Home আঞ্চলিক খুলনায় মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ৫

খুলনায় মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ৫

6

স্টাফ রিপোর্টার।।


খুলনায় মুক্তিপণের দাবিতে অপহৃত এক শিশুকে (১০) উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ওই শিশুকে উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

এর আগে সন্ধ্যায় উপজেলার বারাকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোবাইলে গেমস খেলার কথা বলে ওই শিশুকে অপহরণ করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) খুলনার পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন: আহাদ মোল্যা (১৯), মো. আমিনুল ইসলাম ওরফে নাহিদ (১৯), বায়জীদ বোস্তামী, ফয়সাল শেখ (১৯) ও মো. হাসিব শেখ (২৪)। এ সময় গ্রেফতারদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত রোববার বিকেলে দিঘলিয়া থানাধীন হরিপদ খেলার মাঠে খেলা শেষে বাড়ি ফিরছিল ওই শিশুটি। সন্ধ্যায় পথে বেশ কয়েকজন শিশুকে বারাকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোবাইলে গেমস খেলার কথা বলে নিয়ে যায়। পরবর্তীতে তাকে স্কুলমাঠের ভিতর থেকে অপহরণ করে মোটরসাইকেলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে ওই শিশুর মায়ের মোবাইল নাম্বারে ফোন করে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরবর্তীতে থানায় বিষয়টি জানায় ভুক্তভোগীর পরিবার। ঘটনার পরপরই রাতেই শিশুকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। রোববার মধ্যরাতে বারাকপুর ইউনিয়নের আড়ুয়া ফেরিঘাট এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধারসহ অপহরণকারী আহাদ মোল্যাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারাকপুর ও আশপাশ এলাকা হতে সোমবার সকালে তার সহযোগী চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা পাঁচজনকে আসামি করে দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

দিঘলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন বলেন, ‘থানায় অভিযোগের পরপরই আমরা রাতেই অভিযান পরিচালনা করি। রাতেই মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে আমরা বাকি আসামিদের গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামিরা। আসামিদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।’