স্পোর্টস ডেস্ক।।
চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শেষ হয়েছে বাংলাদেশের। আজ পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে আনুষ্ঠানিকভাবে শেষ হয় বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও এক পয়েন্ট পেয়েছে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে আজ বৃহস্পতিবার টিভি সাক্ষাৎকারে এসে টুর্নামেন্টে নিজেদের ইতিবাচকতার গল্পও শোনান নাজমুল হোসেন শান্ত।
প্রথম ম্যাচে ভারতের সামনে ২২৮ রানের লক্ষ্য দিয়ে ৬ উইকেটে হেরছে বাংলাদেম। তবে ভারতকে খেলতে হয়েছে ৪৭ ওভার। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ২৩৭ রানের লক্ষ্যে নিউজিল্যান্ডও খেলেছে ৪৭ ওভার পর্যন্ত। সেদিকে ইঙ্গিত দিয়ে শান্ত বলেন, ‘আগের দুই ম্যাচ যদি দেখেন, আমরা হয়তো হেরে গেছি। তবে যেভাবে লম্বা সময় খেলা ধরে রেখেছিলাম, খুব প্রেরণাদায়ী আমাদের জন্য। যেসব ছোট ছোট ভুল করেছি, সামনের দিনে সেসব নিয়ে যথাযথ পরিকল্পনা করব এবং ঠিকঠাক বাস্তবায়ন করব। ভালো বিষয় হলো, দুই ম্যাচেই আমরা ভালো ঘুরে দাঁড়িয়েছি এবং লম্বা সময় খেলায় ছিলাম।’
চ্যাম্পিয়নস ট্রফিতে যা একটু আলো ছড়িয়েছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন আহমেদ-নাহিদ রানারা প্রতিপক্ষের ব্যাটারদের কিছুটা হলেও চ্যালেঞ্জ জানাতে পেরেছেন। তাদেরকে প্রশংসায় ভাসিয়ে শান্ত বলেন, ‘(পেসারদের পারফরম্যান্সে) খুবই খুশি। আমরা সবসময় বোলিংয়ে ধুঁকতাম। বিশেষ করে পেস বোলিংয়ে। তবে গত কয়েক বছরে অনেক ফাস্ট বোলার উঠে এসেছে। দেশে থাকা কয়েকজন পেসারও নিজেদের কাজটা দারুণভাবে করছে। অধিনায়ক হিসেবে আমি খুব খুশি। তাসকিন, রানা যেভাবে বোলিং করছে আমি সত্যিই আনন্দিত। এছাড়া অভিজ্ঞ মুস্তাফিজও আছে।’
স্পিন আক্রমণকেও খাটো করলেন না শান্ত, ‘সব মিলিয়ে খুব ভালো বোলিং আক্রমণ। সবসময়ই আমাদের স্পিন আক্রমণ ভালো। এখন লেগ স্পিনার রিশাদ হোসেনও আছে। বোলিং খুব ভালো। আমি আশা করি তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের কাজটা ঠিকঠাক করবে এবং দলকে সেরাটা দেবে।’
টুর্নামেন্টে প্রচুর ডট বল খেলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ১৫৯টি ডট বল খেলার পর দ্বিতীয় ম্যাচে খেলেছে ১৮১টি। টিভি সাক্ষাৎকারে সঞ্চালক রামিজ রাজাও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে দেশে ফিরে কাজ করার কথা শোনালেন শান্ত।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই (সিঙ্গেলস-ডাবলস নিতে না পারা চিন্তার বিষয়)। নেটে আমাদের ভালোভাবে অনুশীলন করতে হবে। কীভাবে প্রান্ত বদলাতে পারি, ম্যাচে কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, সেসব নিয়ে চিন্তা করতে হবে। আমরা কীভাবে অনুশীলন করছি এবং ম্যাচে সেটা কতটা কাজে লাগাচ্ছি, তা গুরুত্বপূর্ণ। আশা করি, ছেলেরা বুঝতে পারবে, কী করা উচিত।’











































