স্টাফ রিপোর্টার।।
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিল খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ৫ আগস্ট গণঅভুত্থ্যানে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে খুলনার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করে। কিন্তু সেই ঐতিহাসিক ঘটনার সাত মাস না পার হতেই বৈষম্যবিরোধী ছাত্রনেতা বা সমন্বয়ক পরিচয় দিয়ে বির্তকিত পরিবেশ সৃষ্টি করছে ছাত্রনেতা নামধারী কতিপয় ব্যক্তি। জড়িয়ে পড়ছে চাঁদাবাজিসহ নানা অপকর্মে। আর এসব কথিত নেতাদের ‘মব’ সৃষ্টির ভয়ে পারত পক্ষে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। ফলে মহানগরী খুলনাসহ আশপাশ এলাকায় ব্যবসায়ী, চাকুরীজীবী, পেশাজীবী সংগঠন-প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতারা আতংকে দিন কাটাচ্ছেন। সর্বশেষ বুধবার (৫ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের গেট সংলগ্ন এলাকায় চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গেট সংলগ্ন পুরাতন আওয়ামী লীগের অফিসের (বর্তমানে বৈষম্য বিরোধীদের দখলে) মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি বনি ও মিরাজ চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়। ছাত্র প্রতিনিধিরা টাকা ভাগাভাগি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে হাতাহাতি করে বলে জানা যায়। পরবর্তীতে যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে এ ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের ৪ নেতাকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে মহানগর বৈষষ্যবিরোধী ছাত্র আন্দোলন। বহিস্কৃতরা হলেন- যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম সদস্যসচিব সৈয়েদ আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব রাকিব হাসান সুজন ও সংগঠক সাফওয়ান ইফাজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের আহ্বায়ক আল শাহরিয়ার ও সদস্যসচিব জহুরুল তানভীর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তাদের কোনো কার্যক্রমের দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর নেবে না। সংগঠনের আহ্বায়ক আল শাহরিয়ার, সদস্যসচিব জহুরুল তানভীর ও মুখপাত্র আয়মান আহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

অপরদিকে খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি করলে তাকে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। চাঁদাবাজি অভিযোগে মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব জহুরুল তানভীরকে বহিষ্কারের দাবি করেছেন তারা।
বৃহস্পতিবার (৬ মার্চ) নগরীর শিববাড়ী মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজিসহ নীতিবিরোধী কার্যক্রম আর সহ্য করা হবে না।
খুলনার সামাজিক-রাজনৈতিক জীবনে দীর্ঘদিন ধরে চলা এই অন্যায়ের বিরুদ্ধে আজ সবাই ঐক্যবদ্ধ। বক্তারা আরো বলেন, খুলনা মহানগরের সদস্যসচিব জহরুল তানভীরের নেতৃত্বে পেশিশক্তি ও হুমকি-ধমকির মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে একক আধিপত্য বিস্তারের ঘটনাগুলো খুলনাবাসীর কাছে আর গোপন নেই। এই অত্যাচার নিঃশব্দে সহ্য করার বদলে আজ সবাই মিলে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়। যেটি নিয়ন্ত্রণে সেখানে যৌথ বাহিনীর সদস্যদের যেতে হয়। রাতভর এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বৈঠক করেও সমাধান হয়নি। পরে এক গ্রুপের পক্ষ থেকে মানববন্ধন করে চাঁদাবাজির অভিযোগে জহুরুল তানভীরের বহিষ্কার দাবি করা হয়। মানববন্ধন থেকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে চার দফা দাবি করা হয়।
বিভিন্ন ব্যক্তির অভিযোগ ও খুলনাঞ্চলের অনুসন্ধানে জানাযায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে খুলনার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করে। এর কয়েকদিনের মধ্যেই কয়েকজন ছাত্রনেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ উঠতে থাকে। এসব ছাত্রনেতারা বিভিন্ন বাণিজ্যিক সংগঠন আওয়ামী দখলমুক্ত করার নামে ব্যক্তি বিশেষকে দিয়ে কমিটি গঠন, খাদ্য অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি অফিসে একই কায়দায় চাঁদাবাজি, বাণিজ্যিক সংগঠনের কমিটি পুনগর্ঠনের নামে অর্থ আদায়, মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের কাজে জড়িয়ে পড়ে। কোন কোন বাণিজ্যিক সংগঠনের কমিটি গঠনে হস্তক্ষেপ করে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয় কয়েকজন ছাত্র প্রতিনিধি নামধারীরা। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
বড় বাজার এলাকার একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি গ্রুপ ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগ এমন নতুন নতুন উপাধি আখ্যা দিয়ে মোটা অংক দাবি করে। এসবের প্রতিবাদ করাও বিপদ। কেউই গণপিটুতে মরতে চান না। তাই নিরবে তাদের সন্তুষ্ট করতে হয়। এটা এখন নতুন বিপদ হয়েছে।











































