Home আলোচিত সংবাদ রড-পিলার ছাড়া নির্মিত গোয়ালবাথান মসজিদের বয়স সাড়ে ৪শ’ বছর

রড-পিলার ছাড়া নির্মিত গোয়ালবাথান মসজিদের বয়স সাড়ে ৪শ’ বছর

24


নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা সদর থেকে ৭ কিলোমিটার চালিতাতলা বাজার পার হয়ে গোয়ালবাথান গ্রাম। এরপর এক কিলোমিটা রাস্তা সোজা গিয়ে ডানদিকে গোয়ালবাথান গ্রাম। ধুড়িয়া গ্রামে যাবার পথে রাস্তার বামপাশে নীল রংয়ের ছোট একটি মসজিদ। এটাই গোয়ালবাথান মসজিদ। চারিদিকে বনজঙ্গলে ঘেরা এই মসজিদটিই জেলার সবচেয়ে পুরাতন মসজিদ। প্রায় সাড়ে ৪শ’ বছরের পুরাতন গোয়ালবাথান মসজিদ।
বিকেল গড়িয়ে আসর নামাজের ওয়াক্ত পড়েছে। মসজিদের মাইকে ভেসে উঠলো আজানের মধুর সুর। সাড়ে ৪শ’ বছর ধরে এভাবেই আজান হয়ে আসছে গোয়ালবাথান মসজিদে। আস্তে আস্তে মুসল্লিরা আসতে শুরু করেছেন নামাজের জন্য। মসজিদের সামনেই বিশাল আকৃতির পুকুর। মসজিদের গা বেয়ে নেমে গেছে সিড়ি। সেখান থেকে ওজু করে মুসল্লিরা আসরের নামাজ আদায় করলেন। মসজিদটি তৈরির সঠিক সময়কাল বলতে পারেন না এলাকার লোকেরা তবে ৪শ’ থেকে সাড়ে ৪শ’ বছরের পুরাতন বলে ধারণা স্থানীয়দের। তাদের তথ্য মতে, মোঘল আমলে মুন্সি হয়বৎউল্লাহ নামের এক বুজুর্গ ব্যক্তি কয়েকজন সঙ্গী নিয়ে জঙ্গলের মধ্যে গোয়ালবাথান গ্রামে বসতি গড়েন। তিনি কোথা থেকে এসছেন সে কথা কেউ বলতে পারে না। এই অঞ্চলে তখন গরু চরানোর কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। তিনি জঙ্গলের মধ্যে রাস্তা তৈরি করে বসতি গড়া শুরু করেন। একদিন তিনি নিজের ও সঙ্গীদের নিয়ে ঘর তৈরি করতে জঙ্গলের কয়েকটি গাছ কেটে ফেলেন। একদিন রাতে তিনি স্বপ্নে দেখেন ‘বাড়ি তৈরি না করে মসজিদ বানা’ একই স্বপ্ন তিনি পরপর তিনরাত দেখেন। এই স্বপ্নে আদিষ্ট হয়ে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। আশেপাশের পুরো এলাকায় তখন সনাতন হিন্দু ধর্মালম্বীদের বসবাস। তিনি নিজের সঙ্গী ও কয়েক কিলোমিটার দুর থেকে মুসল্লিদের ডেকে এনে তাদের থাকার ব্যবস্থা করেন এবং তাদের সহায়তায় মসজিদটি নির্মাণ করেন। একই সময়ে এলাকার মানুষের সুপেয় পানির জন্য মসজিদ সংলগ্ন বিশাল আকৃতির পুকুর খনন করা হয়।
কথিত আছে, এলাকার লোকেরা হঠাৎ গড়ে ওঠা এই মসজিদ এবং বিশাল আকৃতির পুকুর দেখে অবাক হয়ে যান। তাদের ধারণা বিশাল এই পুকুর খনন করা এবং মসজিদটি এক রাতের মধ্যেই নির্মিত হয়েছে। জ্বিন দ্বারা বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছিলো বলে এলাকায় এটিকে জ্বিনের মসজিদ নামেও ডাকা হয়। এলাকার মুসল্লিরা বিশ্বাস করেন সে সময় জ্বিনেরা এখানে নামাজ পড়তো।
৫ একর ৭০ শতক জায়গার উপর নির্মিত মসজিদটি দৈর্ঘ্যে ৫০ ফুট এবং প্রস্থে ৩৫ ফুট। ছোট ছোট ইট আর চুন সুরকীর গাথুনিতে এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, উপরে চারটি ছোট মিনার রয়েছে, আছে বজ্রপাত নিরোধক লোহার দন্ড। কোন পিলার নাই, কোন রড়ের ব্যবহার ছাড়াই মসজিদের গম্বুজটি অপূর্ব স্থাপত্য নির্মাণ শৈলী হয়ে আজো দাঁড়িয়ে আছে। এক সময়ে নড়াইলে এবং আশেপাশে কোন মসজিদ না থাকায় পায়ে হাঁটা পথে দূর থেকে হেঁটেও মুসল্লিরা শুক্রবারে জুমার নামাজ আদায় করতে আসতেন এখানে। তারা এখানে এসে খাওয়া দাওয়া করতেন এবং মুন্সি হয়বৎউল্লাহ সাহেবের আশ্রয়ে থেকে আবার চলে যেতেন। সপ্তাহের সাত দিনই নানা ধরনের কয়েকশ’ মুসাফির এর খাওয়া আর বিশ্রামের ব্যবস্থা ছিলো এখানে।
মসজিদ সংলগ্ন মুন্সি হয়বৎউল্লাহ সাহেবের বংশধরেরা বংশপরম্পায় বসবাস করছেন। সেই পরিবারের মুন্সি রহমতউল্লাহ মসজিদের ইমামতি করছেন। এখনও পুরাতন এই মসজিদে দুরদুরান্ত থেকে মুসল্লিরা নামাজ আদায় করতে আসেন।
মসজিদের ইমাম মুন্সি রহমতউল্লাহ জানান,আমার পূর্বপুরুষের গড়া এই মসজিদ। এখানে একসময় শুক্রবারে বিশাল আকারের জুম্মা নামাজ আদায় হতো। ৫০/৬০ মাইল দুর থেকে এখানে নামাজ আদায়ে আসতেন মুসল্লিরা। আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হতো, সেই বিশাল আকৃতির হামান দিস্তাসহ মসলা বাটার অনেক পুরাতন তৈজসপত্র ছোটবেলায় দেখেছি। এখানে ইমামতি করতে পেরে গর্ব অনুভব করছি।

