Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

23
পথের পাশের ঝোপে ফুটে রয়েছে বুনো ফুল

মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। দিন তো বটেই! সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই মশার অত্যাচার চরমে পৌঁছায়। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে শিশু ও বৃদ্ধ সবাই চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ময়লা আবর্জনা নোংরা পরিবেশের কারণে সাতক্ষীরা শহরে বিস্তর হচ্ছে মশা মাছির প্রজনন স্থান। শীত যেতে না যেতেই মশার উপদ্রপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে এখনো কোন কার্যকর উদ্যোগ শুরুই হয়নি। অতিষ্ট পৌরবাসী অবিলম্বে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের উদ্যোগ নেওয়ার দাবী জানিয়েছে।
জানা গেছে, ৩১.১০ বর্গ কিলোমিটারের সাতক্ষীরা পৌরসভা ১৮৬৯ সালে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকে নানা কারণে অবহেলিত অন্তত ২লাখ পৌরবাসী। নাগরিক সেবা বঞ্চিত এই পৌরসভায় প্রায় ২শ’ কিলোমিটার কাঁচা পাকা ড্রেন রয়েছে। রয়েছে দেড় শতাধিক ডাস্টবিন কষাইখানা ও গণসৌচাগার। শহরের বুক চিরে প্রবাহিত প্রাণসায়র খালও পরিণত হয়েছে মশা প্রজনন ক্ষেত্রে। ডেঙ্গু মশা, লার্ভা ও মাছির নিরাপদ এসব স্থান কখনই নিয়মিত পরিস্কার না করার অভিযোগ দীর্ঘদিনের। অন্যান্য বছরে ফগার মেশিন ব্যবহার করে দৃশ্যমান কিছু কার্যক্রম দেখা গেলেও এবার তারও পাত্তা নেই।
পৌরসভার বাসিন্দারা জানান, মশার কামড়ে রাতে ঘুমানো দিনে কাজ করা এবং ছেলে-মেয়েদের পড়ালেখা দুর্বিসহ হয়ে উঠেছে। মশা নিধনে নিয়মিত কার্যকর পদক্ষেপ এবং মশার প্রজনন কেন্দ্র ধ্বংসের দাবী পৌরবাসীর। ইতোপূর্বে মাঝেমধ্যে ফগার মেশিন ব্যবহার হলেও এখন তা দেখা মেলেনা, মেয়র, কাউন্সিলররা না থাকায় পৌরবাসী যেন অভিভাবকহীন হয়ে পড়েছে বললেন স্থানীয়রা।
বিশেষ করে পবিত্র রমজান মাসে মসজিদে তারাবির নামাজ পড়ার সময় মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন মুসুল্লিরা। নামাজের প্রতি মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশিরভাগ মসজিদে মশার উৎপাত এতটাই বেড়েছে যে মুসুল্লিদের অনেকেই মশারি বা বিশেষ ব্যবস্থা নিয়ে নামাজ আদায় করছেন। তবুও স্বস্তি মিলছে না।
শহরবাসীর অভিযোগ, মাঝে মাঝে পৌরসভার পক্ষ থেকে মশা নিধনের জন্য স্প্রে করা হলেও তা কোনো কাজেই আসছে না। অধিকাংশ ক্ষেত্রে এসব ওষুধ সঠিক নিয়মে প্রয়োগ করা হয় না, ফলে মশার বংশবিস্তার দিন দিন বেড়েই চলছে।
মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, শহরের বিভিন্ন জলাবদ্ধ এলাকা, নালা-নর্দমায় জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশ মশার বাড়বাড়ন্তের অন্যতম কারণ। এসব এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকায় মশা দ্রুত বংশবিস্তার করতে পারছে।
নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট বেলাল হোসেন বলেন, শুধু স্প্রে করাই যথেষ্ট নয়, মশার উৎপত্তিস্থল ধ্বংস করাই হতে পারে এর স্থায়ী সমাধান। তাই পৌরসভাকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। আধুনিক পদ্ধতিতে মশা নিধনের জন্য নতুন কৌশল ও কার্যকর ওষুধ ব্যবহার করা জরুরি।
এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্যথায়, জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

শার্শায় সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতার ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহসভাপতি, কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও তার ভাই ইবাদুল ইসলাম কালুর বিরুদ্ধে।
এই অভিযোগ উঠার পর বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে যশোর জেলা বিএনপি রুহুল কুদ্দুসের দলীয় পদ স্থগিত করেছে। এর আগে (বুধবার) বিকালে এ অভিযোগ করেন কায়বা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার শাহজাহান কবির।
শাহজাহান কবির জানান, তিনি বুধবার সকালে বাগআঁচড়া খাদ্যগুদাম থেকে চাল লোড করে কয়েকটি ট্রলি নিজের ডিলার পয়েন্টের উদ্দেশ্য পাঠান। পথে বাগআঁচড়া বকুলতলায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রহুল কুদ্দুসের নেতৃত্বে তার ভাই ইবাদুল ইসলাম কালু ট্রলি দাঁড় করিয়ে চালককে জিম্মি করেন। এসময় ১৫৫ বস্তা চাল নিজের গোডাউনে নামিয়ে নেন। পরে এ বিষয়ে কুদ্দুসকে ফোন দিয়ে জানতে চাইলে তাকে গালিগালাজ করেন এবং হুমকি দেন। খবর পেয়ে সংবাদকর্মীরা বকুলতলায় কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির সামনে চালবোঝায় ট্রলি আটকে রাখার সত্যতা দেখতে পান।
এসময় কেন চাল বোঝায় ট্রলি আটকে রেখেছেন জানতে চাইলে কালু জানান, তিনি ডিলারের কাছে টাকা পাবেন তাই আটকে রেখেছেন।
তবে বিএনপি নেতা রুহুল কুদ্দুস অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোনো চাল লুট করিনি। আমার ভাই ডিলারের কাছে টাকা পাবে বলে ট্রলি আটকে রেখেছিল। পরে ছেড়ে দিয়েছে।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান জানান, তিনি বিষয়টি শুনেছি। শার্শার ওসিকে চালগুলো উদ্ধারের জন্য বলেছি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ইউএনও চাল উদ্ধারের কথা বলার পরপরই জানতে পেরেছি, চালের ট্রলিগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এই অভিযোগ উঠার পর যশোর জেলা বিএনপি রুহুল কুদ্দুসের দলীয় পদ স্থগিত করেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ডা. শাহনেয়াজের মায়ের মৃত্যুতে ড্যাবের শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা শাখার সদস্য ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. এস এম শাহনেয়াজ এর মাতা আছমা খাতুন ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে বুধবার সকাল আনুমানিক ৯ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন।
ড্যাব খুলনা শাখার সকল সদস্যদের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কমনা করে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

নগরীর রূপসা থেকে ময়লাপোতা হয়ে নিরালা অবৈধ স্থাপনা অপসারণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরীর রূপসা মোড় ও খান জাহান আলী রোড, ময়লাপোতা মোড় হয়ে নিরালা মোড় পর্যন্ত সড়ক থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
অবৈধ দখল অপসারণকালে রূপসা মোড়ে ফুটপথ দখল করে মাংস বিক্রয়ের অপরাধে মোহাম্মদ মোস্তফা’কে ১ হাজার টাকা এবং ময়লাপোতা মোড়ের ফল বিক্রেতা মো: সোহাগ’কে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে সড়ক ও সড়কের ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শ্রমিক-মালিকদের বিক্ষোভ
মৌসুমের মাঝামাঝিতে ইটভাটা বন্ধের প্রতিবাদসহ ৫ দফা দাবি

স্টাফ রিপোর্টার
মৌসুমের মাঝামাঝি সময়ে উন্নত প্রযুক্তির (জিগজ্যাগ) ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে খুলনার ইটভাটা মালিক ও শ্রমিকরা। তারা অবিলম্বে জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত লাইসেন্স নবায়ন, ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা, বন্ধ করা ইটভাটাগুলোকে ক্ষতিপূরণসহ ৫ দফা জানিয়েছেন।
বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভকালে তারা এসব দাবি জানান। এতে খুলনার বিভিন্নস্থানের হাজার হাজার শ্রমিক-কর্মচারীরা অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, ইটভাটা মালিকরা নানা প্রতিবন্ধকতায় ৩৫/৪০ বছর ভাটা পরিচালনা করছেন। আগে কাঠ পোড়ানোর ফলে বায়ূ দুষণের ৫০ ভাগ হলেও আধুনিক প্রযুক্তিতে ৫-১০ শতাংশে এসেছে। এই শিল্পে ৫০ লক্ষাধিক শ্রমিকসহ ২ কোটি মানুষ নির্ভরশীল। খুলনায় কয়েক হাজার শ্রমিকদের রুটি-রুজ্বি হচ্ছে। কিন্তু বাদ-বিচার ছাড়া প্রশাসন ভাটাগুলো বন্ধ করে দিচ্ছে। এতে শ্রমিকদের কর্মসংস্থান বন্ধ হলে সন্ত্রাস ও মাদক কারবার বাড়বে।
সমাবেশ থেকে ২০২৫ সালের ইট পোড়ানের মৌসুম শেষে সরকারের উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে ইটভাটা মালিক সমিতির সমন্বয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন খুলনা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইদ্রিস আহম্মেদ জমাদ্দার, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাবেক সভাপতি কামাল খান প্রমুখ।

গ্যাস পাইপ লাইন রুট পরিবর্তন করায় খুলনা উন্নয়ন কমিটির তীব্র প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপ লাইনের রুট, ভোলা-বরিশাল অংশ অপরিবর্তিত রেখে ভোলা-বরিশাল-ঢাকা পাইপ লাইন করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বলেন খুলনায় শিল্প কলকারখানা গ্যাসের অভাবে চালু ও নতুন শিল্প গড়ে উঠছে না। সে দিকে লক্ষ না রেখে পেট্রোবাংলার এই সিদ্ধান্ত খুলনার প্রতি বিমাতা সুলভ আচারণের বহিঃপ্রকাশ। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এ অঞ্চলে শিল্প-কলকারখানা স্থাপন ও অর্থনৈতিক সম্ভাবনা দেখা দিয়েছিল সেটাকে অব্যাহত রাখতে পেট্রোবাংলার এই সিদ্ধান্ত পরিবর্তনের জোর দাবি জানাচ্ছি। শুধু খুলনা নয় মোংলা ইপিজেডেও গ্যাসের প্রয়োজন। সরকারের সিদ্ধান্ত হীনতার কারণে খুলনায় জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে যা অন্য শহরে বাড়ছে। ইতিমধ্যে খুলনা নভো থিয়েটার, বিমান বন্দর প্রকল্প স্থগিত করা হয়েছে যাহা প্রমান করে খুলনার প্রতি সরকারের বিমাতা সুলভ আচরণ।
অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে ঈদের পর কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাশার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মনিরুল ইসলাম (মাস্টার), অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, আইন সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম পান্না, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম (শিরোমনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, ক্রীড়া সম্পাদক জি এম রেজাউল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, নগর ও পরিকল্পনা সম্পাদক প্রকৌশলী সেলিমুল আজাদ, সংস্কৃতি সম্পাদক মোঃ হায়দার আলী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মনজুর হাসান অপু, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, প্রবাসী বাংলাদেশী এস এম ইকবাল হোসেন বিপ্লব, এস এম মুর্শিদুর রহমান, নির্বাহী সদস্য এ্যাড. মিনা মিজানুর রহমান, এ্যাড. শেখ আবুল কাসেম, এ্যাড. কুদরত ই খুদা, মামুন রেজা, মোঃ তরিকুল ইসলাম, আফজাল হোসেন রাজু, আসাদুজ্জামান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, এইচ এম আলাউদ্দিন, মোরশেদ উদ্দিন, সাইফুল ইসলাম পিয়াস প্রমুখ।

