ঢাকা অফিস
অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটায় ততবেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির সুযোগ পাবে পতিত স্বৈরাচার ও তার দোসরা। সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটিই হচ্ছে আমাদের প্রস্তাব।
রোববার (২ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বিশ্ব মানবাধিকার সংস্থা, বাংলাদেশ’-এর উদ্যোগে ‘মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অন্তর্র্বতী সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন এবং সে দায়িত্ব বর্তমানে বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের ওপর (অন্তর্র্বতীকালীন সরকার) ন্যস্ত করেছে। আমরা যদিও ইনিয়ে বিনিয়ে আশ্বস্ত হয়েছি যে, তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সব কর্মকাণ্ড সাজাচ্ছেন কিন্তু সে কর্মকাণ্ডগুলো জনগণের সামনে প্রকাশিত নয়।
আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক অধ্যাপক বোরহান উদ্দীন খান। সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে ও আলী আকবর সিরাজীর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মুক্তিযোদ্ধা দলের নুরুর রহমান জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন প্রমুখ বক্তব্য দেন।











