মোঘল আমলে তৈরি আশ্চর্য হওয়ার মতো এই মসজিদে সাড়ে ৪শ’ বছর ধরে নিয়মিত ওয়াক্তের নামাজ এবং শুক্রবারে জুমার নামাজ আদায় করা হয়। অনেকে মনে করেন এটি যশোর অঞ্চলের সবচেয়ে পুরাতন মসজিদ। এখনও পুরাতন এই মসজিদে দূরদুরান্ত থেকে মুসল্লিরা নামাজ আদায় করতে আসেন।
প্রায় ২০ বছর আগে প্রত্নত্বত্ত বিভাগ মসজিদটি দেখভালের জন্য কয়েকবার পরিদর্শন করলেও তা প্রত্নত্বত্ত বিভাগের আওতায় আসেনি। স্থানীয় বাসিন্দারা মসজিদের পিছনে নিজেদের উদ্যোগে আলাদা জায়গা করে নিয়েছেন নামাজ পড়ার জন্য। প্রতিবছরই সৌদি আরব, ইরান, ভারত থেকে তাবলিগে মুসল্লিরা আসেন এখানে।
স্থানীয় বাসিন্দারা জানান, এটি খুলনা অঞ্চলের সবচেয়ে পুরাতন মসজিদ। হিন্দু-মুসলিম সবাই আমরা এই মসজিদটিকে শ্রদ্ধার সঙ্গে দেখি। এত পুরাতন মসজিদটির কোন দ্বায়িত্ব সরকার নিলো না এটাই কষ্টের ব্যাপার।
মসজিদের নিয়মিত মুসল্লি মাওলানা তাইয়েবুর রহমান জানান, আমরা জেলা পরিষদসহ বিভন্ন জায়গা থেকে চেয়ে অর্থ এনে মসজিদটি সংস্কার করছি। মসজিদে একটি ভালো বাথরুম কিংবা পানির ব্যবস্থা নাই। আমরা আশা করি এটি প্রত্মতত্ত্ব বিভাগ তাদের আওতায় নিয়ে মসজিদটি সংরক্ষণের ব্যবস্থা করবে।
প্রতিদিনই দেশ-বিদেশের নানা পর্যটক ফেসবুক-ইউটিউব দেখে মসজিদটি দেখতে আসেন। এখানে পর্যটকদের জন্য কোন ব্যবস্থা না থাকায় তারা হতাশ হয়ে ফিরে যান। স্থানীয় পর্যটক কাজী হাফিজুর রহমান জানান, ছোটবেলায় এখানে আসতে গা ছমছম করতো। তারপরও পুকুরের কালো পানিতে ওযু করেছি। ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি দেখতে এসে হতাশ হলাম। পর্যটকদের জন্য কোন বসার জায়গা নেই এমনকি ইতিহাসও সংরক্ষণ করা হয়নি।
এ বিষয়ে নড়াইলের ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, আমি শুনেছি মসজিদটির বয়স প্রায় সাড়ে ৪শ’ বছর। স্থানীয়রা এটিকে জ্বিনের তৈরিও বলে থাকেন। পুরাতান মসজিদ সংরক্ষণে আগামী মার্চে আমাদের প্রকল্প চালু হবে। ইতিমধ্যে আমরা গোয়ালবাথান মসজিদের নাম সম্পৃক্ত করেছি। আশা করছি যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হবে।