নব নির্বাচিত নগর বিএনপি কমিটিকে শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
নব নির্বাচিত খুলনা নগর বিএনপি’র সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রসিদ মিরাজসহ সকল নেতৃবৃন্দকে শুভেচছা ও অভিনন্দন জানান খুলনা বাজার কালীবাড়ি মন্দিরের নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন অত্র মন্দিরের সেবায়েত পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জি, শ্যামল হালদার, গোপি কিষাণ মুন্ধড়া (সত্য নারায়ন মন্দির বড় বাজার), প্রশান্ত ব্যানার্জি, ভোলানাথ ভট্টাচার্য, সাংবাদিক তপা হালদার, শুশান্ত ব্যানার্জি, সেবায়েত উজ্জল ব্যানার্জি, পুরহিত আকাশ ব্যানার্জী, অনিক ব্যানার্জি, কেয়া রানী ব্যানার্জি, মুক্তি রানী ব্যানার্জী, শিউলি রানী ব্যানার্জী প্রমূখ।

বিএনপির কেন্দ্রীয়নেতা বকুলের পক্ষে খালিশপুরে যুবদলের ইফতার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা- ৩ আসনের ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর পক্ষে খালিশপুর থানা যুবদলের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
খালিশপুর থানা যুবদলের ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সুমন হাওলাদারের সার্বিক তত্ত্বাবধায়নে ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল সহ খালিশপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস।
এর আগে অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় অন্য লোকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল আলিম,৯ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সভাপতি সোহেল হাওলাদার, ৭ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুর খালিদ রাস্তী,কাজল, সাগর শরীফ,শুকুর আলী, তারেক, শরিফুল, জাকির, আমিন, কাজী আলী হোসেন, সজিব,রাজু,সুমন,শুভ সহ প্রমুখ।
এর আগে খালিশপুরের প্রতিটি ওয়ার্ড যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ মিছিল সহকারে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাস্থলে উপস্থিত হন। শেষে সংবর্ধিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন,আওয়ামী লীগের দোসরেরা যেসব অপকর্ম চালিয়েছে সে সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি যুবদলের ক্লিন ইমেজকে আরো বেগবান করে রাজপথের যুবদলকে সকল অপশক্তির বিরুদ্ধে আরো সজাগ দৃষ্টি রাখতে হবে।
এছাড়া দলের শুনাম ক্ষুন্ন হয়, এমন সব কর্মকান্ড থেকে যুবদলের প্রতিটি নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। পাশাপাশি মাদকের মতো ভয়ংকর আগ্রাসন থেকে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে শহীদ জিয়ার আদর্শের যুবদল নেতৃবৃন্দ,কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান বক্তারা।

ভোলার গ্যাস খুলনার বদলে ঢাকায় নেয়ার সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ ও ক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
“রুটে পরিবর্তন, ভোলার গ্যাস খুলনার বদলে আগে যাবে ঢাকায়” গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। তারা বলেন, খুলনাসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করার লক্ষ্যে ২০১২ সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত ১৬৫ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়। স্থাপন করা হয় গ্যাস ট্রান্সমিশন ল্যান্ড ফিল্ডও। এরপর এক যুগ কেটে গেলেও খুলনার কোথাও সরবরাহ করা হয়নি গ্যাস। বছরের পর বছর এ অঞ্চলের ব্যবসায়ীরা দাবি জানিয়ে আসলেও তা থেকেছে উপেক্ষিত। অতি সম্প্রতি ব্যবসায়ীরা আবারও তাদের দাবি জোরদার করলে নতুন করে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেয় সুন্দরবন গ্যাস কোম্পানি। প্রথম পর্যায়ে খুলনা বিসিক শিল্পনগরী এলাকায় সরবরাহ করার কথা এ গ্যাস। কিন্তু এরই মধ্যে ভোলা-বরিশাল অংশ অপরিবর্তিত রেখে পেট্রোবাংলা ভোলা-বরিশাল-ঢাকা পাইপলাইন করার সিদ্ধান্ত নিয়েছে যা আত্মঘাতি ও খুলনা অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সুকৌশলে ধ্বংসের নীল নকশা মাত্র।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিএনপি প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করে পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছে বরিশাল-খুলনা পাইপলাইনও হবে, তবে প্রথম ধাপে ভোলা-বরিশাল-ঢাকা পাইপলাইন করার সিদ্ধান্ত হয়েছে। খুলনা বিএনপি অবিলম্বে গৃহিত সিদ্ধান্ত পরিবর্তণ করে প্রথম ধাপে খুলনায় গ্যাস সরবরাহের দাবি জানিয়ে আরো বলেন, চলতি বছরের জুন মাসে খুলনায় গ্যাস সরবরাহের খবরে উচ্ছ্বসিত ছিলো এ অঞ্চলের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা। উৎপাদন খরচ কমার পাশাপাশি বিসিক শিল্প এলাকায় বন্ধ হওয়া প্রতিষ্ঠান খুলে যাওয়ার আশা ছিলো তাদের। যেসব প্রতিষ্ঠান গ্যাস সংযোগের জন্য আবেদন করেছে, ইতিমধ্যেই সে সকল প্রতিষ্ঠান এনওসিও সংগ্রহ করেছে। খুলনা শিল্পাঞ্চলের অনেক প্রতিষ্ঠান লোকসানের কারণে বন্ধ হয়েছে। গ্যাস সংযোগ দেয়া হলে বন্ধ প্রতিষ্ঠানগুলো আবারও চালু হবে। সেইসঙ্গে ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোও লাভের মুখ দেখবে। নতুন নতুন কর্মসংস্থান হবে। সব মিলিয়ে এ অঞ্চলের অর্থনীতিতে সম্ভাবনা বাড়বে। নেতৃবৃন্দ প্রথম ধাপে খুলনায় গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন। অন্যথায় খুলনাবাসিকে সাথে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দিয়েছেন।
বিবৃতিদারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু প্রমূখ।

অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়া দুই ভারতীয়কে ফেরত দিয়েছে বিজিবি
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি। বুধবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান।
তিনি বলেন, ‘‘ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন দুই ভারতীয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত দেওয়ার মাধ্যমে বিজিবি পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ ও আন্তঃসীমান্ত সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।’’
বিজিবি জানায়, মঙ্গলবার দুপুরে বিজিবি-৪৭ ব্যাটালিয়নের চিলমারী বিওপি’র সীমান্ত পিলার ৮৫/১৩-এস এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন দুই ভারতীয় নাগরিক। পরে উপজেলার চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। সেখানে যাচাই-বাছাই শেষে বিএসএফের অনুরোধে ওই দুই ভারতীয়কে ফেরত পাঠায় বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার বিশ্বাসপাড়া গ্রামের মৃত ইমাম বক্সের ছেলে আবু সাঈদ (৫৫) ও মৃত শরৎ হালদারের ছেলে কানু হালদার (৫৫)।

ঝিনাইদহে স্যান্ডেল হারানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার গোকুলনগর গ্রামে এ সংঘর্ষ ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে ওই দিগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও ইউপি সদস্য মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত কয়েকদিন ধরে গ্রামের মসজিদে তারাবিহ নামাজে আব্দুল মালেকের লোকজনের স্যান্ডেল হারিয়ে যায়। বুধবার রাতে আবারো স্যান্ডেল হারালে উভয় পক্ষের লোকজনের মাঝে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। এ সময় উভয়পক্ষের কয়েকটি বাড়িঘরও ভাঙচুর হয়।
শৈলকূপা থানা ওসি মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে ১৯ বাংলাদেশি আটক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে সাতজন নারী ও চারজন শিশু রয়েছেন। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৫টায় বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালান বিজিবির সদস্যরা।
বেনীপুর বিওপি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে আটক করেন। অপর অভিযানে বাঘাডাংগা বিওপির সুবেদার আসাদুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে চার নারী ও দুই শিশুসহ ৮ বাংলাদেশিকে আটক করা হয়।
এছাড়া মেদিনীপুর, বাঘাডাঙ্গা ও কুসুমপুর বিওপির পৃথক অভিযানে দুই নারী ও দুই শিশুসহ সাতজনকে আটক করে বিজিবি। আটকরা হলেন- মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের কাওসার আলীর ছেলে মিরাজ (২৮), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হাবি বিশ্বাসের ছেলে সোহাগ বিশ্বাস (৩০), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পরেশ চন্দ্রের ছেলে বিকাশ চন্দ্র দাস (৩৫), বাগেরহাটের চিতলমারী উপজেলার মনিশংকর মজুমদার (৩৩), ও তার ভাই রুবেল চন্দ্র মজুমদার (৩৭), খুলনার দিঘলিয়া উপজেলার মোল্লাহাট গ্রামের দাউদ ফকিরের ছেলে কলনগির ফকির (৪৫), গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে শিবাজী বিশ্বাস (১৯)।
আইনগত কারণে সাত নারী ও চার শিশুর নাম প্রকাশ করেনি বিজিবি। আটক পুরুষদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক পুরুষদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে তোলা হবে। আর আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

মাগুরাতে বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু
মাগুরা প্রতিনিধি
মাগুরা শহরে আট বছর বয়সী এক শিশুকন্যা ধর্ষিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ ) দুপুরে বোনের বাড়িতে বেড়াতে যেয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মা জানান, ঘরের মধ্যে শিশুটিকে একা পেয়ে কেউ একজন তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে অচেতন অবস্থায় তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, ঘটনার সময় বাড়িতে ওই শিশু একা ছিল। যেহেতু তার জ্ঞান ফেরেনি সে কারণে বিস্তারিত বলতে পারছেন না তারা।
মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার সুবাস রঞ্জন হালদার বলেন, তাকে প্রথমে শ্বাসকষ্ট রোগী হিসেবে নিয়ে আসা হয়। পরে মেডিসিন বিভাগে নিয়ে গেলে ধর্ষণ ও হত্যার চেষ্টা আলামত পাওয়া গেছে। মেয়েটির অবস্থা শংকামুক্ত নয়। ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মাগুরাতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রযুক্তিগত জ্ঞানে দক্ষতা অর্জন ছাড়া পেশাগত উন্নয়ন সম্ভব না : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, আগামীতে বিশ্বে প্রযুক্তিগত একটা বড় পরিবর্তন আসছে। এই প্রযুক্তিগত পরিবর্তনের সাথে মানিয়ে নিতে না পারলে উন্নত বিশ্ব থেকে আমরা পিছিয়ে পড়বো। চাকরির পাশাপাশি পেশাগত বিভিন্ন দিকে নিজের যোগ্যতা প্রকাশে প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রযুক্তিগত জ্ঞানে দক্ষতা অর্জন না করতে পারলে পেশাগত উন্নয়ন সম্ভব হবে না।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের আয়োজনে ‘ইডিজিই-কেইউসিএসই ডিজিটাল স্কিল ট্রেনিং’ এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজে অনেক পরিবর্তন এসেছে। প্রযুক্তির সহযোগিতায় শিক্ষার্থীরা তাদের মেধা ব্যবহার করে নতুন নতুন উদ্ভাবন করছে। এটি আমাদের জন্য গর্বের। বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন ছাড়াও সফট স্কিলসহ এক্সট্রা কারিকুলা অ্যাক্টিভিটিসে যুক্ত হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। আগামীতে দেশ ও জাতির প্রয়োজনে নিজেকে নিয়োজিত করতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। স্বাগত বক্তৃতা করেন সিএসই ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. এস এম রফিজুল হক। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ট্রেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম মাসুম বিল্লাহ। এ সময় ট্রেনিং প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের মাধ্যমে এ প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে।

