স্টাফ রিপোর্টার ।।
বদলে যাচ্ছে ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপ লাইনের রুট। ভোলা-বরিশাল অংশ অপরিবর্তিত রেখে ভোলা-বরিশাল-ঢাকা পাইপলাইন করার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা। পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, বরিশাল-খুলনা পাইপলাইনও হবে, তবে প্রথম ধাপে ভোলা-বরিশাল-ঢাকা পাইপলাইন করার সিদ্ধান্ত হয়েছে। ভোলা-বরিশাল পাইপলাইনের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে, বরিশাল-ঢাকা পাইপলাইনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বুধবার (৫ মার্চ) ফাইল স্বাক্ষর করেছি।
এদিকে গ্যাস পাইপ লাইনের রুট পরিবর্তনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতারা।
“রুটে পরিবর্তন, ভোলার গ্যাস খুলনার বদলে আগে যাবে ঢাকায়” গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। তারা বলেন, খুলনাসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করার লক্ষ্যে ২০১২ সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত ১৬৫ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়। স্থাপন করা হয় গ্যাস ট্রান্সমিশন ল্যান্ড ফিল্ডও। এরপর এক যুগ কেটে গেলেও খুলনার কোথাও সরবরাহ করা হয়নি গ্যাস। বছরের পর বছর এ অঞ্চলের ব্যবসায়ীরা দাবি জানিয়ে আসলেও তা থেকেছে উপেক্ষিত। অতি সম্প্রতি ব্যবসায়ীরা আবারও তাদের দাবি জোরদার করলে নতুন করে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেয় সুন্দরবন গ্যাস কোম্পানি। প্রথম পর্যায়ে খুলনা বিসিক শিল্পনগরী এলাকায় সরবরাহ করার কথা এ গ্যাস। কিন্তু এরই মধ্যে ভোলা-বরিশাল অংশ অপরিবর্তিত রেখে পেট্রোবাংলা ভোলা-বরিশাল-ঢাকা পাইপলাইন করার সিদ্ধান্ত নিয়েছে যা আত্মঘাতি ও খুলনা অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সুকৌশলে ধ্বংসের নীল নকশা মাত্র।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিএনপি প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করে পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছে বরিশাল-খুলনা পাইপলাইনও হবে, তবে প্রথম ধাপে ভোলা-বরিশাল-ঢাকা পাইপলাইন করার সিদ্ধান্ত হয়েছে। খুলনা বিএনপি অবিলম্বে গৃহিত সিদ্ধান্ত পরিবর্তণ করে প্রথম ধাপে খুলনায় গ্যাস সরবরাহের দাবি জানিয়ে আরো বলেন, চলতি বছরের জুন মাসে খুলনায় গ্যাস সরবরাহের খবরে উচ্ছ্বসিত ছিলো এ অঞ্চলের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা। উৎপাদন খরচ কমার পাশাপাশি বিসিক শিল্প এলাকায় বন্ধ হওয়া প্রতিষ্ঠান খুলে যাওয়ার আশা ছিলো তাদের। যেসব প্রতিষ্ঠান গ্যাস সংযোগের জন্য আবেদন করেছে, ইতিমধ্যেই সে সকল প্রতিষ্ঠান এনওসিও সংগ্রহ করেছে। খুলনা শিল্পাঞ্চলের অনেক প্রতিষ্ঠান লোকসানের কারণে বন্ধ হয়েছে। গ্যাস সংযোগ দেয়া হলে বন্ধ প্রতিষ্ঠানগুলো আবারও চালু হবে। সেইসঙ্গে ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোও লাভের মুখ দেখবে। নতুন নতুন কর্মসংস্থান হবে। সব মিলিয়ে এ অঞ্চলের অর্থনীতিতে সম্ভাবনা বাড়বে। নেতৃবৃন্দ প্রথম ধাপে খুলনায় গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন। অন্যথায় খুলনাবাসিকে সাথে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দিয়েছেন।
বিবৃতিদারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু প্রমূখ।
ওদিকে অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে ঈদের পর কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষলা করা হবে বলে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাশার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মনিরুল ইসলাম (মাস্টার), অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, আইন সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম পান্না, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম (শিরোমনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, ক্রীড়া সম্পাদক জি এম রেজাউল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, নগর ও পরিকল্পনা সম্পাদক প্রকৌশলী সেলিমুল আজাদ, সংস্কৃতি সম্পাদক মোঃ হায়দার আলী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মনজুর হাসান অপু, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, প্রবাসী বাংলাদেশী এস এম ইকবাল হোসেন বিপ্লব, এস এম মুর্শিদুর রহমান, নির্বাহী সদস্য এ্যাড. মিনা মিজানুর রহমান, এ্যাড. শেখ আবুল কাসেম, এ্যাড. কুদরত ই খুদা, মামুন রেজা, মোঃ তরিকুল ইসলাম, আফজাল হোসেন রাজু, আসাদুজ্জামান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, এইচ এম আলাউদ্দিন, মোরশেদ উদ্দিন, সাইফুল ইসলাম পিয়াস প্রমুখ।
সূত্র বলছে, ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা নিতে গেলে ১৫০ কিলোমিটার পাইপ লাইন দরকার। বলা যায় কয়েক দশক ধরেই পাইপলাইন নিয়ে আলোচনা চলে আসছে। ১৫০ কিলোমিটার পাইপলাইনে ৭ থেকে ৮ হাজার কোটি টাকা খরচের প্রাক্কলন করা হয়। গ্যাস মজুদ বেশি না থাকলে পাইপলাইনের খরচ উঠবে কিভাবে, অর্থায়নে নিশ্চয়তা চাইবে ঋণদাতারা। ২০০৪ সালে পাইপলাইন নির্মাণে এশীয় উন্নয়ন ব্যাংক সেই গ্যারান্টি চাইলে প্রকল্প ভেস্তে যায় তখন।
বলা যায়, অর্থায়ন ইস্যু নিয়েই বিষয়টি ঝুলেছিল এতদিন। ৭ হাজার কোটি টাকার জন্য যখন পাইপলাইন আটকা, তখন এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হচ্ছে ৬৪৯ কোটি টাকা (আগস্টের দরপত্র)। যা দেশের ১ দিনের চাহিদার (৩০০০ মিলিয়ন) সমান। যার বিপরীতে কাড়িকাড়ি টাকা খরচ করা হচ্ছে এফএসআরইউ ভাড়া হিসেবে। চলতি বছরে ১১৫ কার্গো এলএনজি আমদানি করতে চায় পেট্রোবাংলা।











































