থাকে। কিন্তু আজ নারীরাই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় আছে। আইনশৃঙ্খলা বাহিনীকেও যথাযথ পদক্ষেপ নিতে দেখছি না।”
তিনি বলেন, “আজ আছিয়া ধর্ষণের ঘটনায় যেভাবে সবাই প্রতিবাদে জেগে ওঠেছে, বর্তমান সরকার ধর্ষণসহ অন্যান্য অন্যায় কর্মকাণ্ডের যথাযথ পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হবে। আমরা ধর্ষণের আইন ফাঁসি দেখতে চাই এবং অতিদ্রুত সব ধর্ষণের যথাযথ বিচার চাই।”
মাগুরার শিশু ‘ধর্ষণের’ ঘটনায় ৪ আসামির রিমান্ডের আবেদন, শিক্ষার্থীদের বিক্ষোভ
মাগুরা প্রতিনিধি
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ‘ধর্ষণের’ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
রবিবার (৯ মার্চ) দুপুরে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করা হয়।
এদিকে, ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আজ সকাল সোয়া ১১টার দিকে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ও সেনা সদস্যদের কাছ থেকে আশ্বাস পেয়ে দুপুর পৌনে ৩টার দিকে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।
দুপুরে আসামিদের মৃত্যুদণ্ডের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন একদল শিক্ষার্থী। দুপুর আড়াইটার পর তারা শহরের ভায়না মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিকেল সাড়ে ৩টার দিকে ভায়নার মোড় গিয়ে দেখা যায়, গোলচত্বর ঘিরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এসময় ধর্ষণের বিচার চেয়ে তাদের স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উচ্চ আদালত এই মামলার বিচারের জন্য ১৮০ দিন সময় বেঁধে দিয়েছেন। তারা এটা প্রত্যাখ্যান করছেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের মৃত্যুদণ্ড চান।
বিক্ষোভ চলাকালে মাগুরা থেকে ঢাকা, যশোর ও ঝিনাইদহ অভিমুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বিভিন্ন রুটের যাত্রী ও পরিবহন চালকরা। কয়েকজন পরিবহন চালক জানান, রমজানের সময় প্রচণ্ড গরম ও যানজটের কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
এর আগে, গতকাল শনিবার (৮ মার্চ) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা আগে থেকেই পুলিশের হেফাজতে আছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের গতকাল বিকেলে আদালতে পাঠানো হয়।
মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার দুপুরে ৮ বছর বয়সী শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে পরিবার। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য গতকাল শনিবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন বলেন, ‘ধর্ষণ মামলার চার আসামি কারাগারে আছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এখনো রিমান্ড শুনানি হয়নি।”
খালিশপুরে বিএনপির ইফতার ও দোয়া
দেশের প্রতিটি সংকটে জিয়া পরিবারই নেতৃত্ব দিয়েছেন : বকুল
খবর বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা-৩ আসনের ধানের শীষের কান্ডারী রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশের প্রতিটি সংকটে নেতৃত্ব দিয়েছেন জিয়া পরিবার। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছি। ০৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা জিয়াউর রহমানকে জেলখানা থেকে উদ্ধার করে নিয়ে এলে তিনি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলেন। ৯০ সালে স্বৈরাচার এরশাদের হাত থেকে জাতিকে মুক্তি দিয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০২৪ সালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে বাঁচতে ছাত্র-জনতা যে আন্দোলন করেছেন; সে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ও পরামর্শ দিয়ে জাতিকে মুক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (০৯ মার্চ) খালিশপুরের ভাসানী স্কুলমাঠে খালিশপুর অঞ্চলের সকল শিক্ষকদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিল পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একের পর এক ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মব সৃষ্টি করে ভাঙচুর ও লুটপাটসহ অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে ৮ ফেব্রুয়ারি রাতে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান শুরু হয়। বিশেষ অভিযানের এক মাস পূর্ণ হয়েছে। কিন্তু বিশেষ এই অভিযানে দেশের আইন-শৃঙ্খলার মোটেই উন্নতি হয়নি। এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অস্বস্তি কাটেনি, বরং আতঙ্ক বেড়েছে। দক্ষিনাঞ্চলে চরমপন্থিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ডাকাতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ‘তৌহিদী জনতার’ নামে মব সৃষ্টি করে মানুষের বাড়িঘরে হামলা-লুটপাট হচ্ছে। কয়েকটি স্থানে পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটেছে। বেড়েছে নারী হেনস্থা এবং ধর্ষণের ঘটনা। দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে হলে নির্বাচিত সরকারের প্রয়োজন। অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষনার জন্য তিনি বর্তমান সরকারের প্রতি আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বকুল আরো বলেন, সংস্কারের নামে ড. ইউনুস সরকার নির্বাচন নিয়ে কাল ক্ষেপন করছেন। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া হঠাৎ করে সব কিছু সংস্কার করা সম্ভব নয়। বিএনপি ২০২৩ সালে ৩১দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। পতিত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। একই সাথে শিক্ষকদের কল্যানে পদক্ষেপ গ্রহন করা হবে। হৃদয়ে খুলনা আযোজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। হৃদয়ে খুলনার এডমিন শহিদুল ইসলাম ভিপি শহীদ এর সভাপতিত্বে এবং মো.মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ভাসানী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আফরোজা শারমীন। ইফতার মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও খালিশপুর অঞ্চলের ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপন্থিত ছিলেন। দোয়া ও মুনাজাত করেন স্যাটালাইট স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহ।
হাজী কল্যাণ সোসাইটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
তথ্য বিবরণী
খুলনার বয়রাস্থ হাজী কল্যাণ সোসাইটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রবিবার সন্ধ্যায় বয়রা বায়তুন নাজাত জামে মসজিদ (লকিবউদ্দিন ওয়াকফ এস্টেট) এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান সিকদার।
হাজী কল্যাণ সোসাইটি’র সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা (হাব) এর প্রতিনিধি কাজী মোঃ আবুল কালাম সামসুদ্দিন। অনুষ্ঠানে সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সদস্য আবু সিদ্দিকুর রহমান, আবুল বাশার, মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ সালমান, মুফতি ইলিয়াস জাহানাবাদী, শেখ আবুল কালাম, হাফেজ মোঃ সাইফুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, রমজান মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ মাস। এ মাস সকল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। ইসলাম শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায় পরায়ণতার শিক্ষা দেয়। মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের মাস।