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর ও শৈলকুপা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার মানসিক ভারসাম্যহীন যুবক জসিম উদ্দীন ও চুয়াডাঙ্গা শহরের মল্লিকপাড়ার ঠান্ডু মল্লিকের ছেলে ফজর আলী মল্লিক।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার জিন্নাহনগর বাজার এলাকায় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মানসিক ভারসাম্যহীন যুবক জসিম উদ্দীন নিহত হন। পুলিশ দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছে।
এদিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি দাখিল মাদ্রাসার সামনে বুধবার রাতে একটি অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় ফজর আলী মল্লিক নামে এক ব্যাক্তি আহত হন। তাকে উদ্ধার ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালে ভর্তি করা হলে মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঝিনাইদহ আরাপপুর হাইয়ে থানার ওসি মৃত্যুঞ্জয়ী বিশ্বাস জানান, অজ্ঞাতনামা যানবাহনটি এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।

জীবননগরে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরের মনোহরপুরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় জীবননগর উপজেলার মনোহরপুর বাসস্ট্যান্ডের পাশে রাস্তা পার হবার সময় মনোহরপুর গ্রামের মিলন মল্লিকের ছেলে হাসিবুর রহমান(৭)কে যশোর- চুয়াডাঙ্গা রুটের শাপলা এক্সপ্রেসের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পাকা রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার্ড করলে যশোর নেয়ার পথে সন্ধ্যার পর শিশু হাসিবুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় চালক-সহকারি চালক (হেলপার) পালিয়ে গেলেও পুলিশ ঘাতক বাসটি জব্দ করে।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

খুলনায় সিপিবি’র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বুধবার বিকাল পরে চারটায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড ডা. মনোজ দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড অ্যাড. চিত্ত রঞ্জন গোলদার, কমরেড সুতপা বেদজ্ঞ, সিপিবি নেতা কমরেড সুখেন রায়, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, বীর মুক্তযোদ্ধা কমরেড নিতাই পাল, কমরেড তোফাজ্জল হোসেন, কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, কমরেড অ্যাড. প্রীতিশ মন্ডল, কমরেড মোঃ হুমায়ুন কবির, কমরেড গাজী আফজাল হোসেন, কমরেড এস এম চন্দন, কমরেড আব্দুল হালিম, কমরেড মৃণাল পাল, কমরেড মিজানুর রহমান স্বপন, কমরেড পূর্ণেন্দু বিশ্বাস, কমরেড অ্যাড. সন্দীপ রায়, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, যুবনেতা ধীমান বিশ্বাস, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, আফজাল হোসেন রাজুসহ অন্যরা।
সমাবেশে বক্তরা বলেন, এই উপমহাদেশে কমিউনিস্ট পার্টি একশত বছর ধরে লড়াই সংগ্রাম করছে। ১৯৪৮ সালে ৬ মার্চ ভারতের কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়ে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বৃটিশ বিরোধী লড়াই, জমিদার জোরদারের বিরুদ্ধে লড়াই, তেভাগা আন্দোলন, মহান ভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রণ্ট নির্বাচন, ’৬৯ গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টি সামনের কাতারে থেকে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। স্বৈরাচার এরশাদ সামরিক শাসক বিরোধী গণতন্ত্রের আন্দোলনে আমাদের পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরুদ্ধে শুরু থেকেই লড়াই সংগ্রামের কারণে আমাদের নেতা-কর্মীদের হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হতে হয়েছে। সর্বশেষ ’২৪ এর নির্বাচনের পর আমাদের পার্টি ঘোষণা করেছিল, আমরা ড্যামি নির্বাচন মানি না। অবিলম্বে পদত্যাগ করে তদারকি সরকারের অধীনে নির্বাচন দাও। শেষ পর্যন্ত আমাদের পার্টি রাজপথে থেকে লড়াই সংগ্রাম করছে এবং জীবন দিয়েছেন আহত হয়েছেন।
এই অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের পর কমিউনিস্ট পার্টি বলেছে মুক্তিযুদ্ধের চেতনায় ও ’২৪-এর গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষায় শোষণ-বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রাম জোরদার করতে হবে। নেতৃবৃন্দ সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের জন্য শ্রমিক-কৃষক-মেহনতি মানুষকে কমিউনিস্ট পার্টির পতাকা তলে সমবেত হওয়ার আহবান জানান।

চাঁদা দাবি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
গত ২৪ জানুয়ারি মাছ ব্যবসায়ী আলী শিকদারের নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করেন রূপসা উপজেলা আলাইপুর গ্রামের বাসিন্দা বাছেদ শিকদার । চাঁদা দাবির কারণ জানতে চাইলে আমার বড় ভাইকে বলে তুমি মাছের ব্যবসা কর। আমাকে ১ লাখ টাকা না দিলে তুমি মাছের ব্যবসা করতে পারবে না। দাবিকৃত চাদা দিতে অপারগতা প্রকাশ করলে বাছেদ শিকদার তাকে অস্ত্র ঠেকিয়ে জানে মেরে ফেলার হুমকি দেয় এবং বলে এই বিষয় নিয়ে কোন মামলা করলে আমি রূপসার কোস্টগার্ড দ্বারা অস্ত্র মামলা দেব। এই ঘটনার পর আমার ভাই আমাদের পরিবারের কথা চিন্তা করে আদালতে মামলা করেন। যার নং-সি আর ৩১/২৫। এমন অভিযোগে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে হুমায়ুন কবির বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন আলী শিকদারের বোন আছোরা বেগম।
তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উল্লেখ করেন বাছেদ শিকদার মামলার খবর পেয়ে আমার পরিবারের ওপর অমানবিকভাবে হামলা চালায়। হামলায় আমিসহ আমার কাকি, ফুফু ও ভাইয়ের বৌ আহত হয়। এর পরে বাছেদ বাহিনী তার সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাদের বাড়ি ঘর লুটপাট ও আমাদের পৈত্রিক সম্পত্তির কিছু অংশ জবর দখল করে ঘর নির্মাণ করে। এ ঘটনার পর গত ২৮ জানুয়ারি আমি নিজে বাদি হয়ে খুলনা আদালতে মামলা দায়ের করি। যার নং সিআর-৩৪/২৫। এই মামলা খবর পেয়ে বাছেদ শিকদার ও তার সহযোগী শহিদ আলী শিকদার জানায় একে তো চাঁদা দিচ্ছে না, তার ওপর আমার নামে মামলা দিয়েছে। এদের যতটুকু জমি দখল করেছি চাঁদার টাকা না পাওয়া পর্যন্ত ঘর ছাড়বো না এমনকি জমি দখলও ছাড়বো না। এর পরিপ্রেক্ষিতে আমি গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করি। এই খবর পেয়ে বাছেদ শিকদার আমাকে প্রাননাসের হুমকি দেয় বলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন ভুক্তভোগী রূপসা উপজেলা আলাইপুর গ্রামের বাসিন্দা নাজমুল শিকদারের স্ত্রী আছোরা বেগম।

নড়াইলে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
নড়াইল প্রতিনিধি
‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নড়াইলে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। এ দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মাহবুবুল ইসলাম, উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা অভিজিৎ চন্দ্র দাস, পাট চাষী কামরুজ্জামান তুহিন, মলয় লস্কর, সাংবাদিক কাজি হাফিজুর রহমান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।

দর্শনায় আজম গ্রেফতার
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ এক অভিযানে এক আওমীলীগ নেতার ভাইকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর এর নেতৃত্বে পুরাতন বাজার এক অভিযান চালায়। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাকারিয়া আলমের ভাই যুবলীগ নেতা মৃত আনোয়ারুল ইসলামের ছেলে এস এ এম কিবরিয়া আজম (৫০)কে বাড়ী থেকে গ্রেফতার করে।পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়,আজমের বিরুদ্ধে নিয়মিত মামলা ছিল।

বাগেরহাটের রামপালে বিএনপির প্রতিপক্ষের হামলায় আহত ৯
মোংলা প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগেরহাটের রামপালে বিএনপির প্রতিপক্ষের হামলায় অন্তত ৯জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২জন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে খুলনা মেডিকেলে ভর্তি শহিদুলের অবস্থা আশংকাজনক।
রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম জানান, বর্তমানে সব জায়গায় বিএনপির কমিটি গঠনের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি রামপাল উপজেলায় তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি গঠন সম্পন্ন হয়েছে। তাতে দলের প্রকৃত ত্যাগীরাই নির্বাচিত হয়েছেন। আর এ কমিটি থেকে বাদ পড়েছেন রামপাল উপজেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান তুহিনের লোকজন। কারণ বিগত ৫ আগস্টের পর থেকে এলাকার আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে মহড়া ও দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তুহিন। তার আওয়ামী প্রীতির কারণেই দলের প্রকৃত লোকজন তার থেকে মুখ ফিরিয়ে নিলে ইউনিয়ন বিএনপি কমিটি গঠনে ছিটকে পড়েন তারই লোকজন। এতে ক্ষুদ্ধ হয়ে তিনি তার নিজের নেতৃত্বে বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামসহ তার লোকজনকে নানাভাবে হুমকি-ধামকি, ভয়ভীতি ও হয়রানী করে আসছিলেন। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তুহিনের নেতৃত্বে তার নিজস্ব বিএনপি ও আওয়ামী দলবল নিয়ে প্রতিপক্ষ জাহিদের লোকজনের উপর হামলা চালায়। এতে জাহিদের ৯নেতাকর্মী আহত হন। আহতরা হলেন-শহিদুল, আজমল, আলামিন, বাবু, সাইদুল, মাহিদ, আহম, আশরাফ ও কালাম। এদের মধ্যে আশরাফ ও কালাম রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে শহিদুলের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার পরিবার। এদিকে তুহিনের নেতৃত্বে প্রতিপক্ষ জাহিদের লোক মাহিদ ও মোহাম্মদের বাড়ীঘর ভাংচুর করা হয়েছে। আর আকোর ঘেরের বাসা ভাংচুর করা হয় বলেও অভিযোগ রয়েছে। ভাঙ্গা হয়েছে আহম ও আরিফ বিল্লাহর দোকানঘরও।
আর উত্থাপিত এসব অভিযোগ অস্বীকার করেছেন রামপাল উপজেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান তুহিন। তিনি বলেন, আমি এসবের কিছুই জানিনা।
রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন, এখনও পর্যন্ত কারো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রূপসায় নিত্য প্রয়োজনীয় পণ্েযর মূল্য স্থিতিশীল রাখার লক্ষে মতবিনিময় সভা
রূপসা প্রতিনিধি
রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্েযর মূল্য স্থিতিশীল রাখার লক্ষে এবং ভোক্তা -অধিকার সংরক্ষণ বিষয়ক এক সেমিনার ও মতবিনিময় সভা ৬মার্চ বেলা১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। এসময় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:আহসান হাবীব, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান, আ: মালেক শেখ, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, অধ্যক্ষ(ভার:) অজিত সরকার, ইউপি চেয়ারম্যান (ভার:) মো:আছাফুর রহমান, মো: জিয়াউল ইসলাম,উপজেলা জামায়াতের আমীর মাওলানা লবিবুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ ইমন, মাওলানা রেজাউল ইসলাম, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ:রাজ্জাক শেখ, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ,রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণগোপাল সেন, বাজার কমিটির সভাপতি আরাফাত হোসেন, মো: শাহজামান প্রিন্স, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, ইসলাম সরদার, মোকতাদির হোসেন, সুমন শেখ, মামুন উর রশিদ, রবিউল ইসলাম সরদার, হাফিজুর রহমান,শহীদ মল্লিক প্রমূখ।
সভায় বাজারে পণ্যের মূল্য তালিকা ও ইজারাদারদের রেট কার্ড তালিকা অনুযায়ী টাকা আদায় করার আহবান করেছেন। এছাড়া বাজার নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা নিয়ে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা যায়।

