নিজস্ব প্রতিনিধি।।
বাজারে সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজের দাম। এতে বিপাকে পড়েছেন মেহেরপুরের কৃষক। তাদের দাবি, কৃষি উপকরণের মূল্যবৃদ্ধিতে উৎপাদন খরচও বেড়েছে। চলতি বাজার মূল্যে পেঁয়াজ বিক্রি করলে লোকসানের শঙ্কা তাদের। পাশাপাশি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধেরও দাবি তাদের। তবে কৃষকদের দাবির প্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি বিভাগের।
মেহেরপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে সুখসাগর জাতের পেঁয়াজ চাষ। চারা বড় হওয়ায় পরিচর্যায় ব্যস্ত কৃষক। আবার, অনেকেই আগাম চাষ করায় এরই মধ্যে বাজারজাতও করেছেন।
তবে ভরা মৌসুমে বাজারে সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজের দাম। এতে বিপাকে পড়েছেন মেহেরপুরের কৃষক। তাদের দাবি, এবছর কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। চলতি বাজা মূল্যে পেঁয়াজ বিক্রি করলে লোকসানের আশঙ্কা তাদের।
কৃষকরা জানান, ঋণ করে পেঁয়াজ চাষ করলেও দাম না পাওয়ার শঙ্কায় দিন কাটছে। তাই কৃষকদের বাঁচাতে ভারত থেকে এ মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ করতে হবে।
কৃষি বিভাগ বলছে, পেঁয়াজের আমদানি বন্ধ, কোল্ড স্টোরেজ নির্মাণসহ কৃষকের সব দাবি পূরণে চেষ্টা চলছে। মেহেরপুরের কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ভরা মৌসুমে যাতে পেঁয়াজ আমদানি না হয়, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে কৃষকরা পেঁয়াজ সংরক্ষণ করে ন্যায্যমূল্য পেতে পারবে।
কৃষি বিভাগের তথ্যমতে, মেহেরপুরে চলতি মৌসুমে ৫ হাজার ৬৬ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ২২ হাজার ৯০০ মেট্রিক টন।











































