স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর নতুন বাজার বেড়িবাধ কাশেম গলির ইসলাম ব্যাপারীর ছেলে মো. সোহাগ ব্যাপারী (৩০), খালিশপুর উত্তর কাশিপুর রাজধানীর মোড়ের মৃত. বাচ্চু শেখ এর ছেলে মো. রানা শেখ (২৫) ও সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কমরপুর গ্রামের আক্কাস হোসেন এর ছেলে নয়ন হোসেন (১৮)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৬০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।









