ঝিনাইদহে আ.লীগ নেতার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার মধুপুরে এই বিক্ষোভের ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সড়কের দুই ধারে প্রায় দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তাজুড়ে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বেলা ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী ও সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছান। ইউএনও ডিপো অপসারণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
বিক্ষুব্ধরা জানিয়েছেন, মধুপুর চৌরাস্তার মোড়ে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মাসুম নামের এক ঠিকাদার কয়েক বছর আগে মিক্সার ডিপো তৈরি করেন। যা থেকে প্রচণ্ড কালো ধোঁয়া বের হয়। এ কারণে এলাকার শতাধিক বিঘা জমির ফসলহানি ঘটছে। রান্না করা খাবারের মধ্যে কালো ধোঁয়ার ময়লা আবর্জনা গিয়ে খাবার নষ্ট হয়ে যায়। এলাকার মানুষ হাঁপানি, অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। অসংখ্য মানুষের চোখের সমস্যা হয়েছে। এই সময়ের মধ্যে শিশুসহ অ্যাজমা-হাঁপানিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী ওই ঠিকাদার মাসুমের কাছে অনেকবার অভিযোগ দিলেও তিনি তা আমলে নেননি। মিজানুর রহমান মাসুম সবশেষ উপজেলা নির্বাচনে জয়ী হয়েছিলেন। এ কারণে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। ফলে উপায়ান্তর না পেয়ে এলাকার মানুষ একত্রিত হয়ে সড়কের ওপর পিচের ড্রাম বসিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় নারীরা ঝাড়ু প্রদর্শন করেন।
এদিকে ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মধুপুর চৌরাস্তা মোড়ে এলাকাবাসী ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীদের দাবির মুখে প্রাথমিকভাবে মিক্সার ডিপোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

কোটচাঁদপুরে রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাড়া রেলগেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বুধবার রাতের কোনো এক সময় ট্রেন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্টেশনমাস্টার।
স্থানীয়রা জানান, কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া মাঠের ওপর দিয়ে রেললাইন। এ লাইনের পাশেই পড়ে ছিল লাশটি। ওই যুবকের গায়ে ছিল আকাশি রঙের গেঞ্জি, পরনে ছিল ডোরা কাটা লুঙ্গি আর পায়ে ছিল স্যান্ডেল। মৃতের শরীর ও মাথার কয়েক জায়গায় আঘাতের চিহ্ন আছে। তবে কোথাও কোনো রক্তের দেখা মেলেনি।
কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনমাস্টার দীপংকর সাহা বলেন, ‘ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তবে কোন ট্রেনে এ দুর্ঘটনা ঘটেছে, সেটা সঠিক করে বলা সম্ভব নয়।’
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এখনো নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।’
যশোর জিআরপি পুলিশের এসআই মনিতোষ কুমার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। দেখে মনে হচ্ছে উনি গাড়ির যাত্রী ছিলেন না। উনি হয়তোবা লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।’

শরণখোলায় জেলেদের মানববন্ধন

শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন সুন্দরবনের উপর নির্ভরশীল জেলেরা। একজন মৎস্য ব্যবসায়ীর খামখেয়ালীপনা ও বনরক্ষীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে জেলেরা এই মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ ) সকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে সুন্দরবনের সাধারণ জেলে জনগোষ্ঠির ব্যানারে অনুষ্ঠিত জেলেদের মানববন্ধনে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন হাওলাদার, সাউথখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হাওলাদার, মৎস্য ব্যবসায়ী পলাশ হাওলাদার, ফরিদ খান, জেলে ইব্রাহিম বেপারী প্রমুখ। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সুন্দরবনে মাছ ধরার পাস সংগ্রহ সুন্দরবনের অভয়ারণ্যের বাহিরে সাগর ও নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকি। বনবিভাগ কখনও আমাদের নিকট অবৈধ টাকা দাবী করেননা। শফিকুল ইসলাম নামে একজন মৎস্য ব্যবসায়ী প্রভাব খাটিয়ে অবৈধভাবে কটকা অভয়ারণ্যে মাছ ধরার চেষ্টা করে। বনবিভাগ তাতে বাধা দিলে শফিকুল ক্ষিপ্ত হয়ে বনবিভাগের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হলে বনবিভাগ মাছের পাস বন্ধের সিদ্ধান্ত নেয় । পাস বন্ধ রাখলে এ রমজান মাসে পরিবারপরিজন নিয়ে আমাদের অনাহারে মানবেতর জীবন যাপন করতে হবে বলে মানববন্ধনে জেলেরা বলেন।
মানববন্ধনের বিষয়ে মৎস্য ব্যবসায়ী শফিকুল ইসলাম সুন্দরবনে প্রভাব খাটানোর কথা অস্বীকার করে বলেন, বনবিভাগ থেকে সুবিধাভোগী কতিপয় মৎস্যজীবি উদ্দেশ্যমূলকভাবে মানববন্ধন করেছে।

শরণখোলায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই
শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় বৃহস্পতিবার ভোররাতে অগ্নিকান্ডে একটি বসত ঘর পুড়ে ভষ্মীভূত হয়েছে। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নীচে অবস্থান নিয়েছে। উপজেলার পশ্চিম চালিতাবুনিয়া গ্রামের সাইয়েদুল কাজীর বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গৃহকর্তা সাইয়েদুল কাজী বলেন, প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ঘর আগুনে জ¦লছে টের পেয়ে তাদের ঘুম ভেঙ্গে যায়। কিছু বুঝে ওঠার আগে ততক্ষনে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের কোন মালামাল নামাতে পারেননি। আগুনে ঘরে থাকা চাল, ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্র, জমির দলিল, কাগজপত্রসহ ঘরের সমুদয় আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে আনুমানিক তার দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা জানান। অগ্নিকান্ডের খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুনে পুড়ে সব শেষ হয়ে যায়।
শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনের টীম লিডার মেশফাকুল আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে তাদের ধারনা।

ডুমুরিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের গাড়ি ছিনতাই
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় চাঁদার দাবীতে সাংবাদিক লিটন গাজীর মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নরনিয়া মহিলা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। এনিয়ে ভুক্তভোগী সাংবাদিক আক্তারুজ্জামান লিটন ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ করেছে। লিটন এশিয়ান টেলিভিশনের ডুমুরিয়া প্রতিনিধি।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার নরনিয়া এলাকার সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান লিটনের সাথে নিউজ সাংক্রান্ত বিষয়াদী নিয়ে একই এলাকার আতাউর রহমান তোতার সাথে পূর্ব বিরোধ রয়েছে। তারই ধারাবাহিকতায় নরনিয়া মহিলা মাদ্রাসা মোড় এলাকা থেকে সাংবাদিক লিটনকে মটর সাইকেল থেকে নামিয়ে তার ব্যবহৃত ১৫০ সিসি বাজাজ কোম্পানীর মটর সাইকেল (খুলনা মেট্রো ল-১১-০৭৬৫) ছিনিয়ে নেয়া হয়। লিটন জানায়, আতাউর রহমান আতা বিভিন্ন সময় ভয়ভীতি দিয়ে আসছে। মটর বাইকটি নিয়ে সে (আতাউর) বলে ১লাখ টাকা দিলে মটর সাইকেল ফেরত দেয়া হবে। একপর্যায়ে সাংবাদিক লিটনকে এলোপাথাড়ীভাবে মারপিট করে।
থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, গাড়ি উদ্ধারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে। গাড়ি উদ্ধার পূর্বক পরবর্তি পদক্ষেপ নেয়া হবে। এদিকে লিটনের মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় ডুমুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন।

৯৭ হাজার পরিবার পাচ্ছেন কমমূল্যের টিসিবি’র পণ্য
ঝিনাইদহ প্রতিনিধি
মাহে রমজান উপলক্ষ্যে কমমূল্যে টিসিবির পণ্য পাচ্ছেন ঝিনাইদহের ৯৭ হাজার ৫০৫টি পরিবার। এর মধ্যে ৯৫ হাজার ৫০৫টি পরিবারকে স্মার্টকার্ডের মাধ্যমে এ সুবিধা দেওয়া হচ্ছে। এ ছাড়া ঝিনাইদহ পৌরসভার গুরুত্বপূর্ণ ৫টি স্পটে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। এতে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর, আরাপপুর ও হামদহ এলাকায় গিয়ে দেখা যায়, ট্রাকে করে জেলা ভোজ্যতেল, চিনি, ছোলা ও মসুর ডাল বিক্রি করা হচ্ছে। কমমূল্যে এসব পণ্য নেওয়ার জন্য নারী-পরুষের দীর্ঘ লাইন চোখে পড়ছে। ঝিনাইদহ শহরের জেলা ও দায়রা জজ আদালত এলাকায় পণ্য বিক্রি শুরু হয় বৃহস্পতিবার সকাল ১০টায়। একই সময় শহরের আরাপপুর, হামদহ, ওয়াজির আলী হাইস্কুল ময়দানসহ ৫টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু হয়।
ঝিনাইদহ টিসিবি ডিপোর সহকারী পরিচালক আকরাম হোসেন জানান, ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন দুই হাজার পরিবারের মাঝে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে। এ ছাড়া টিসিবির নির্ধারিত স্মার্ট কার্ডের মাধ্যমে ঝিনাইদহের ইউনিয়ন পর্যায়ে ৯৫ হাজার ৫০৫টি পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।
তিনি জানান, ভ্রাম্যমাণ ট্রাকে দুই কেজি সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও এক কেজি ছোলা দেয়া হচ্ছে। দাম পড়ছে ৪৫০ টাকা। তবে টিসিবির কার্ডধারী নয় এমন ব্যক্তিরা কেবল দুই কেজি ছোলা পাচ্ছেন।
টিসিবির পণ্য কিনতে আসা ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ার মর্জিনা খাতুন বলেন, রমজান মাসে টিসিবির পণ্যগুলো পেয়ে আমাদের একটু উপকার হয়। আমরা চাই, এই মাল যেন গরিব মানুষ পায়।
ব্যাপারীপাড়ার তহুরা খাতুন জানান, টিসিবি পণ্য তাদের মাহে রমজানে আরামদায়ক স্বস্তি দিয়েছে। কম টাকায় তারা পণ্য পেয়ে খুশি।
টিসিবি ডিপোর সহকারী পরিচালক আকরাম হোসেন অভিযোগ করেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কিছু জায়গায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে টিসিবির কার্ড বা পণ্য ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটছে। এরকম বেশ কয়েকটি অভিযোগ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে জানানো হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, সরকার দেশের প্রান্তিক মানুষের কাছে টিসিবির এই পণ্যগুলো পৌছে দেয়ার যে চেষ্টা করছে। আমরা সবাই মিলে সেটি বাস্তবায়ন করতে চাই। জেলাব্যাপী টিসিবির পণ্য বিতরণের লক্ষ্যে প্রত্যেকটি জায়গায় কমিটি গঠন করে দিয়েছি। কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনার খবর পেলে আমরা সাথে সাথে সেখানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি। এই উদ্যোগটি সফল করতে তিনি সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সাড়ে ১৩’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, গ্রীষ্মকালীন মুগ ও তিলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার বিভিন্ন এলাকার সাড়ে ১৩’শ কৃষককে এ উপকরণ দেওয়া হয়। ৮’শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উন্নতজাতের মুগ বীজ ও ১৫ কেজি রাসায়নিক সার এবং সাড়ে ৫’শ কৃষকের প্রত্যেককে এক কেজি গ্রীষ্মকালীন তিল ও ১৫ কেজি রাসায়নিক সার দেওয়া হয়।