রমজান ও ইফতার পূর্বে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।
ভোমরা শুল্ক স্টেশনে রাজস্ব বেড়েছে ৩০ শতাংশ
সাতক্ষীরা প্রতিনিধি
চলতি অর্থবছর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমলেও রাজস্ব আয় বেড়েছে প্রায় ৩০ শতাংশ। গত অর্থবছরের প্রথম আট মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম আট মাসে বন্দরে পণ্য আমদানিতে সরকারের রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ কোটি টাকার উপরে বেড়েছে।
বন্দর সংশ্লিষ্ট ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছেন, আমদানিকৃত পণ্যের মূল্য বেশি হওয়াতে রাজস্ব আয় বেড়েছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জন্য চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা। এরমধ্যে গেল আট মাসের অর্থাৎ জুলাই হতে ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয় ৫৮৯ কোটি ৪২ লাখ টাকা। কিন্ত বন্দরটিতে ওই লক্ষ্যমাত্রার বিপরিতে রাজস্ব আয় হয়েছে ৭৫১ কোটি ৬৬ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ কোটি ২৪ লাখ টাকা বেশি আদায় হয়েছে। অন্যদিকে গত ২০২৩-২৪ অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৮৫৩ কোটি ৯৯ লাখ টাকা। যার প্রথম আট মাসের রাজস্ব আদায় লক্ষ্য নির্ধারণ করা হয় ৪৯৫ কোটি ৫৬ লাখ টাকা। কিন্ত ওই লক্ষ্যমাত্রার বিপরিতে রাজস্ব আদায় হয় ৫০৮ কোটি ৪ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরে রাজস্ব বেড়েছে ২৪৩ কোটি ২৬ লাখ টাকা।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী এ্যাসোসিয়শনের সভাপতি আবু হাসান জানান, পণ্য আমদানি কম হলেও সরকারের রাজস্ব বেড়েছে। তবে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা যদি সবধরনের পণ্য আমদানি করতে পারতো তাহলে রাজস্ব আয় আরও কয়েকগুন বেশি হতো। কিন্তু এখানকার ব্যবসায়ীরা সকল প্রকার পন্য আমদানি করতে পারেনা। তাছাড়া অন্যান্য বন্দরের তুলনায় ভোমরা বন্দর অনেক বৈষম্যের শিকার। পার্শ¦বর্তী বেনাপোল বন্দরে ফল আমদানিতে ব্যবসায়ীরা যে সুযোগ-সুবিধা পায় ভোমরাতে তা পায় না। অথচ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুবই সম্ভাবনাময় স্থলবন্দর ভোমরা। এখানে যোগাযোগ ব্যবস্থা যেমন ভালো তেমনি বন্দরে পন্য বা যানজট থাকেনা। সহজে বন্দর ত্যাগ করতে পারে পন্যবাহী পরিবহনগুলো।
ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্ব থাকা কাস্টমসে ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ জানান, গত আট মাসের রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিলো ৫৮৯ কোটি ৪২ লাখ টাকা। সেখানে আদায় হয়েছে ৭৫১ কোটি ৬৬ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আয় বেড়েছে ১৬২ কোটি ৪২ লাখ টাকা। এ ধারাবাহিকতা বজায় রাখায় চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়া বন্দর ব্যবহারারী ব্যবসায়ী ও যাত্রী সাধারণ যাতে সর্বোচ্চ সেবা পায় সে দিকটাও লক্ষ্য রাখা হচ্ছে। পাশাপাশি কেউ অনৈতিক সুযোগ যাতে নিতে না পারে সে ব্যবহারের কঠোরভাবে খেয়াল করা হচ্ছে বলে জানান তিনি।
