স্পোর্টস ডেস্ক
ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়ছে ক্রিকেটেও। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য পাকিস্তানে না গিয়ে দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে খেলছে ভারত। পাকিস্তানও প্রতিবেশী দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এর ফলে একটি সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), যেটি বিপক্ষে গেছে ভারতের।
চলতি বছরে অনুষ্ঠেয় এশিয়া কাপের খেলা হওয়ার কথা ছিল ভারতে। তবে পাকিস্তানের খেলার সুবিধার্থে (যেহেতু ভারতে যাবে না পাকিস্তান) টুর্নামেন্টটি নিরপেক্ষ কোনো ভেন্যুতে করার সিদ্ধান্ত নিয়েছে এসিসি। ভেন্যু এখনো ঠিক করা হয়নি, তবে শ্রীলংকা অথবা সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি হতে পারে বলে জানিয়েছেন এসিসি কর্মকর্তারা। তবে আয়োজক হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-ই থাকবে।
এদিকে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্বের ম্যাচের পর চলতি বছরে আরও তিনটি ম্যাচে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপেই তিন ম্যাচে মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।
সেপ্টেম্বরে এশিয়া কাপটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। ভারত ও পাকিস্তান ছাড়া টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং।
গত সংস্করণের মতো এবারও আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। চিরাচরিতভাবে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে থাকবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোর পর্বে উন্নীত হবে, শীর্ষ দুটি দল ফাইনালে উঠবে। এই ফরম্যাটের ফলে গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা নিশ্চিত। এরপর সুপার ফোর রাউন্ডে এবং সম্ভবত ফাইনালেও মুখোমুখি হতে পারে এই দুই দল।











