রামপালে জমিজমার বিরোধ নিয়ে চাচাতো ভাইকে কুপিয়ে যখম
রামপাল প্রতিনিধি
রামপালে জমিজমার বিরোধ নিয়ে চাচাতো ভাইকে কুপিয়ে যখম। জমিজমার বিরোধ নিয়ে রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন এর কালেখারবেড় গ্রামের লিপন ইজারদার ও তার পিতা জাফর ইজারদার কে কুপিয়ে যখম করেছে তার আপন চাচাতো ভাই কেরামত ইজারদার। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ টার দিকে লিপন ইজারদার তার পৈত্রিক ভিটায় জমিজমার বিষয়ে ডাকে তার চাচাতো ভাই কেরামত ইজারদার। পৈত্রিক ভিটায় যাওয়ার পর এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। তখন কেরামত ইজারদার ও তার ভাই ভাইপো (সওকত ইজারদার, জুয়েল ইজারদার, শামীম ইজারদার) দের সাথে নিয়ে লিপন ইজারদার এর উপর দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে যখম করে । বর্তমানে ছেলে ও পিতাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উক্ত খবর সংগ্রহ করা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি।

শ্যামনগরে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল রিফাত। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নকিপুরসহ কয়েকটি বাজারে তারা এ কার্যক্রম পরিচালনা করেন।
মনিটরিংকালে কাঁচামাল, সবজি, তেল, পেঁয়াজসহ মুদি দোকানগুলোতে অভিযান চালানো হয়। তবে মুরগি ও মাংস বিক্রয়কেন্দ্রগুলোতে মূল্য তালিকার অনুপস্থিতি লক্ষ্য করা যায়, যা ব্যবসায়ীদের সতর্ক করা হয়। বাজার ব্যবস্থাপনা কমিটিকে প্রতিটি ব্যবসায়ীকে মূল্য তালিকা টানানোর বিষয়ে উৎসাহিত করার দায়িত্ব দেওয়া হয়।
মনিটরিং অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা সব্রুত বিশ্বাস, কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, আলমগীর সিদ্দিকী, উৎপল মণ্ডল, শিশির প্রমুখ।

মোল্লাহাটে পান বরজে আগুন ধরিয়ে কৃষকের ক্ষতি
মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে অজ্ঞাত দুস্কৃতিকারীদের বিরুদ্ধে পান বরজে আগুন ধরিয়ে কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গিরিশনগর গ্রামে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ওই ঘটনা ঘটে।
ওই গ্রামের মনোজ মজুমদারের ছেলে ক্ষতিগ্রস্ত পানচাষী সজল মজুমদার জানান, বৃহস্পতিবার রাত ১০ টায় অজ্ঞাত দুস্কৃতিকারীরা তার পান বরজের তিনটি স্থানে আগুন ধরিয়ে দেয়। আগুন দাউদাউ করে জলার পর তাদের নজরে আসে। এরপর তাদের ডাক চিৎকারে তাৎক্ষণিকভাবে গ্রামের শতাধিক লোক ছুটে এসে আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে তার ১৮ শতাংশ পানবরজের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। অজ্ঞাত দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পানচাষী সজল মজুমদার।

অভয়নগরে সরকারি গাছ কাটা: নিটল টাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি
অভয়নগর প্রতিনিধি
যশোর জেলার অভয়নগর উপজেলায় নিটল টাটা মটরস এর বিরুদ্ধে রাস্তার পাশের সরকারি গাছ কাটা ও জমি দখল করে সিমানা প্রার্চী নির্মান করার ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়নি।
এবিষয়ে স্থানীয় বাসীন্দা মো রফিকুজ্জামান লিটন গত ২৬ মার্চ অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন।
উপজেলা প্রশাসন অভিযোগ হাতে পেয়ে তা তদন্তের জন্য সহকারী কমিশনার ভূমি কে দায়িত্ব দেন বলে এক বিশ্বস্ত সূত্রে জানাযায়।
কিন্তু গাছ কাটার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্র বলেন, নিটল টাটা গাছ কেটেছে কিনা তা আমার জানা নেই। এবিষয়ে তার কাছে কেউ অভিযোগ করেনি। এ ব্যাপারে তিনি বন বিভাগের কাছে খোঁজ নিতে বলেন।
গত ২৩ ফেব্রুয়ারি সাকলে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের উত্তরপাড়া সিংগেরপাড়া রূপ সনাতন ধামের রাস্তা থেকে ওই গাছ কাটা হয়। এসময় এলাকাবাসী বাঁধা দিলে তা অমান্য করে গাছ কাটা হয়। অভিযোগ উঠেছে নিটল মটরসের কর্মচারী নারায়ণ দাড়িয়ে থেকে লেবার দিয়ে গাছ কাটেছে।
এলাকাবাসী জানান গাছ কাটার খবর দিলে স্থানীয় প্রেমবাগ ইউনিয়ন ভূমি অফিস থেকে পিয়ন আবু সাঈদকে ঘটনা স্থলে আসেন।
আবু সাঈদ নিটন টাটা মটরস লিঃ এর জি এম মো মিজান রহমান সাহেবের অফিসে বসে থেকে গাছ কাটার সহযোগিতা করেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

ডুমুরিয়ায় টিপনা গ্রামে ব্যাক ইন মোশনের উদ্যোগে গবাদি পশু বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজানের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে ডুমুরিয়ায় টিপনা গ্রামে ব্যাক ইন মোশনের উদ্যোগে গতকাল বিকাল সাড়ে পাঁচটায় যাকাতের অর্থে ৮ টি বকনা গরু হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে বিতরণ অনুষ্ঠিত হয়। এই অসহায় পরিবারের মধ্যে প্যারালাইজড, প্রতিবন্ধী প্রকৃতির মানুষদের বাছাই করে এই গবাদি পশু বিতরণ করা হয়। গবাদি পশু বিতরণ কালে ব্যাক ইন মোশন: আমেরিকান হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এর ম্যানেজিং ডাইরেক্টর ডা: মো: আবদুল্লাহ ইউসুফ উপস্থিতিতে গবাদি পশুগুলো লটারির মাধ্যমে তাদের হাতে তুলে দেন।
এ সময় ডা: মো: আবদুল্লাহ ইউসুফ বলেন, আমি বিভিন্ন জায়গায় দেখেছি যাকাতের মালামাল বিতরণ কালে অনেক গন্ডগোল-ফ্যাসাদ হয়ে থাকে, এসব দিক লক্ষ্য করে আমি এবার এই পরিকল্পনা করেছি যাতে করে কিছু মানুষের পাশে থাকে যাতে করে তারা একটু ভালোভাবে সমাজে বসবাস করতে পারে, নগদ অর্থ দিলে খরচ হয়ে যাবে, কিন্তু একটি গবাদি পশু দিয়েছি যাতে তাকে লালন পালন করে বড় করে তার বাচ্চা বিক্রি করতে পারবে এবং দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারে। আমি আগামীতে আরো বেশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। পশু বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বারাকপুর ইউপি চেয়ারম্যান পাভেলকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
দিঘলিয়া প্রতিনিধি
টিআর-কাবিটা প্রকল্পের কাজে নয়-ছয় করে অর্থ আত্মসাত, এলজি এসপি প্রকল্প, হাট বাজার, উন্নয়ন তহবিল, উপজেলা পরিষদের বরাদ্দ, গভীর নলকূপের বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, কর্মসৃজন প্রকল্পসহ সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে দুর্নীতি করে কোটি কোটি টাকা আত্মসাতকারী দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেলকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বারাকপুর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল বারাকপুরের প্রধান প্রধান সড়ক হয়ে ইউনিয়নের সামনে এসে শেষ হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মুক্তার শেখ, বিল্লাল হোসেন, মনিরুল গাজী, টুটুল শেখ, ছালাম শেখ,মুস্তাক শেখ, মামুন ফারাজী, ইমামুল সরদার রাজু, সরদার জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম,কালাম ফারাজী, সবুজ শেখ প্রমুখ।

ডুমুরিয়া উপজেলা বিএনপির জরুরী সভা
ডুমুরিয়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।
যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন শেখ দিদারুল হোসেন দিদার, অরুণ গোলদার, শেখ শাহিনুর রহমান, শেখ মাহাবুর রহমান, আমিরুল ইসলাম হালদার, আহম্মদ আলী ফকির, শহিদুল ইসলাম মোড়ল, শাহাদাত হালদার, আঃ মান্নান শেখ,মোল্যা মশিউর রহমান, আঃ ছালাম শেখ, আঃ রব আকুঞ্জি, শফিকুল শেখ,আরজিনা বেগম, মাওলানা খলিলুর রহমান, দেলোয়ার হোসেন, আমিনুর রহমান, জসিম উদ্দিন,সালাম সরদার, আঃ গফফার শেখ, জাহানারা রহমান, সেলিম হালদার, মেহেদী হাসান রাসেল, জসিম উদ্দিন মিল্টন, আনছার আলী মোল্লা, শফিকুল জোয়ার্দার, আবুল হোসেন সরদার, শেখ রেজোয়ান হোসেন,বদিয়ার রহমান,রেবেকা বেগম,গাজী আব্দুল আজিজ, সোহাগ গোলদার, কবির হোসেন, সাইফুল ইসলাম, আলামিন সরদার, আঃ গফুর, রোজিনা পারভীন,পিয়ারী বেগম, শাহিনুর বেগম, পারুল বেগম,বিরেশ্বর রায়, জিয়াউর রহমান,মেরী বেগম, লাভলুর রহমান, আমিনুর রহমান, মর্জিনা বেগম, কামরুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলার ১৪টি ইউনিয়নে পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়।