মেয়ের শখ মেটাতে স্ট্রবেরি চাষ, বিক্রি ১৮ লাখ টাকা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী গ্রাম জয়পুর। এই গ্রামের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম। ছোট মেয়ে লামিয়ার খুব পছন্দ স্ট্রবেরি। বাজারে সহজলভ্য নয়, তাই নিজেই শুরু করলেন স্ট্রবেরি চাষ। বাবা জানতেনই না যে, শখের বাগান তার ভাগ্য বদলের হাতিয়ার হবে। মেয়ের শখ মেটানোর জন্য শুরু করা সেই চাষ থেকে বাবার লাখ লাখ টাকা আয়। স্ট্রবেরি চাষের কঠিন ধাপ পার করে আজ তিনি সফল কৃষি উদ্যোক্তা।
জানা যায়, মঞ্জুরুলের স্ট্রবেরি খামারে সব সময়ই ভিড় থাকে বিভিন্ন বয়সী মানুষের। কেউ আসেন আবাদ শিখতে আবার কেউ স্ট্রবেরির সৌন্দর্য ও স্বাদ নিতে। সারি সারি বেডের সবুজ গাছের পাতার ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে লাল টসটসে রসালো স্ট্রব্রেরি। বাগান থেকে এর স্বাদ নিয়ে বেজায় খুশি শিশুরা। অন্যদিকে এলাকার তরুণ ব্যবসায়ীরা এই বাগানের স্ট্রবেরি কিনে বিক্রি করছেন দেশের বিভিন্ন স্থানে।
মঞ্জুরুল ইসলাম মেয়ের শখ পূরণ করতে তিন বছর আগে বাড়ির ছাদের ১০টি টবে স্ট্রবেরি চারা লাগান। ফলন ভালো হওয়ায় রাজশাহী টিস্যুকালচার থেকে বীজ সংগ্রহ করে পরের বছর দেড় বিঘা জমিতে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। দেড় বিঘা জমিতে ৭ হাজার স্ট্রবেরি চারা রোপণ করেন। একেকটি গাছে ৮০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত স্ট্রবেরি হয়। এরই মধ্যে কয়েকশ চারা বিক্রি করেছেন। স্ট্রবেরি বিক্রি করেছেন ১৮ লাখ টাকার ওপর। আগামীতে অন্তত আরও কয়েক লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করবেন। মঞ্জুরুল ইসলামের এ সফলতা দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন।
মঞ্জুরুল ইসলাম বলেন, ‘জমি প্রস্তুত থেকে শুরু করে ফল পাওয়া পর্যন্ত সব মিলিয়ে আমার সাড়ে ৩ লাখ টাকা খরচ হয়েছে। কয়েক লাখ টাকার চারা বিক্রি করেছি। সব খরচ বাদ দিয়ে ৬ লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করে লাভবান হয়েছি। প্রতিদিন দেড় থেকে ২ মণ ফল সংগ্রহ হয়। প্রতি কেজি স্ট্রবেরি পাইকারি বিক্রি হয় ৪০০-৫০০ টাকা। জৈব পদ্ধতিতে চাষ করা হয়। তাই অনেকে আগ্রহ নিয়ে কিনছেন। জানুয়ারি-মার্চ গাছ থেকে নিয়মিতভাবে ফল পাওয়া যায়। এটি শীতকালীন চাষ। রোদের তাপমাত্রা বাড়লেই স্ট্রবেরি গাছ মারা যায়। ফল দেওয়া বন্ধ হয়ে যায়। আগামীতে আরও জমিতে চাষ করবো। কম সময়ে বেশি মুনাফা হওয়ায় চাষিদের মাঝে আগ্রহ দেখা গেছে।’
তিনি বলেন, ‘৩ বছর আগে দেড় বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করে লাভ আসে ৬ লাখ টাকা। প্রথম বছরের অভিজ্ঞতায় গত ২ বছর বেড়েছে চাষের পরিধি। পাশাপাশি অর্জন করেছি অনন্য অভিজ্ঞতা। তবে স্ট্রবেরির মানসম্মত টিস্যু চারার সংকট আছে। তাই সরকারি সহযোগিতায় ল্যাব স্থাপন করা গেলে সারাদেশের উদ্যোক্তাদের হাতে উন্নত চারা তুলে দিতে পারবো।’
মেয়ে লামিয়া ইসলাম বলেন, ‘কয়েক বছর আগে আমরা কুষ্টিয়ায় থাকতাম। তখন আব্বু আমার জন্য স্ট্রবেরি ফল কিনে নিয়ে আসেন। আমার ফল অনেক ভালো লাগে। তখন আব্বুকে আমি স্ট্রবেরি চাষের জন্য বলি। তাই আব্বু পরীক্ষামূলক বাড়ির ছাদে চাষ শুরু করেন। ছাদে এ ফল চাষ করে সফলতা পেলে প্রথমে দেড় বিঘা, বর্তমানে চার বিঘা জমিতে চাষ করছেন। আগামী বছর আরও বেশি করে স্ট্রবেরি চাষ করবেন।’
ক্রেতা আব্দুল লতিফ বলেন, ‘বিদেশি বেশি দামের এ ফল মঞ্জুরুলের মাধ্যমে হাতের নাগালে সহনীয় দামেই পাওয়া যাচ্ছে। আগে এ ফল চোখে দেখা খুবই কঠিন ছিল। আমাদের পাশের গ্রাম জয়পুরে এ ফল সামর্থের মধ্যেই পাওয়া যায়।’
