খুলনাঞ্চল ডেস্ক
যুক্তরাষ্ট্র রাশিয়ার আগ্রাসনের বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করে বিশ্বব্যবস্থা ‘ধ্বংস’ করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত।
ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান হিসেবে তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালে রাষ্ট্রদূত হওয়া ভ্যালেরি জালুঝনি বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার সঙ্গে ‘সমঝোতায়’ যাওয়ার চেষ্টা করছে এবং মস্কোর পরবর্তী লক্ষ্য ‘ইউরোপ হতে পারে’।
এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিয়েভ ও তার মিত্রদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলের বিষয়ে আলোচনার জন্য জরুরি আলোচনা শুরু করেছেন। গত সপ্তাহে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির মধ্যে এক উত্তপ্ত বৈঠকের পর থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করেছে, যা ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছিল।
মস্কোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ইউক্রেন ও ইউরোপের মিত্রদের উদ্বেগ বাড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে, কিয়েভকে রাশিয়ার পক্ষে সুবিধাজনক একটি শান্তিচুক্তি মেনে নিতে বাধ্য করাই তার লক্ষ্য।
চ্যাথাম হাউস থিংকট্যাংকের এক সম্মেলনে জালুঝনি বলেন, ‘আমরা দেখছি, শুধু রাশিয়া বা তাদের দোসররা বিশ্বব্যবস্থা বদলে দিতে চাইছে না, বরং যুক্তরাষ্ট্র এখন এটি চূড়ান্তভাবে ধ্বংস করছে।’
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনা দেখায়, হোয়াইট হাউস ‘ক্রেমলিনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছনোর চেষ্টা করছে’।
ইউক্রেনীয় রাষ্ট্রদূত বলেন, গোয়েন্দা তথ্য আদান-প্রদান স্থগিত করা এবং জাতিসংঘে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা ছিল ‘সমগ্র বিশ্বের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ’। সূত্র : এএফপি











