ডুমুরিয়ায় কৃষকের মাঝে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ২৭০জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা মুগ,তিল ও আউস ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী হাসান ও সৌমেন্দ্র কুমার মন্ডল।
এ সময় ৭০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি মুগ ডালের বীজ,১০ কেজি ডিএপি,এমওপি ৫ কেজি,১০০ জন কৃষকের এক কেজি তিল বীজ সমহারে সার এবং ১০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউস ধানের বীজ ,ডিএপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি হারে বিতরণ করা হয়।

শার্শা স্কুল শিক্ষকের নির্মম নির্যাতনের শিকার নবম শ্রেণির ছাত্র
যশোর অফিস
যশোর শার্শা সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে’র নবম শ্রেণীর ছাত্র ‘মেহেদী হাসান সাগর’কে নির্মম ভাবে পিটিয়ে জখম করেছে বিদ্যালয়ের শিক্ষক শহীদুল ইসলাম। গুরুতর জখম মেহেদী’ মানবিক বিভাগের ছাত্র, তার বয়স ১৫। এ ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।
ঘটনার বিবরণে জানা যায়: মেহেদীর বাবা ‘মুমিনুর রহমান’, পেশায় একজন ইটভাটার শ্রমিক, বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের বাসিন্দা। তিনি ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে মেহেদীকে ভর্তি করান এ স্কুলে। অভাবের সংসার, এরই মধ্যে স্কুল শিক্ষকরা মেহেদীকে স্কুল ড্রেস তৈরী করার জন্যে সাতদিনের সময় বেঁধে দেয়; এর মধ্যে অনেক কষ্টে স্কুল ড্রেস হিসেবে ছেলেকে শার্ট বানায়ে দেন গত সাতদিন আগে। কিন্ত সাতদিনের মধ্যে প্রথম দিন তাকে কিছু না বলে তার দুই দিন পর মঙ্গলবার সকালে মেহেদী স্কুল ড্রেস হিসেবে শুধু শার্ট পরে স্কুলে যাওয়ার কারণে শিক্ষক শহিদুল ইসলাম তার উপর চড়াও হয়ে ক্লাস রুম থেকে ডেকে নিয়ে স্কুল ল্যাব রুমে নিয়ে যায়। সেখানে তার উপর অমানবিক নির্যাতন চালায় শিক্ষক মেহেদী হাসান।
এ বিষয়ে তার অভিভাবক ও স্হানীয়রা মেহেদী হাসানকে মারধর করার কারন জিজ্ঞাসা করলে শিক্ষক৷ শহিদুল বলেন মেহেদী হাসানের মঙ্গলের জন্যে করেছেন।
মেহেদীর অভিভাবক ও স্হানীয়রা জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসকের নিকট শিক্ষক কর্তৃক এই নির্মম নির্যতনের বিচার দাবি করেছেন।
স্থানীয়দের প্রশ্ন যে, এভাবে মেরে কেউ কারো মঙ্গল কামনায় করে নাকি তার জীবনকে পঙ্গু করার জন্যে করা হয়েছে এই ঘটনা ঘটিয়েছে শিক্ষক শহিদুল। স্হানীয়রা এই শিক্ষককে সকুল থেকে অপসারনসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
মেহেদী হাসান ঐ স্কুলের মানবিক বিভাগের ছাত্র। তাহলে মানবিক বিভাগের ছাত্রকে যদি এই ভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে। এই ধরনের শিক্ষকদের কাছ থেকে তাহলে ছাত্র/ছাত্রীরা মানবিক বিভাগে ভর্তি হয়ে কি মানবিক শিক্ষা শিখবে ? শিক্ষকরা নিজেরাই তো হিংস্র প্রাকৃতির; তারা জাতিকে তাহলে মঙ্গলে কী দিবে।

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
বেনাপোল প্রতিনিধি
যশোরে এক বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনা স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
বুধবার (৫ মার্চ) ‘কায়বা ইউনিয়ন ছাত্রদল’ নামে একটি ফেসবুক পেজ থেকে ইয়াবা সেবনের ২টি ভিডিও ছাড়িয়ে পড়ে। বিএনপির ওই নেতার নাম শহিদুল ইসলাম। তিনি শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
ভিডিওতে দেখা যায়, লাল রঙের জ্যাকেট গায়ে দিয়ে একটি রুমের চেয়ারে বসে ইয়াবা সেবন করছেন শহিদুল। এসময় তার মুখে ইয়াবা সেবনের পাইপ। আর একজন তার মুখে আগুন ধরে আছেন।
ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরও কয়েকজন ইয়াবাসেবী ছিলেন। তাদের মধ্যে কেউ একজন ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
বিএনপি নেতার ভিডিও ফেসবুকে দেখে অনেকেই মন্তব্যের ঘরে লেখেন, অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করা হোক।
এছাড়া ওই নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতার অভিযোগও তুলেছেন অনেকে। এ বিষয়ে ওই বিএনপি নেতা শহিদুল ইসলাম বলেন, আমাকে একটু আত্মশুদ্ধির সুযোগ দিন।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেন। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, এগুলো দল পরিপন্থি কাজ। আমরা এমন ঘটনা সমর্থন করি না। বিষয়টি জেলা বিএনপির নজরে এসেছে। সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সাবেরুল হক সাবু বলেন, মাদকসেবী দল ও সমাজের জন্য ভয়ংকর। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একই ইউনিয়নে খাদ্যবান্ধবের ১৫৫ বস্তা চাল লুটের ঘটনায় শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুসের প্রাথমিক সদস্যসহ সব পদ স্থগিত করা হয়।
একই ইউনিয়নে পরপর দুদিনে এমন বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দলের নেতারা।

সংহতি সমাবেশ ও মানববন্ধন: তিন ফসলীয় কৃষি জমিতে বালু ফেলে ভরাট করার প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
তিন ফসলীয় কৃষি জমিতে বালু ফেলে ভরাট করার প্রতিবাদে সংহতি সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে দাকোপ বানিশান্তা আমতলা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন টিআইবি সনাক খুলনার সভাপতি অধ্যাপিকা রমা রহমান, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহামন মুকুল, পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য এড, জাহাঙ্গীর সিদ্দিকী, লবণ পানি প্রতিরোধ কমিটির আহবায়ক গৌরাঙ্গ প্রসাদ রায়, সুন্দরবন রক্ষায় সমন্বয়কারী নুর আলম শেখ, কৃষি শিল্প পাট সুরক্ষা কমিটির সদস্য মতিয়ার রহমান, বেলার নেটওয়ার্ক সদস্য শরিফুল ইসলাম সেলিম, সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, ইউপি সদস্য পাপিয়া মিস্ত্রী, উন্নয়ন কর্মী কৃষ্ণপদ মন্ডল, বিএনপি নেত্রী কৌশোলী রায়, কল্পনা মিস্ত্রী, এনায়েত শরীফসহ শতাধিক এলাকাবাসী। বক্তারা বলেন, কৃষি জমি বালু ফেলে ভরাট করলে তারা বেকার হয়ে পড়বে। বিগত সরকারের আমলে তারা চেষ্টা করে ব্যর্থ হয়। বর্তমান সরকারের আমলে আবারো তারা বালু ফেলে কৃষি জমি ভরাট করার চেষ্টা করছে। অবিলম্বে এ কার্যক্রম বন্ধ না করলে কৃষকরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

ইউএনও কার্যালয়ের কর্মচারীকে মারধরের প্রতিবাদে মনিরামপুরে মানববন্ধন
যশোর অফিস
যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মনিরামপুর উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার বিকেল তিনটায় মনিরামপুর উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মিনারের সামনে মানববন্ধন শুরু হয় এবং বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলে। মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউএনও নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম। তাঁরা শাহীন আলমকে মারধরের প্রতিবাদ এবং হয়রানিমুক্ত সুষ্ঠু কর্ম পরিবেশে কাজ করার দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউএনও কার্যালয়–সংলগ্ন শহীদ মিনারের সামনে তাঁকে মারধর করা হয়।
এই অভিযোগ অস্বীকার করে মোতাহারুল ইসলাম বলেন, শাহীন আলমের সঙ্গে ওই ধরনের ঘটনা ঘটেনি। তাঁর সঙ্গে মুঠোফোনে কোনো কথাই হয়নি। অভিযোগটি মনগড়া।
শাহীন আলম বলেন, ‘গতকাল অফিস শেষে বিকেলে অফিসের সামনের শহীদ মিনারে দাঁড়িয়ে অফিস সহকারী ও সহকর্মী সাইফুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম। এ সময় সাইফুলের মুঠোফোনে মোতাহারুল ইসলামের কল আসে। তাঁর সঙ্গে কথার একপর্যায়ে সাইফুল বলে ওঠেন, “শাহীন আমার সামনে আছে।” তখন মোতাহারুল আমার সঙ্গে কথা বলতে চাইলে সাইফুল আমাকে মুঠোফোনটি ধরিয়ে দেন।’
শাহীন আরও বলেন, ‘মোতাহারুলের সঙ্গে আমার আগে কখনো কথা হয়নি। ফোন ধরতেই তিনি আমাকে গালমন্দ করতে থাকেন। আমি প্রতিবাদ করলে নানা হুমকি দিয়ে আমার অবস্থান জানতে চান। আমি অফিসের সামনে থাকার কথা বললে তিনি ফোন কেটে দেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু ভাইকে কল করি। কথা বলা শুরু করলে দেড় থেকে দুই মিনিটের মধ্যে মোতাহারুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জন আমাদের কাছে আসেন। তখন তাঁর সঙ্গে থাকা রিপন সরদার আমার মাথায় থাপ্পড় মারেন। অন্যরা ধাক্কাধাক্কি ও টানাহেঁচড়া করতে থাকেন। আসাদুজ্জামান মিন্টু ভাই মুঠোফোনে কথা বলার পর তাঁরা সেখান থেকে চলে যান।’
মনিরামপুরের ইউএনও নিশাত তামান্না বলেন, শাহীন আলমকে মারধরের ঘটনার প্রতিবাদে উপজেলা পরিষদে কর্মরত সবাই একত্রিত হয়ে মানববন্ধন করেছেন। আমরা সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য হয়রানিমুক্ত সুষ্ঠু কর্ম পরিবেশ দাবি জানিয়েছি।
ইউএনও আরও বলেন, আমরা এখনো মামলায় যাইনি। ডিসি স্যারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আশা করছি একটা সিদ্ধান্ত আসবে।
এদিকে শাহীন আলমকে মারধর করা মনিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রিপন সরদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামরুল গাজী এবং সদস্য সচিব মো. মাসুদ গাজী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

দিঘলিয়ায় কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ০৮
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার পানিগাতী পশ্চিমপাড়া বড় ঈদগাহ কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ০৮ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতরা দিঘলিয়া উপজেলা হসপিটালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) ইফতারের ১০-১৫ মিনিট পূর্বে উক্ত ঈদগাহ কমিটি গঠনের শেষ পর্যায়ে এসে স্থানীয় দুই গ্রুপ বিবাদে জড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন। তিনি আরও জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