কৃষক ফয়সাল হোসেন বলেন, ‘আমাদের মেহেরপুরের মাটিতে এত সুন্দর ফল হবে, তা কখনো কল্পনা করিনি। মঞ্জুরুল ইসলাম ভাই ৪ বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করে যে টাকা লাভবান হয়েছেন, তা অন্য আবাদে সম্ভব নয়। ভালোভাবে বাজারজাত করতে পারলে আরও লাভ হওয়া সম্ভব। আমি চারা সংগ্রহ করে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী আগামী বছর চাষ করবো।’
কৃষক জায়েদুল ইসলাম বলেন, ‘মঞ্জুরুল ইসলামের কাছে স্ট্রবেরি চাষ হাতেকলমে শিখতে এসেছি। আগামীতে নিজ জমিতে তার পরামর্শে চাষ করতে চাই।’
ফল ব্যবসায়ী আব্দুল জলিল বলেন, ‘আমি মৌসুমী ফলের ব্যবসা করি। জানুয়ারি-মার্চ মাসে স্ট্রবেরির ব্যবসা করি। কারণ এই ফলের চাহিদা অনেক। পাশাপাশি এই ফল বিক্রি করে লাভ বেশি হয়।’
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, ‘এখানকার কৃষকেরা নতুন নতুন প্রযুক্তি গ্রহণে অনেক আগ্রহী। মঞ্জুরুল ইসলাম জমিতে স্ট্রবেরি চাষ করেছেন। এই ফল অত্যন্ত পুষ্টিকর ও উচ্চমূল্যের ফসল। তিনি বাজারমূল্য ভালো পাচ্ছেন। আশা করি জেলায় আরও চাষ হবে। আমরা আগ্রহী অনেককেই পরামর্শ দিচ্ছি।’
সাতক্ষীরা মেডিকেলে দুর্নীতির কালো থাবা: রোগীদের আকুতি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার নামে চলছে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব। হাসপাতালে ঢোকার মুহূর্ত থেকেই রোগী ও তার স্বজনদের ওপর নেমে আসে অর্থের চাপ। সেবার বদলে এখানে চলছে এক ধরনের ‘টাকার খেলা’।
একজন ভুক্তভোগী জানান, ‘রোগী নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ঢোকার সাথে সাথে ১০টাকার টিকেট কাটতে হয়। এরপর রোগীকে ওয়ার্ডে নেওয়ার জন্য হুইলচেয়ার বা ট্রলি নিতে হয়, যার জন্য দিতে হয় ১০০ থেকে ৩০০টাকা। রোগীর সাথে যদি একজনের বেশি প্রবেশ করে, তবে প্রতিজনের জন্য দিতে হয় ২০টাকা করে। এমনকি যদি বেড না পাওয়া যায়, তবে মাটিতেই ঠাঁই মিলবে।”
আরেকজন স্বজন ক্ষোভের সাথে বলেন, “ডাক্তার প্রতিদিন বদলায়, আর প্রতিদিন নতুন নতুন পরীক্ষা আর ওষুধের প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া হয়। পরীক্ষা করাতে গেলেও ট্রলি বা হুইলচেয়ারের জন্য ১০০-২০০ টাকা দিতে হয়। দিন শেষে বুঝতে পারি, রোগীর সুস্থতার চেয়ে টাকা খরচের দৌরাত্ম্য বেশি!”
অপারেশন হলে রোগীর আত্মীয়দের জন্য শুরু হয় আরেক দুঃস্বপ্ন। এক স্বজন বলেন, অপারেশনের আগে ৬০০০-৭০০০ টাকার ওষুধ কিনে ডাক্তারের হাতে দিতে হয়, যা ফেরতযোগ্য নয়। এরপরও থিয়েটারের কর্মচারী, দারোয়ান, ওয়ার্ডবয়-সবাইকে খুশি করতে হয়। রোগী মারা গেলে টাকা ও মানুষ সবই শেষ, আর বেঁচে গেলেও খরচের শেষ নেই।
হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার সময়ও চলে একই নাটক। এক রোগীর স্বজন জানান, নার্স, দারোয়ান, ওয়ার্ডবয়-সবার হাতে কিছু না কিছু দিতে হয়। সব মিলিয়ে এমন অবস্থা যে, শেষমেশ হাসপাতাল থেকে বের হলেই দেখি বিশাল ব্যানারে লেখা-‘আমি ও আমরা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান’! আশাশুনি থেকে আসা মোজাহিদুল ইসলাম বলেন, আমার বড় ভাই স্ট্রোক করে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি হন। প্রথম দিন থেকেই টাকা দিয়ে পথ খুলতে হয়েছে। জরুরি বিভাগে ঢুকেই ১০ টাকার টিকেট কাটলাম। তারপর ওয়ার্ডে নেওয়ার জন্য ট্রলি লাগবে, ওয়ার্ডবয় বললো ৩০০ টাকা দিতে হবে! দিতে না চাইলে রোগী বারান্দায় পড়ে থাকুক, এমন কথা শুনতে হলো! রোকেয়া বেগম (ছদ্মনাম) প্রসূতি রোগী বলেন, ডেলিভারির জন্য ভর্তি হলাম। ডাক্তার এসে ওষুধের বিশাল লিস্ট ধরিয়ে দিলেন। বাইরে থেকে সব কিনতে হলো। বেডও পেলাম না, শেষে ৫০ টাকা দিয়ে একটা বেড পেলাম! নার্সদের খুশি করতে না পারলে ভালো সেবা মেলে না। কী করবো, গরিব মানুষ, সব মেনে নিতে হয়!
