Home আঞ্চলিক অনলাইনে প্রতারনা : র‌্যাবের অভিযানে গ্রেফতার ৩ : ডিভাইস ও গাড়ি জব্দ:...

অনলাইনে প্রতারনা : র‌্যাবের অভিযানে গ্রেফতার ৩ : ডিভাইস ও গাড়ি জব্দ: দু’মাসে হাতিয়ে নিয়েছে ১৪লাখ টাকা

11

স্টাফ রিপোর্টার 

অনলাইনে বিকাশে টাকা আদান প্রদান, ওয়েবসাইট নিয়ে কাজ করা, মুভি/সিনেমা ডাউনলোড, ওয়েবসাইট ডিজাইন করে গ্রাহকদের ইউসি ব্রাউসার প্রমোট, অন লাইন বিজ্ঞাপন, ফেইসবুকে নিজস্ব পেইজ প্রমোট এধরনের নানা অফার দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিতো প্রতারক চক্রটি। 2500taka.online নামের একটি ওয়েবসাইড খুলে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত করোনা পরিস্থিতিতে দরিদ্রদের মাঝে ২৫শ’টাকা টাকা মোবাইল ব্যাংকিং’র মাধ্যমে অসহায়দের প্রেরণ করা হবে এমন ঘোষণা দেয় এ চক্রটি। অবশেষে র‌্যাব-৬’র গোয়েন্দা জালে আটকা পড়ে এ প্রতারক চক্রের সক্রিয় ৩জন সদস্য। বৃহস্পতিবার র‌্যাব-৬ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসকল তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ। 

গ্রেফতার ৩আসামি হলেন যশোরের কোতয়ালী থানার হামিদপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে শাহরিয়ার আজম আকাশ (২০), একই থানাধিন চাঁদপাড়া গ্রামের মো. মশিয়ার রহমানের ছেলে মো. মুশফিকুর রহমান (২১) ও  হামিদপুর গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে মো. আহসান কবীর রনি (২০)। তাদের বিরুদ্ধে সংশিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৬ অধিনায়ক প্রেস ব্রিফিংয়ে জানান, বৃহস্পতিবার র‌্যাব-৬ খুলনার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যশোর জেলার শার্শা থানাধীন গোগা এলাকায় বিকাশের মাধ্যমে প্রতারক চক্র ওয়েবসাইট ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে রাত আড়াইটার দিকে সেখানে অভিযান পরিচালনা করে বিকাশের মাধ্যমে প্রতারণাকারী শাহরিয়ার আজম আকাশকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যের ভিক্তিতে মো. মুশফিকুর রহমান ও মো. আহসান কবীর রনিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি ল্যাপটপ, ১ সিপিইউ,  ১টি মনিটর, ৫টি মোবাইল ফোন, ৮টি সীমকার্ড, ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ফেসবুক পেইজ প্রমোটিং এর সময় গ্রাহকদেরকে দৈনিক টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে খুব তাড়াতাড়ি পেইজ’র লাইক বাড়ানো যায়। এ থেকে পেইজ প্রমোটিং এর সময় গ্রাহকদের বোকা বানিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য খুব সহজেই সংগ্রহ করা যায়। এই বিষয়টি থেকেই ফেইসবুকে বিনামূল্যে ৫০০ টাকা পাওয়া যাবে এ ধরনের একটি পোষ্ট দেখে তারা বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। এরই মধ্যে শাহরিয়ার আজম আকাশ তার অনেক আগে থেকেই Daraz.com এ রেজিষ্ট্রেশন করা সেলার এ্যাকাউন্ট থেকে Free fire নামক একটি অনলাইন ভিক্তিক গেইম এর ফি কারেন্সি ডায়মন্ড বিক্রি করা শুরু করে। প্রাথমিকভাবে তারা প্রায় ২৮ হাজার টাকার ডায়মন্ড বিক্রি করে এবং Daraz.com উক্ত টাকা শাহরিয়ার আজম আকাশ এর দেয়া একটি এ্যাকাউন্টে পরিশোধ করে। এরপর তারা তাদের আগের ক্রয়কৃত ডোমেইন ব্যবহার করে একটি প্রতারণার ওয়েবসাইট ডিজাইন করে। যার ডোমেইন নেইম 2500taka.online। সেখানে তারা মাঝে মাঝেই ডোমেন নেইম পরিবর্তন করে, যাতে করে পেইজ প্রমোটিং এর সময় তার এই প্রতারণা সহজেই কেউ সনাক্ত করতে না পারে। উক্ত 2500taka.online পেইজটিতে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত করোনা পরিস্থিতিতে দরিদ্রদের মাঝে ২৫শ’ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সংশিষ্টদের প্রেরণ করা হবে এমন ঘোষণার মতো একটি মহতি উদ্যগকে ভিন্নখাতে প্রবাহিত করে প্রতারণার ফাঁদ পাতে। উক্ত প্রতারণামূলক পেইজটিতে বলা হয় করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২৫০০ টাকা বিকাশে দেওয়া হচ্ছে যার জন্য কিছু তথ্য পূরণ করতে হবে। উক্ত তথ্যের মধ্যে নাম ঠিকানা ছাড়াও বিকাশের জন্য ব্যবহৃত ফোন নম্বর এবং পিন কোড দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। তারা সার্বক্ষনিক এই কাজগুলো মনিটর করতো। উক্ত প্রতারণামূলক ওয়েবসাইটে গ্রাহক তথ্য পূরণ করার সাথে সাথেই তারা কম্পিউটারে উক্ত গ্রাহকের বিকাশ নম্বর ও পিন কোড পেয়ে যেতো। বিকাশ নম্বর ও পিন কোড পাওয়ার সাথে সাথে তারা কম্পিউটার থেকে Daraz.com এ তাদেরই সহযোগী শাহরিয়ার আজম আকাশ এর খোলা অনলাইন শপ থেকে কেনাকাটা করতো। এ সময় পিন কোড দেওয়ার পর বিকাশ ব্যবহারকারীর মোবাইলে একটি OTP যেত। এ সময় পেইজটি থেকে উক্ত গ্রাহককে ২৫০০ টাকা পেতে হলে গ্রাহকের মোবাইলে আসা OTP টি উক্ত প্রতারণামূলক পেইজের নির্ধারিত বক্সে প্রেরণ করতে বলা হতো। প্রতারণামূলক উক্ত পেইজের ওয়েবসাইটে OTP দেওয়ার সাথে সাথেই তারা OTP ব্যবহার করে Daraz.com এ তাদেরই নিজস্ব অনলাইন শপ থেকে কেনাকাটা সম্পন্ন করতো। কেনাকাটা সম্পন্ন হলে সে নির্ধারিত সময় পর Daraz.com কে পণ্য ডেলিভারী করা হয়েছে এবং তার রিসিভিং এ্যাকাউন্ট থেকে রিসিভ করা হয়েছে দেখাতো, ফলশ্রুতিতে Daraz.com তার পণ্যের মূল্য Daraz.comএর নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদের দেয়া এ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতো।

Daraz.com  বিকাশের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে বিকাশ থেকে পাঠানো OTP এর মেয়াদ সর্বোচ্চ দুই মিনিট হওয়ায় তারা অত্যান্ত দ্রুততার সাথে কেনাকাটার কাজটি সম্পন্ন করতো। গত ২/৩ মাসে এরূপ প্রতারণার ফাঁদ পেতে তারা প্রায় ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।