স্পোর্টস ডেস্ক।।
লেগানেসের বিপক্ষে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে আরও দুই ফুটবলারকে হারাল রিয়াল মাদ্রিদকে। তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও মিডফিল্ডার জুড বেলিংহামকে এই ম্যাচে পাওয়া যাবে না বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ডিফেন্ডার এদের মিলিতাও, দানি কারভাহাল ও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা আগে থেকেই চোটের কারণে বাইরে আছেন। আর সবশেষ গত শনিবার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। মঙ্গলবার আরেক ডিফেন্ডার ডাভিড আলাবার বাঁ পায়ে চোটের কথা জানায় রেয়াল। ১৩ মাস বাইরে থাকার পর গত মাসে মাঠে ফিরেছিলেন তিনি।
এস্পানিওলের বিপক্ষে অবশ্য পুরোটা সময়ই খেলেন এমবাপ্পে ও বেলিংহাম। তবে ওই ম্যাচে প্রতিপক্ষের বাজে ট্যাকলে মারাত্মক চোট পাওয়া থেকে বেঁচে যান এমবাপ্পে।
এদিকে আগামী শনিবার লা লিগার শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। তবে এই ম্যাচের আগে এমবাপে ও বেলিংহ্যামকে নিয়ে ঝুঁকি নিতে চান না আনচেলত্তি। বুধবার লেগানেসের বিপক্ষে তাদের না খেলানোর কথা জানান তিনি।
আনচেলত্তি বলেন, ‘বেলিংহ্যামের আঘাত লেগেছিল এবং সে মাঠে নামবে না। ভিনিসিয়াস জুনিয়রকে সেরে ওঠার জন্য বাড়তি একটি দিন দেওয়া হয়েছে, তবে আগামীকাল (বুধবার) সে মাঠে নামবে। এমবাপ্পে মঙ্গলবার অনুশীলন করেছে। তার পায়ের পেশিতে আঘাত লেগেছে। সে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে, তবে আগামীকালের (বুধবার) ম্যাচে সে খেলবে না।’











