রোগীর স্বজন শারমিন আক্তার বলেন, অনেকদিন ধরে আমি এ বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। আসলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থায় এতটাই খারাপ তা বলে বুঝাতে পারবো না। কয়েকদিন আগে আমার কাকিরে নিয়ে গেছিলাম, উনার অবস্থা খুবই খারাপ ছিল। একটা হুইলচেয়ার কিংবা টলির জন্য আমাদের যা ঘুরান ঘুরাইছিল তা বলবো বুঝানো সম্ভব না। আর নার্সদের ব্যবহার এতটাই খারাপ বলার বাইরে। আর ডাক্তার তো আসে বলতে গেলে ২-৫ দিন পরে। রোগী যদি মারাও যায় তাও ডাক্তারদের কোনো কিছু যায় আসে না। সবদিক থেকে মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থা অনেক খারাপ। ওয়ার্ড বয়, নার্স তারপরে আরও যারা আছেন তাদের বেশির ভাগ মানুষের আচার ব্যবহার অনেক খারাপ। তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ যেটার জন্য সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পতিচালক ডা: শেখ কুদরত ই খুদাকে মোবাইলে যোগাযোগ করা হলে রিসিভ করেননি। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের এই চিত্র শুধু কয়েকজন ভুক্তভোগীর কণ্ঠ নয়, এটি প্রতিদিনের বাস্তবতা। সরকারি হাসপাতাল হয়েও যেখানে দরিদ্র জনগণ সেবা পাওয়ার কথা, সেখানে চলছে চরম অনিয়ম। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এই দুর্নীতির লাগাম টানবে কে?
দৌলতপুর থানা সেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজান উপলক্ষে ৯মার্চ বিকাল ৫টায় জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপি কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় , দৌলতপুর থানা সেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগীতায় রোজাদারদের মাঝে ইফতার বিতারনের করা হয়। উক্ত ইফতার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খালিশপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, প্রধান বক্তা হিসাবে ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজুর রহমান মিরাজ, সভাপতিত্ব করেন দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব ইশতিয়াক আহমেদ ইস্তি, যুগ্ন আহ্বায়ক মুনতাসির আল মামুন, জাসাস খুলনা মহানগর সাখার সভাপতি ইঞ্জিনিয়ার বাচ্চু, দৌলতপুর থানা বিএনপির সদস্য সচীব ইমাম হোসেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন সরকার রতন, ১নং যুগ্ম আহবায়ক এম এম শফিক, ২নং যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান রনি , ৩নং যুগ্ম আহবায়ক কাওসার আলী , যুগ্ম আহবায়ক বাবুল শেখ, ১নং ওয়ার্ড সদস্য সচিব বাহারুল ইসলাম, ১নং য্গ্নু আহবায়ক খলিলুর রহমান, ২নং যুগ্ন আহবায়ক মোঃ বাদশা, ৩নং ওয়ার্ড আহবায়ক মোঃ নয়ন শেখ, সদস্য সচিব তুহিন শেখ, ৪নং ওয়ার্ড আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ আরমান মোল্লা, ৫নং ওয়াড সদস্য সচিব বিপ্লব কুমার দে, থানার সদস্য নজরুল ইসলাম বাচ্চু ,৬নংওয়ার্ড আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব শেখর সরকার, আড়ংঘাটা ইউনিয়ন সদস্য সচিব মানিক সরদার, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান প্রমুখ।
চুয়াডাঙ্গায় বিএনপি নেতা হত্যায় প্যানেল চেয়ারম্যানসহ আটক ৩
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিতুদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চোয়ারম্যানসহ ৩ জন বিএনপি নেতা কর্মিকে আটক করেছে।