মিথ্যা তথ্য পরিবেশন ও বিশোদগারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়নে বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য পরিবেশন ও বিশোদগারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিন শিকদার জানান, গত ৫ মার্চ দুপুরে খুলনা প্রেসক্লাবে আলাইপুর, রূপসা গ্রামের আছেরা বেগম আমার বড় ভাই বাছেদ শিকদার ও আমিসহ আরও ৩ জনের নামে মিথ্যা ও ভিত্তিহীন কিছু অভিযোগ করেছেন। যা অত্যান্ত বেদনাদায়ক ও মানহানীকর।
এছাড়া আছোরা বেগম, তার কাকি, ফুফু ও ভাইয়ের বৌকে আহত করা শ্লিলতাহানী ও লুটপাট করার যে বিষয়টি উল্লেখ করেছেন তা মিথ্যা ও কল্পনাপ্রসূত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিন শিকদার আরো জানান, পরিশেষে বলতে চাই আছোরা বেগম ও তার ভাই মোঃ আলী শিকদার এবং তার সঙ্গীরা প্রকৃত ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে বাছেদ শিকদার, আমি ও কয়েকজনকে জড়িয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য পরিবেশন করছে। আমার ভাইকে বনদস্যু, মাদক ব্যবসায় বলে উল্লেখ করছেন। মূলত:নিজের ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করতেই এমন কৌশল অবলম্বন করে প্রশাসনের দৃষ্টি অন্যদিকে নেয়ার চেষ্টা করছেন। নিজের ভাইকে যেখানে তারা রক্তাত্ত করে মেরে ফেলার চেষ্টার ঘটনা ঘটিয়েছে। সেখানে উল্টো গ্রামবাসীকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে।

সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবক নিহত
মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরের সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার জিন্নাহনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ওই এলাকায় জসিম নামে এক মানসিক ভারসাম্যহীন চলাফেরা করত। গতকাল ভোররাতে একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জসিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ উদ্দিন মৃধা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।

মজুমদার খালের উপর স্থাপিত নারায়নজোল ব্রীজটি সংস্কারের দাবি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের মাধবকাটি টু সাতানী বাজার সড়কের মজুমদার খালের উপর স্থাপিত নারায়নজোল ব্রীজটি ষাটের দশকে নির্মিত। ব্রীজটি নতুনভাবে সংস্কার করার জন্য এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
প্রাকৃতিক দুর্যোগের সময় নারায়নজোলের এই ব্রিজটি কয়েকবার ভাঙ্গনের মুখে পড়ে। সেই থেকে এ ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়া ব্রিজটির পার্শ্ব রেলিং না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ব্রীজটির ডেক্স স্ল্যাব, উইং ওয়ালসহ সকল অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পার্শ্ব রেলিংও নেই। বর্তমান সময়ে মজুমদার খাল খননের কাজ চলছে। এ অবস্থায় এলজিইডি পক্ষ থেকে যদি ব্রীজটি নির্মাণ করা হয় তাহলে এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে।
সদর উপজেলার নারায়নজোল, সাতানী, হরিশপুর, আগরদাঁড়ীসহ প্রায় ২০টিরও বেশি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত ও জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম এ ব্রীজ। তাছাড়া পথচারীসহ স্কুল ও কলেজগামী হাজার হাজার ছাত্র-ছাত্রী ব্রীজটি ব্যবহার করে স্কুল কলেজে যাতায়াত করে। এ ব্রীজ দিয়ে ভারী অথবা মাঝারী কোন ধরনের যানবাহন চলাচল করতে পারেনা। কেননা, ভারী কোন যানবাহন চললে যেকোন মুহুর্তে ধ্বসে যেতে পারে ব্রীজটি।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, স্বাধীনতার পর থেকে ব্রীজটি কখনো সংস্কার করা হয়নি। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও তা কখনো আলোর মুখ দেখেনি। ফলে বর্ষা মৌসুমে ব্রীজটি সম্পূর্ণ ধ্বসে পড়ার আশঙ্কা এলাকাবাসীর। তাদের দাবী, সাতক্ষীরা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জনসাধারণের জন্য এ ব্রীজটি যেন নতুনভাবে নির্মান করে দেন।
স্থানীয়রা জানান, স্থানীয় চেয়ারম্যানরা কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। এখন মজুমদার খাল খননের কাজ চলছে এ অবস্থায়
আমরা এলজিইডি র নির্বাহী প্রকৌশলীর কাছে এ ব্রিজটি দ্রুত সংস্কার অথবা পুনঃনির্মাণ করে দেওয়ার দাবি জানাই।
সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী বলেন, ওই ব্রীজ সম্পর্কে আমার জানা ছিলনা। এখন যেহেতু জেনেছি সেহেতু সরেজমিনে পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে ব্রীজটি সংস্কার বা নতুম ব্রীজ নির্মাণের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।

শৈলকুপায় অবৈধ দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীনের নেতৃত্বে দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ভাটা দুটিকে ৪০ হাজার করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দুপুরে শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর রোডে কুমিড়াদহ এলাকার আমজাদ মোল্লার মেসার্স মোল্লা ব্রিকসকে ৪০ হাজার টাকা এবং সাইফুল ইসলামের মেসার্স দেশ ব্রিকসকে ৪০ হজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, শৈলকুপা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান বলেন, ভাটা দুটিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চালু রাখলে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। চলতি বছর ভাটা দুটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শৈলকুপায় মৎস্য ঘেরে ফের ডাকাতের আত্রমণ, এলাকাজুড়ে আতঙ্ক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় একটি মৎস্য ঘেরে ফের ডাকাতের আক্রমণের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের রুপদাহ-ব্যাসপুর এলাকার লাল্টু বিশ্বাসের ঘেরে এ ঘটনা ঘটে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি গভীর রাতেও এই ঘেরটিতে ডাকাতেরা আক্রমণ করে। এ ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, বুধবার রাতে লাল্টু বিশ্বাসের মাছের ঘের,গরুর খামার ও মুরগির শেডে একদল ডাকাত হানা দেয়। এসময় ডাকাতদল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর নিরাপত্তাকর্মীদের কাছে গরুর খামার ও মুরগীর শেডের চাবি চান ডাকাতদলের সদস্যরা। তা না দিলে দরজা ভাঙতে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দিতে থাকেন ডাকাতদল। পরে নিরাপত্তাকর্মীরা ঘেরের মালিককে ফোন দিলে শতাধিক গ্রামবাসী লাঠিসোটা নিয়ে ঘেরের দিকে আসতে থাকেন। বিপদ বুঝে চম্পদ দেয় ডাকাতদল। পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।
গত ১০ ফেব্রুয়ারি গভীর রাতে ডাকাতদল এই খামারটিতে হানা দেয়। দরজা ভেঙে অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী আলামিনকে জিম্মি করে গরুর খামারে লাগানো তালার চাবি নেয় ডাকাতদল। পরে সেখান থেকে ৩টি গরু বের করে চলে যাওয়ার পথে জিম্মি হওয়া আলামিন সেখান থেকে দৌঁড়ে পালিয়ে ঘের মালিককে ফোন দেন। এসময় এলাকাবাসী লাঠিসোটা নিয়ে এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়। শুধু তা-ই নয়,বিগত কয়েকমাস ধরে এলাকাটিতে ডাকাতদল প্রভাব বিস্তার করে নানা অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। ফলে এলাকাটিতে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘেরের মালিক লাল্টু বিশ্বাস বলেন, পরপর দুবার আমার ঘেরে এমন ঘটনা ঘটেছে। ঘেরের মাছ, গরুসহ লাখ লাখ টাকার সম্পদের কোন নিরাপত্তা নেই। এমনকি নিরাপত্তাকর্মীদের জীবনের কোন নিরাপত্তা নেই। এমন চলতে থাকলে এখানে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। প্রশাসন ব্যবস্থা না নিলে ডাকাতদল পুরো গ্রামটিতেই এমন লুটপাটের ঘটনা ঘটাবে।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, ডাকাতির বিষয়ে এখনও আমার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। যদি ভুক্তভোগী অভিযোগ দেয় তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খেশরায় ইফতার মাহফিলে হাবিবুর ইসলাম হাবিব
সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তিক খেশরা ইউনিয়ন শাখার আয়োজনে ৫ মার্চ (বুধবার) বিকাল পাঁচ হরিহরনগর বাজের দরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরন ও দোয়া মাহফিল করেন। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন জননেতা মো: হাবিবুল ইসলাম হাবিব সাবেক সংসদ সদস্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন বাবু মৃণাল কান্তি রায় সভাপতি তালা উপজেলা, শেখ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক তালা উপজেলা, আলহাজ্ব মো: আব্দুল গফফার গাজী সাধারণ সম্পাদক খেশরা ইউনিয়ন, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত আলী ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি, মো: লিটু জালালপুর ইউনিয়ন চেয়ারম্যান, খেশরা ইউনিয়ন সভাপতি মো: ময়নুল ইসলাম, সঞ্চালনায় মো: মেহেদী হাসান সাগর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আরো উপস্থিত ছিলেন তালা উপজেলার শ্রমিক দলের সদস্য সচিব মোঃ সামরুল ইসলাম মিলন, যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ সাইদুর রহমান সাহিদ।মাহফিলে হাবিবুল ইসলাম হাবিব বলেন সবাইকে সাথে নিয়ে আগামী নির্বাচন করতে চায়।

যক্ষ্মারোগ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে কলেজ শিক্ষকদের সাথে নাটাবের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি
যক্ষ্মারোগ প্রতিরোধ ও রোগী সনাক্তকরণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে কলেজ শিক্ষকদের ভুমিকা শীর্ষ জেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দুইটায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে নাটাব সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাটাব সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. ডাক্তার মোঃ আঃ সালাম।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের এম ও সিএস ডাক্তার জয়ন্ত সরকার, আশাশুনি সরকারি কলেজের (অব:) অধ্যক্ষ মোঃ হোসেন আলী, সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নাটাব সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম। এ সময় যক্ষা বিষয়ক তথ্য উপস্থাপন করেন নাটাবের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সাতক্ষীরা জেলার ৩০জন কলেজ শিক্ষকদের নিয়ে এ মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফুসফুসে যক্ষ্মার প্রধান লক্ষণ হলো এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি। নিয়মিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়।
এজন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত ঔষধ সেবন করতে হবে। অনিয়মিত ঔষধ সেবনের ফলে যক্ষ্মা রোগ স্থায়ী হতে পারে। এজন্য যক্ষ্মা হলে কাছের স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বক্তারা আরো বলেন, এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময়ে কাশি থাকলে, ক্ষুধা মন্দা, শরীরের ওজন কমে যাওয়া, রাতে জ্বর আসা, বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট এমন লক্ষণ দেখা দিলে ফুসফুসে যক্ষ্মা হওয়ার লক্ষণ। যক্ষ্মারোগ ক্ষেত্রে মনে রাখতে হবে যক্ষ্মা একটি জীবানু ঘটিত সংক্রামক রোগ। একনগাড়ে দুইসপ্তাহ বা তার অধিক সময়ে কাশি থাকলে কফ পরীক্ষায় রোগ সনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। নিয়মিত সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধ সেবনের মাধ্যমে যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়। হাঁচি, কাশি দেওয়ার সময়ে রুমাল ব্যবহার করতে হবে।
বাংলাদেশের সকল জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, বক্ষব্যাধি ক্লিনিক, বক্ষব্যাধি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিক সমূহে বিনামূল্যে কফ পরীক্ষা ও যক্ষ্মা চিকিৎসার ব্যবস্থা আছে। বাংলাদেশ সরকার যক্ষ্মারোগীর জন্য সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসার সমস্ত ঔষধ বিনামূল্যে বহন করে। উল্লেখ্য, বাংলাদেশে সচেতনতার অভাবে যক্ষ্মা রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এজন্য ৫ বছরের সকল শিশু এবং ৬০ বছরের উপরে সকলকে যক্ষ্মা প্রতিরোধি চিকিৎসা (টিপিটি) গ্রহণ করতে হবে।