রবিবার ভোরে দর্শনা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত স্হানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তিতুদহ গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে তসলিম উদ্দিন সাগর (৪৫) গ্রীসনগর গ্রামের আ. খালেকের ছেলে বিল্লাল হোসেন (৩৮) ও মৃত সাহেব আলির ছেলে আছের আলি মাদার (৪০) কে আটকসহ হত্যাকাণ্ডে ব্যবহার করা বাশেঁর লাঠি, ধারালো হাসুয়া ও হাত কুড়ালী উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গা সহকারি পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) কনক কান্তি দাস জানান, এ ঘটনার সাথে জড়িত অপরাধিদের আটক অভিযান চলমান রয়েছে। এর আগে নিহত রফিকের স্ত্রী নাহিদা খাতুন বাদি হয়ে দর্শনা থানায় ৩৭ জনের নাম এবং অজ্ঞাত ২৫ জন মোট ৬২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।এদিকে নিহত রফিকের মরদেহ ময়না তদন্ত শেষে শনিবার রাত ১০ টার দিকে জেলা উপজেলা বিএনপি নেতা কর্মিদের উপস্থিতিতে রফিকের লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয়রা ও দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, বেশ কিছুদিন ধরে অত্র থানার তিতুদহ ইউনিয়ন বিএনপি নেতাদের মধ্যে রাজনৈতিক মতভেদ নিয়ে অন্তদ্বন্দ্ব চলে আসছিল। শনিবার (৮ মার্চ) আসন্ন ঈদুল ফিতরের ভিজিএফ চালের কার্ড ভাগ বন্টন নিয়ে তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সাধারন সম্পাদক আবুল হোসেন টোটনের সাথে একই দলের সাবেক সাংগাঠনিক সম্পাদক রফিকের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তিতুদহ ইউনিয়ন পরিষদের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রথমে বিএনপি সভাপতি মিলন মিয়ার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হলে সংঘর্ষ চরম আকার ধারন করে। মুহুর্তের মধ্যে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকে (৪৮) কুপিয়ে ফেলে রেখে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় উভয় পক্ষের প্রায় ৯/১০ জন আহত হয়।
বেদে জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরছে খুলনার বেদেরা
জাহিদুর রহমান
ছন্নছাড়া বেদে জীবন থেকে ফিরেছেন স্বাভাবিক জীবনে। শুরু করেছেন ব্যবসা বাণিজ্য। নিজেদেরকে গড়ে তুলেছেন উদ্যোক্তা হিসেবে। সন্তানদের স্কুল-মাদরাসায় ভর্তি করিয়েছেন। অনেক বাধা বিপত্তিকে পেছনে ফেলে জীবনযুদ্ধে সংগ্রাম করে চলেছেন ১৮ জন বেদে নারী।
খুলনার সাত নম্বর ঘাট এলাকায় পরিবার নিয়ে তারা এখন স্বাভাবিক জীবন অতিবাহিত করছেন। কাপড়ের ব্যবসা, ব্যাগ বানানো, মুদি দোকান, সবজি ব্যবসা এবং ছাগল পালন করে তারা অর্থ উপার্জন করছেন। সন্তানদের স্কুল-মাদরাসায় ভর্তি করিয়েছেন। প্রতিনিয়ত নিজেদের জীবনমান উন্নত করতে কঠোর পরিশ্রম করছেন। আসে তাদের এমন সংগ্রামী জীবনের কথা।
তারা বলেন, আগে সিঙ্গা লাগাতাম। সাপের খেলা দেখাতাম। গ্রামে গ্রামে ঘুরতে হতো। কষ্টের জীবন পার করতাম। করোনার সময় মানুষজন আমাদের ঘরে উঠতে দিতো না। তাচ্ছিল্য করতো। ভিক্ষা পর্যন্ত করতে হয়েছে। সেই জীবন থেকে এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছি আমরা। এখন আর আগের পেশায় নেই। করোনার পর ২০২২ সালে আমরা ‘রূপান্তর’ এনজিওতে ১০ দিনের প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণের পর তাদের সহযোগিতায় নিজেরা ব্যবসা শুরু করি। শাড়ি-কাপড় বিক্রি করি। এখন আয়ও বেড়েছে। আগে মানুষ আমাদের জায়গা দিত না। এখন সবাই আমাদের ভালোবাসে।
স্বাভাবিক জীবনে ফিরে আসা খোদেজা বেগম বলেন, প্রায় তিন বছর আগে বেদে জীবন ছেড়ে ছাগল পালন শুরু করি। একটা ছাগল মারা গেলে অন্যটি বিক্রি করে কাপড়ের ব্যবসা শুরু করি। এখন ভালো দিন কাটাচ্ছি।
বেদে সম্প্রদায়ের কপালি বেগম বলেন, ছন্নছাড়া জীবন পার করে এসেছি। সে জীবনে আমাদের সন্তানদের ফিরতে দিতে চাই না। এজন্য আমরা এখনো সংগ্রাম করে চলেছি।
কেয়া খাতুন কষ্টের কথা মনে করে দীর্ঘশ্বাস নিয়ে বলেন, বেদে জীবনের বেড়াজাল থেকে বের হয়েছি। এখন সিমেন্টের বস্তা কিনে ব্যাগ বানিয়ে বিক্রি করি। আগে সাপখেলা দেখিয়ে টাকা আয় করতে হতো। মানুষের কাছে টাকা চেয়ে ভিক্ষাও করতে হয়েছে। এখন খুব শান্তিতে আছি।
মিনারা খাতুন বলেন, বেদে সম্প্রদায়ের বাইরে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে পারতাম না। একটা গণ্ডির মধ্যে ছিলাম। স্বাভাবিক জীবনে ফিরে ব্যবসা করছি। সবাই এখন আমাদের সম্মান করে।
তিনি আরও বলেন, আমরা যেমন সুস্থ জীবনে এসেছি, তেমনটা আমাদের সম্প্রদায়ের অনেকেই চায়। কিন্তু সুযোগের অভাবে অনেকে তা পারেন না। তাই সরকারের সহযোগিতা চাই আমরা। সরকার সহায়তা করলে অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ বলেন, তারা (বেদে সম্প্রদায়) অনেক পরিশ্রমী এবং কর্মঠ। প্রশিক্ষণের দশদিন তারা প্রশিক্ষণে আসতে এক মিনিট দেরি করেননি। তাদের ইচ্ছাশক্তির জোরেই তারা তাদের ভাগ্য বদলাতে সক্ষম হয়েছে।
পরীক্ষায় অনুপস্থিত থেকেও পাস যবিপ্রবি শিক্ষার্থী
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পরীক্ষা না দিয়েও পাস করার দৃষ্টান্ত স্থাপন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করলেও তাকে উত্তীর্ণ করার অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি মর্মে স্বীকারোক্তি দিলেও সংশ্লিষ্ট বিভাগ তাকে পাশ দেখিয়ে ফলাফল প্রকাশ করেছে।
এছাড়া, পরীক্ষায় অংশগ্রহণের উপস্থিতি পত্রে তার স্বাক্ষর না থাকলেও বিভাগ থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে পাঠানো পত্রে তাকে উপস্থিতি দেখানো হয়েছে। এটিকে গুরুতর অপরাধ বলছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এ ধরনের অপরাধে সর্বোচ্চ শান্তি হিসেবে চাকরিচ্যুতেরও বিধান রয়েছে।
জানা হয়, গত সপ্তাহে মার্কেটিং বিভাগের (২০২২-২০২৩) শিক্ষাবর্ষের এমবিএ প্রথম বর্ষের ১ম সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়। এতে এমবিএ ২২২৩০৯ রোল নম্বরধারী এক শিক্ষার্থী এমকেটি (৫১০৭) কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ না করলেও তাকে পাস দেখানো হয়েছে। টাইপিং মিস্টেক হয়েছে কি-না যাচাইয়ে দেখা যায়, ওই পরীক্ষার্থীর নাম্বারের সাথে পরবর্তী শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বারের কোনো মিল নেই, যা প্রমাণ করে এটি টাইপিং মিস্টেক নয়। এছাড়া,পরীক্ষায় অংশগ্রহণের উপস্থিতি পত্রে তার স্বাক্ষর না থাকলেও বিভাগ থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে পাঠানো পত্রে তাকে উপস্থিত দেখানো হয়েছে।
যবিপ্রবি’র এক কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে টাইপিং মিস্টেক হওয়ারও কোন সুযোগ নেই। আবার বিভাগে থাকা উপস্থিতি পত্রে তার স্বাক্ষর না থাকলেও পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে পাঠানো উপস্থিতি পত্রে কীভাবে ওই শিক্ষার্থীকে উপস্থিত দেখানো হলো? এটি অনেক বড় প্রশ্ন!
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান এস এম শরীফুল হক ও পরীক্ষা কমিটির সভাপতি মো. সালিউদ্দীন সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
পরীক্ষা নিয়ন্ত্রণক আমিনুল হকও তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমে কোন বক্তব্য দেবেন না বলে জানান।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। যদি এ ধরনের কোনো অপরাধ সংগঠিত হয়, তবে অবশ্যই তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।











