খুবির তিনটি একাডেমিক ভবনে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন, স্বাগত জানালো শিক্ষার্থীরা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনে পর্যায়ক্রমে স্থাপন করা হলো ডিজিটাল নোটিশ বোর্ড। বৃহস্পতিবার ২নং একাডেমিক ভবনের নিচতলার প্রবেশমুখে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়। সকাল ১০টায় ফিতা কেটে এ নোটিশ বোর্ডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা বলেন, সময়ের সাথে প্রযুক্তিগত ক্ষেত্রে এগিয়ে যেতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগ প্রশংসনীয়। এ নোটিশ বোর্ডে যাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি ও নোটিশের পাশাপাশি ক্লাস-পরীক্ষার সিডিউল, আবাসিক হলের সিট বরাদ্দ আবেদন, বিভিন্ন স্কলারশিপ নিউজ প্রদর্শন করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেন। একই সাথে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এ সময় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে ডিজিটাইজেশনের অংশ হিসেবে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ, অনুুষ্ঠানের ছবি এবং শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের অর্জন, অগ্রগতি ও অনুষ্ঠানের ছবি প্রদর্শন করা হবে। শিক্ষার্থীদের চাওয়াকে গুরুত্ব দিয়ে যাতে ডিজিটাল নোটিশ বোর্ড পরিচালনা করা হয়, সেদিকে গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, ব্যতিক্রমধর্মী আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় সবসময় অনন্য। এ বছর বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের প্রথমবারের মতো ক্রীড়া সূচি ও সাংস্কৃতিক পক্ষ যুক্ত করা হয়েছে। এছাড়া ছাত্রী হলগুলোতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এটি স্থাপন প্রক্রিয়া শুরু হবে। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ সাধনের এই পথচলায় শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ৪ মার্চ (মঙ্গলবার) ১নং একাডেমিক ভবন, ৫ মার্চ (বুধবার) ৩নং একাডেমিক ভবনে নিচতলার প্রবেশমুখে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়।

খুবির ১০টি ডিসিপ্লিনের প্রোগ্রাম অ্যাক্রেডিটেশনের লক্ষ্যে ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ শীর্ষক কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন অ্যাপ্লিকেশন এন্ড ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইকিউএসির প্রাক্তন পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, বর্তমান পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম ও প্রফেসর ড. মোঃ তৌহিদুর রহমান।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বৈশ্বিক উচ্চশিক্ষা সংক্রান্ত পরিবর্তনের সাথে খাপখাইয়ে নেওয়া এবং বাংলাদেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিক মর্যাদাক্রমের উপযোগী ও মানসম্মত করে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়সমূহকে অ্যাক্রেডিটেশন প্রদানের কার্যক্রম শুরু করলে খুলনা বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন এর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহের প্রোগ্রাম লেভেল অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে।
নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রেজাউল করিম (বর্তমান উপাচার্য) এর সভাপতিত্বে উক্ত কমিটি একটি রোডম্যাপ তৈরি করে ও গোটা কর্মযজ্ঞকে এগিয়ে নেওয়ার জন্য একটি প্রতিবেদন দাখিল করে, যাতে তিনটি গ্রুপে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহকে অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে ভাগ করা হয়। সেই প্রথম গ্রুপের ১০টি ডিসিপ্লিনের প্রধান, কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট স্কুলের ডিনবৃন্দের উপস্থিতিতে অ্যাক্রেডিটেশনের জন্য ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ আবেদনপত্রে স্বাক্ষর করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী ডিসিপ্লিনগুলো হলো- এগ্রোটেকনোলজি, স্থাপত্য, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি, আইন, গণিত এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন। এ ডিসিপ্লিনগুলো আগামী এক বছরের মধ্যে অ্যাক্রেডিটেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও সংকলন শেষে অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করবে।

শ্রমিক লীগ নেতা পলাশের নিয়ন্ত্রণে ওএমএস, টিসিবিসহ ১৫ লাইসেন্স
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় শ্রমিক লীগ নেতা আব্দুর রব পলাশের বিরুদ্ধে বিডিএস সার বীজ, টিসিবি, ওএমএস, ফেয়ার প্রাইজসহ ১৫টি লাইসেন্স নিয়ন্ত্রণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত পলাশ তালা উপজেলা শ্রমিক লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
অনুসন্ধানে জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তৎকালীন এমপি ইঞ্জিনিয়ার মুজিবর রহমান ও মুস্তফার ছত্রছায়ায় প্রভাবশালী হয়ে ওঠেন আব্দুর রব পলাশ। পরে নিজের পরিবার আত্মীয়স্বজনের নামে টিসিবি, ওএমএস, ফেয়ার প্রাইজ ও বিএডিসি সার বীজের ১৫টি লাইসেন্স করে নেয়। একপর্যায়ে সিন্ডিকেট করে প্রায় ২০-৩০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বনে যান তিনি।
অনুসন্ধানে আরও জানা যায়, নিয়ম-নীতির তোয়াক্কা না করে পলাশ নিজের নামে দুইটি টিসিবি লাইসেন্স করেছেন। একটি পাটকেলঘাটা বাজারে মুন ট্রেডার্স অপরটি আশাশুনি কুল্লা গুনগরকাটিতে মেসার্স রাদ এন্টারপ্রাইজ।
তাছাড়া তার আপন ছোট ভাই চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ পল্টুর শালা জাহিদ হাসানের নামে মেসার্স জাহিদ স্টোর, খেশরা ইউনিয়নে বড়কাশিপুর মেঝো শ্যালিকা শালী শিরিনার নামে মেসার্স আলিফ ট্রেডার্স, খালাত ভাই হাবিবুর রহমানের নামে মেসার্স হাবিব স্টোর, মামা রবিউলের নামে মেসার্স মাওয়া স্টোর, খালু মোক্তার আলীর নামে মেসার্স আবিদ মুদিখানা স্টোর ও ছোট ভাই আব্দুর রউফের নামে মেসার্স মাছুরা স্টোরের সন্ধান পাওয়া গেছে।
টিসিবি লাইসেন্স ছাড়া পলাশের নিয়ন্ত্রণে রয়েছে আলীপুরে দুটি ওএমসএস লাইসেন্স, লাবসায় মেসার্স হাবিব এন্টারপ্রাইজ নামে একটি ওএসমএস লাইসেন্স, পাটকেলঘাটা বাজারে ২টি বিএডিসি সার বীজ লাইসেন্স।
আওয়ামী লীগের ছত্রছায়ায় সিন্ডিকেট করে গড়ে তোলা এসব লাইসেন্স নিয়ন্ত্রণ করেন শ্রমিক লীগ নেতা আব্দুর রব পলাশ। কাউকে মাসিক একটা নামমাত্র টাকা আবার কাউকে আওয়ামী লীগের ভয় দেখিয়ে হুমকি দিতেন।
তাছাড়া বরাদ্দ নিয়ম না মেনে পলাশ কুমিরা হাটবাজার, বিনেরপোতা মাছ বাজার ও পাটকেলঘাটা কাঁচাবাজার ইজারা নিয়ে নেন। এসব হাটবাজার ইজারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সঙ্গে যোগসাজশে টাকার বিনিময়ে হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, আওয়ামী লীগের ১৬ বছরে সংসদ সদস্য মুস্তাফা লুৎফুল্লাহ ও জেলা পরিষদের চেয়ারম্যানের নজরুল ইসলামের ছত্রছায়ায় সরুলিয়া ও আশাশুনিতে কয়েক একর কৃষি জমি কেনেন। একাধিক পেট্রোল পাম্পের শেয়ার ও রাবেয়া এন্টারপ্রাইজ নামে ট্রাকও রয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর গা ঢাকা দিয়েছে শ্রমিক লীগ নেতা আব্দুর রব পলাশ। কিন্তু তিনি তার সব অবৈধ ব্যবসা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বহাল তবিয়তে পরিচালনা করছে। সম্প্রতি জেলা প্রশাসকের তহবিল থেকে অনুদান নেওয়ার জন্য বিভিন্ন মসজিদ মাদ্রাসা, মন্দির এতিমখানার নামে ৩০-৪০টি আবেদন করেন তিনি। তালা উপজেলার ইউএনও অফিসের অফিস সহায়ক মনিরের যোগসাজশে কয়েক বছর ধরে সব সরকারি বরাদ্দে ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে অনুদান নেন এ শ্রমিক লীগ নেতা।
আব্দুর রব পলাশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রভাবশালী নেতা ছিলেন। সর্বশেষ তালা উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে। ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক হিসেবে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা চেয়ে মনোনয়নপত্র কেনেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন।
এ বিষয়ে অভিযুক্ত শ্রমিক লীগ নেতা আব্দুর রব পলাশের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি নিয়ে কথা না বলে এড়িয়ে যান।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল বলেন, আব্দুর রব পলাশের বিষয়ে বিভিন্ন অভিযোগের বিষয়টি শুনেছি। আমি বিডিএস সার বীজ, টিসিবি, ওএমএস, ফেয়ার প্রাইজসহ বিভিন্ন সিন্ডিকেট নিয়ন্ত্রণ বিষয়টি খতিয়ে দেখব। আমার অফিসের কেউ বরাদ্দ আত্মসাতে জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাগরিক পার্টির পদ ছেড়ে আগের দলে ফিরলেন হানিফ
খুলনাঞ্চল রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন আবু হানিফ। পদত্যাগ করে তিনি তার আগের দল গণ অধিকার পরিষদে ফিরে এসেছেন। এ দলে তিনি উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) এনসিপির শীর্ষ নেতার কাছে পদত্যাগপত্র দিয়েছেন আবু হানিফ।
পদত্যাগের বিষয়ে হানিফ বলেন, ‘আমি এনসিপি থেকে পদত্যাগ করে গণ অধিকার পরিষদের স্বপদে ফিরে এসেছি।’
এদিকে আবু হানিফকে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান।
বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফারুক বলেন, ‘গণ অধিকার পরিষদ যার হৃদয়ে, তারা কখনোই গণ অধিকার পরিষদ ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না।’
উল্লেখ্য, সম্প্রতি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এক টকশোতে দাবি করেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার দল বিলুপ্ত করে এনসিপিতে যোগ দিতে চান। যদিও তা সঠিক নয় বলে দাবি করেছেন নুর ও তার দলের নেতারা।